বাণী কুমার চৌধুরীর সংগীতসন্ধ্যা
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গানের সুরে মুগ্ধ শ্রোতা। স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বাণী কুমার চৌধুরীর সুরের মায়াজালে যেন বন্দী সন্ধ্যা। শুরু করেন ‘আমি নইতো মহান শিল্পী’ গানটি দিয়ে। এরপর একে একে গেয়ে শোনান ‘মহান একুশ আমাদের সেরা অহংকার’, ‘ভিজে মাটি সাগর নদী’, ‘আঁকাবাঁকা নদী’, ‘এ দেশ আমার’, ‘আমার এ দেশ’, ‘পাহাড় নদী ঘেরা’ প্রভৃতি গান। ১৯ ফেব্রুয়ারি আয়োজন করা হয় গুণী এ শিল্পীর একক সংগীতসন্ধ্যার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সুজিত রায়, আবদুল মান্নান রানা, সাইফুদ্দিন মাহমুদ খান, আলমগীর আলাউদ্দিন প্রমুখ। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন শিল্পী নাজমুল আবেদীন চৌধুরী।অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ান টিম। তবলায় লিটন মিত্র, কিবোর্ডে সুজন রায়, অক্টোপ্যাডে জুয়েল সরকার, গিটারে সজল সরকার ও নিপুণ বড়ুয়া।