ঘড়ির কাঁটা জানান দিল বেলা হয়েছে অনেক। এতক্ষণে ঢাকা শহরের অফিস-আদালত, বিদ্যালয়গুলো মানুষের আনাগোনায় হয়ে উঠেছে জমজমাট। ব্যস্ত সবাই। ঠাসবুনোটের ভিড় এড়িয়ে তড়িঘড়ি করে ছুটতে হলো তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একদল মেধাবী শিক্ষার্থী নিজেদের অনুষদের উন্নয়নের নানা সৃজনশীল ভাবনা নিয়ে হাজির হয়েছে এখানে। দর্শকদের অংশগ্রহণ আর প্রতিযোগীদের সাবলীল উপস্থাপনায় মেধার লড়াইয়ের এ আয়োজনটি জমে উঠতে সময় লাগেনি তেমন একটা। গত ২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো ‘প্রেজেন্টেশন হুইজ কিডস: ইন্ট্রা-এফবিএস স্নাইড মেকিং ও প্রেজেন্টেশন কম্পিটিশন’। এ প্রতিযোগিতার আয়োজক ব্যবসায় শিক্ষা অনুষদের স্পার্টান্স কমিউনিকেশন ক্লাব। বিচারকদের চুলচেরা বিশ্লেষণ শেষে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মার্কেটিং বিভাগের দল ‘রেড’।‘অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম খুব। তবে হাল ছেড়ে দিইনি। দলের অন্য দুই বন্ধুর সহযোগিতায় অনেক পরিশ্রমের পর এ অর্জন সত্যিই আনন্দের।’ বলছিলেন বিজয়ী দলের সদস্য মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রিশাদ আহমেদ। তিন সদস্যের দলটির অন্য দুই সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী ও সুগন্ধা মুবিন জানান, ‘এ ধরনের ইতিবাচক আয়োজন শিক্ষার্থীদের ভেতরে সাফল্যের ক্ষুধা তৈরি করে। তবে এ আয়োজন থেকে উঠে আসা অভিনব ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করার জন্য সবার একসঙ্গে কাজ করা উচিত।’‘বাল্টিক টাইগার্স’ ও ‘মেসিয়াহ’ নামক ফাইন্যান্স বিভাগের দুটি দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগ থেকে মোট ৫১টি দল প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নেওয়া। এর মধ্য থেকে সেরা ১০টি দলকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। এই পর্বে বিষয় ছিল ‘ব্র্যান্ডিং এফবিএস’। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) ইতিবাচক দিকগুলো কীভাবে মানুষের কাছে, বিশেষ করে ব্যবসায়ী সমাজ, করপোরেট হাউস ও সম্ভাব্য ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই ছিল এই আয়োজন। প্রতিটি দল তাদের পরিবেশনা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে আয়োজনের পুরো সময়। এফবিএসের ডিন অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশন ও কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করবে এবং তাদের আরও দক্ষ মানবসম্পদে পরিণত করবে’। ‘স্পার্টান্স’ ব্যবসায় শিক্ষা অনুষদের একমাত্র কমিউনিকেশন ক্লাব। ক্লাবটি ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতা বছরে দুবার করে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন নামকরা করপোরেট হাউস ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকেরা। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আয়োজনে প্রায় সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠানটিতে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত দর্শকদের ভালো লাগায় চিড় ধরেনি এতটুকুও। বাইরে এসে দেখলাম, রোদের তেজ বেড়েছে আরও। ২০১১ সালের সম্মানজনক সিএমও সেরা এশিয়ান বিশ্ববিদ্যালয় তালিকায় এফবিএস প্রথম স্থান অধিকার করে। এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক এমনটাই চাওয়া এখানকার শিক্ষার্থীদের। আয়োজন শেষে করিডরে মেধাবীদের পদচারণ দেখে মনে হলো তাদের চাওয়াটা অমূলক নয়। তাদের এখন জয়ধ্বনি দিয়ে নিজেদের জানান দেওয়ারই সময়। আর সেটা তারা করছে ভালোভাবেই।