বাণিজ্যে সন্ত্রাসবাদের ‘অবদান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘এক নম্বর শত্রু’ ওসামা বিন লাদেন বলেছিলেন, মার্কিনিসহ পশ্চিমীদের শান্তি হারাম করে দেবেন তিনি। মহা আতঙ্ক ছড়িয়ে কেবল মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ করা নয়, দেশগুলোর ব্যবসা-বাণিজ্যেও ধস নামাবেন তিনি। কিন্তু অন্তত একটি ব্যবসার ক্ষেত্রে লাদেনের এ হুঁশিয়ারি কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং তা হয়েছে শাপে বর। আর ব্যবসাটি হচ্ছে গোয়েন্দা সরঞ্জামের বাজার।পাকিস্তানের অ্যাবোটাবাদে ২ মে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার অভিযানে নেভি সিল কমান্ডোরা বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠান এল-৩ কমিউনিকেশনসের তৈরি যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করেন। এখন যুক্তরাষ্ট্রের অনেক বিমানবন্দরেই এল-৩ কমিউনিকেশনসের তৈরি শরীর স্ক্যান করার বিতর্কিত যন্ত্র এল-৩ প্রোভিশন মিলিমিটার ওয়েভ চেক পয়েন্ট স্ক্রিনিং সিস্টেম ব্যবহূত হচ্ছে। এমন না যে নাইন-ইলেভেনের (নিউইয়র্কে টুইন টাওয়ার হামলার দিন) আগে এল-৩ কমিউনিকেশনসের নিরাপত্তা সরঞ্জামের ব্যবসা খুব খারাপ ছিল। কিন্তু দুনিয়াকে স্তম্ভিত করে দেওয়া টুইন টাওয়ার হামলার পর থেকে শুরু সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ব্যবহারের জন্য যোগাযোগ ও নজরদারি সরঞ্জামের চাহিদা রাতারাতি বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের অন্য অনেক দেশও সামরিক-বেসামরিক প্রয়োজনে এ ধরনের সরঞ্জাম কিনছে। এসব তৈরি করে বিশেষ করে নিউইয়র্কভিত্তিক এল-৩ কমিউনিকেশনস রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। কাজেই দেখা যাচ্ছে, মার্কিন অর্থনীতিতে ধস নামানোর লক্ষ্য থাকলেও ওসামা বিন লাদেন এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। টুইন টাওয়ারের পর কয়েক বছর বিশেষ করে বিমান পরিবহন ব্যবসায় বেশ মন্দা চললেও খাতটি তা ক্রমশ সামলে নেয়। আর নিরাপত্তা ব্যবসায় হয়েছে উল্টো ফল। ২০০০ সালে এল-৩ কমিউনিকেশনস ১৯০ কোটি ডলারের যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম বিক্রি করে। চলতি বছর এসব সরঞ্জাম বিক্রির পরিমাণ এক হাজার ৬০০ কোটি ডলারে উঠতে পারে।যুক্তরাজ্যের স্মিথস গ্রুপের একটি শাখা নিরাপত্তাবিষয়ক পণ্য উৎপাদনকারী স্মিথস ডিটেকশন। তারা যাত্রীদের ব্যাগ তল্লাশির স্ক্যানার তৈরি করে। এ ছাড়া বিস্ফোরক এবং রাসায়নিক পদার্থ শনাক্ত করতেও বিশেষজ্ঞ তারা। গত বছর প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে শতকরা ১৫ ভাগ।সিমেন্স ও হানিওয়েলের মতো কোম্পানিগুলোও দারুণ ব্যবসা করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরের বড় ভবনগুলোর বাইরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ করছে এরা। শুধু শিকাগো নগরেই অন্তত ১০ হাজার নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে গোপন নিরাপত্তা ক্যামেরার সম্ভাব্য সংখ্যা এখন তিন কোটি।দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের চোখে ধুলো দিয়ে পালিয়ে থাকা লাদেনের অনুসন্ধানের জন্য চালকবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোনেরও দারুণ বাজার সৃষ্টি হয়েছে। এসব বিমান দিয়ে হামলাও চালানো যায়। প্রতিরক্ষাবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান টিল গ্রুপের মতে, চালকবিহীন বিমানের ব্যবসা চলতি বছর ৫৯০ কোটি মার্কিন ডলারে উঠবে। এর মধ্যে রয়েছে জেনারেল অ্যাটোমিকসের ‘প্রিডেটর’ ড্রোন। গত তিন বছর ধরে ড্রোন নির্মাতা অ্যারোভায়রনমেন্টের ব্যবসাও বেড়েই চলেছে। বিশেষ করে ‘প্রিডেটর’ বিমানটি পাকিস্তান ও আফগানিস্তানের দুর্গম এলাকাগুলোয় আল-কায়েদা, তালেবান ও অন্য জঙ্গি সংগঠনের নেতাদের খুঁজে বের করতে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ‘মোস্ট ওয়ান্টেড’ ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে। অনেকেই মনে করছেন, এবার নিরাপত্তা সরঞ্জামের বাজার কিছুটা পড়তির দিকে যেতে পারে। বিশ্লেষকেরা এরই মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কয়েকটি বড় প্রতিষ্ঠানের ব্যবসা কমার ইঙ্গিত দিয়েছেন। তাঁরা মজা করে বলছেন, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে এ রকম জয় (লাদেনের মৃত্যু) অব্যাহত থাকলে ব্যবসা ধরে রাখতে কোম্পানিগুলোকে এখন শান্তির সময়েও কাজ দেয় এমন পণ্য তৈরির চিন্তা করতে হবে।  মাহফুজার রহমান, টাইম সাময়িকী থেকে