বাণী সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনীষীরা অনেক ধরনের বাণী দিয়ে গেছেন। সময়ের পালাবদলে অনেক বাণীই সেকেলে। তাই প্রয়োজন দেখা দিয়েছে সংশোধনের। রস+আলোর হয়ে বাণী সংশোধনের দায়িত্ব নিয়েছেন মো. মিকসেতু

মূল বাণী: নদীর এ পার কহে ছাড়িয়া নিশ্বাস,
ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতীয় বাঙালি সাহিত্যিক
সংশোধিত বাণী: রাস্তার এ পারের জ্যাম
কহে ছাড়িয়া নিশ্বাস, ও পারে ফাঁকা রাস্তা
আমার বিশ্বাস।

মূল বাণী: অধিকার ছাড়িয়া দিয়া সেই অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।
রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতীয় বাঙালি সাহিত্যিক
সংশোধিত বাণী: প্রেমিকা ছাড়িয়া দিয়া প্রেমের অধিকার ফলাইতে যাবার মতো বিড়ম্বনা আর
হয় না।

মূল বাণী: আমি বৃষ্টির মধ্যে কাঁদতে পছন্দ
করি। কারণ, কেউ আমার চোখের পানি
দেখতে পারে না।
চার্লি চ্যাপলিন
ইংরেজ অভিনয়শিল্পী
সংশোধিত বাণী: আমি বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করি। কারণ, ছাতার আড়ালে কোনো পাওনাদার আমার চেহারা দেখতে পারে না।

মূল বাণী: মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে, সেটা স্বপ্ন নয়। স্বপ্ন সেটা, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
এ পি জে আবদুল কালাম
বিজ্ঞানী ও সাবেক ভারতীয় রাষ্ট্রপতি
সংশোধিত বাণী: মানুষ লোকাল বাসে ঘুমাতে ঘুমাতে যেটা দেখে, সেটা স্বপ্ন নয়। স্বপ্ন সেই টয়োটা এলিয়ন গাড়ি, যেটা কেনার প্রত্যাশা মানুষকে লোকাল বাসে ঘুমাতে দেয় না।

মূল বাণী: বন্ধু ফেল করলে খারাপ লাগে। বন্ধু বেশি নম্বর পেয়ে ফার্স্ট হলে আরও বেশি খারাপ লাগে।
চেতন ভগত
ভারতীয় লেখক
সংশোধিত বাণী: বন্ধুর প্রেমিকা না থাকলে খারাপ লাগে। বন্ধু প্রেমিকা নিয়ে সুখে থাকলে আরও বেশি খারাপ লাগে।