নিয়মানুবর্তিতা আর আমির হোসেন যেন সমার্থক শব্দ। খাওয়া, ঘুম, গোসল তো বটেই, তিনি স্বপ্নও দেখেন নিয়ম করে। জন্মসূত্রে প্রতিবন্ধিতা সঙ্গী হয়েছে ডান হাতে। তাতে কি? বাম হাত তো বহাল। নাদিম এক হাতেই প্রমাণ করেছেন, তিনি সব্যসাচী। তিনি যেমন গাছে চড়েছেন, ক্রিকেট খেলেছেন, সাঁতার কেটেছেন নিয়ম করে, তেমনি নিয়ম করে করেছেন পড়ালেখা। আর তাই তো সাফল্যও এসেছে তাঁর জীবনে নিয়মতান্ত্রিক উপায়ে।আমির পরিচিতজনদের কাছে নাদিম নামে পরিচিত। আমির এসএসসি ও এইচএসসিতে অর্জন করেছেন জিপিএ-৫। আর ২০১০ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গ-ইউনিট থেকে মেধাতালিকায় হয়েছেন প্রথম। ভর্তি হয়েছেন ফিন্যান্স বিভাগে। এবং বলা বাহুল্য, নিয়ম মেনেই তিনি পৌঁছাতে চান জীবনের কাঙ্ক্ষিত গন্তব্যে।এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে তা-ও মাস পেরিয়ে গেল। আর কিছুদিন পরেই শুরু হবে ভর্তিযুদ্ধ। এইচএসসির পরীক্ষার্থীরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন আদাজল খেয়ে। গতবারের ভর্তিযুদ্ধের সফল সৈনিক নাদিমের জবানিতেই শোনা যাক এবারে ভর্তি হতে ইচ্ছুকদের জন্য পরামর্শ:গ-ইউনিটের পরীক্ষা হয়ে থাকে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট থেকে। এর মধ্যে ইংরেজিতে ন্যূনতম ১২ নম্বর পেতেই হয়। আর এই ১২ নম্বর তোলা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির চেয়ে কিছুটা উচ্চমানের প্রশ্ন হয়ে থাকে। আমি বলব, ইংরেজিতে একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমার নিজের কথা বলতে হলে বলব, আমি নিজে দৈনিক আট ঘণ্টার মতো পড়তাম, যার অনেকটা জুড়েই থাকত ইংরেজি।এরপরই নজর দেওয়া প্রয়োজন অ্যাকাউন্টিংয়ে। এ ক্ষেত্রে আমি অঙ্কের চেয়ে তত্ত্বের দিকেই বেশি গুরুত্ব দিতে বলব। কারণ, ২৫টি প্রশ্নের মধ্যে দেখা যায় ২০-২২টি প্রশ্ন থাকে তত্ত্বীয়। আর মাত্র ৩-৫টি প্রশ্ন থাকে অঙ্কের। বলে রাখা ভালো, শুধু তত্ত্ব মুখস্থ করলে খুব একটা কাজে আসবে না, যদি না তত্ত্বীয় বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে।ম্যানেজমেন্ট খুব সহজ একটি বিষয় বলে এটার পেছনে অনেকেই খুব কম সময় ব্যয় করে। যারা এটি করে, আমি বলব, তা খুব বুদ্ধিমানের কাজ হবে না। ম্যানেজমেন্টে যেহেতু সহজেই নম্বর তোলা যায়, এমনটা ভেবে এটাকে হেলাফেলা করা যাবে না।আর বাংলার ব্যাপারে বলব, পাঠ্যবইয়ের বিকল্প নেই। প্রতিটি গল্প-কবিতা আদ্যোপান্ত পড়া উচিত। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই-ই যথেষ্ট।এ তো গেল সিলেবাসের কথা। এর বাইরেও পরীক্ষাকেন্দ্রিক আরও কিছু বিষয় থাকে, যেগুলো কম গুরুত্বপূর্ণ নয়। ইংরেজির ক্ষেত্রে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ভোগে যে, আগে গ্রামারের উত্তর করবে নাকি কমপ্রিহেনশনের উত্তর করবে। এ ক্ষেত্রে আমি আগে গ্রামার অংশের উত্তর দেওয়ার পক্ষেই পরামর্শ দেব। কারণ, কমপ্রিহেনশন পড়তে গেলে শুরুতেই অনেকটা সময় অপচয় হয়ে যায়।আরেকটা বিষয় মনে রাখা সবচেয়ে জরুরি, তা হলো সময় জ্ঞান। মাত্র ৬০ মিনিটে ভর্তি পরীক্ষার সময়, এই সময়ের মধ্যেই ঘটাতে হয় এত দিনের প্রস্তুতির বহিঃপ্রকাশ। তাই প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে সময় ভাগ করে নেওয়া প্রয়োজন।শোনা তো হলো আমিরের পরামর্শ। এবার কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ুন প্রস্তুতির মাঠে। জীবনটা বেঁধে ফেলুন নিয়মের ঘেরাটোপে। এমনকি অনিয়মটাতেও করুন নিয়ম করে। তাহলেই দেখবেন, সাফল্য আপনারই।