বাণিজ্যে বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাকাউন্টিং উইক’ কথাটা শুনে প্রথমে মনে হতে পারে হিসাববিজ্ঞানের বৈষয়িক পড়াশোনাসংক্রান্ত কোনো আয়োজন! কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদে প্রবেশ করেই বোঝা গেল, পড়াশোনার বাইরে সম্পূর্ণ ভিন্ন একটা আয়োজন এটা। গত ২৬ থেকে ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং উইক। শিক্ষার্থী-শিক্ষক সবার কাছেই বেশ প্রতীক্ষিত এই অনুষ্ঠান উদ্যাপনের আড়ম্বরে ও আয়োজনেই এর প্রমাণ পাওয়া গেল।এবারের ছয় দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, কেস কমপিটিশনসহ নানা সহশিক্ষা কার্যক্রম। উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।প্রথম দিন বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে পুরো ক্যাম্পাস উৎসবমুখর করে তোলে এই বিভাগের শিক্ষার্থীরা। শোভাযাত্রার ফাঁকে সবাইকে চমকে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ শুরু হয় ফ্ল্যাশ মব, যা যোগ করে নতুন এক মাত্রা। এ উৎসবে বড় একটা অংশজুড়ে ছিল ক্যারিয়ার ফেয়ার। বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের স্টল বসেছিল মেলায়। শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা পেতে এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কয়েকটি সেমিনারও অনুষ্ঠিত হয় অনুষদের কনফারেন্স হলে। আয়োজকদের কাছে এই মেলার উদ্দেশ্য জানতে চাইলে তাঁরাও বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার-সম্পর্কিত কিছু ধারণা দেওয়াই এর মূল উদ্দেশ্য। আয়োজনের শেষ দিনে ৩১ ডিসেম্বর টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আনন্দমুখর এই আয়োজনের।