বাতাবিলেবু চাষে লাভবান হচ্ছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদর বেড়েছে এক সময়কার অবহেলিত ফল বাতাবিলেবুর। পার্বত্য চট্টগ্রামে বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। প্রতিদিন ট্রাক বোঝাই করে রাঙামাটি থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাতাবিলেবু সরবরাহ করা হচ্ছে। স্থানীয় কৃষি সমপ্রসারণ বিভাগের হিসাব মতে, রাঙামাটি জেলায় বাতাবিলেবুর চাষ হয় কমপক্ষে ১৬০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন হয় ২১ টনের বেশি। বাতাবিলেবুর ইংরেজি নাম Pummelo এবং বৈজ্ঞানিক নাম Citrus grandis. এটি ভিটামিন-সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত ফল পরিচিতি ও উৎপাদন কৌশল বইয়ে বাতাবিলেবুর ঔষধি গুণ সম্পর্কে বলা হয়েছে—পাতা, ফুল ও ফলের খোসা গরম পানিতে সেদ্ধ করে পান করলে মৃগী, হাত-পা কাঁপার সমস্যা ও কাশি কমে এবং সর্দিজ্বর উপশম হয়। বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাতাবিলেবু চাষে তেমন কোনো পরিশ্রম নেই। কলম করে গাছ রোপণ করার পাঁচ-ছয় বছর পর থেকে ফলন দেয়। একটি গাছে ফল ধরেও প্রচুর।বুড়িঘাট ইউনিয়নের নানাকুরুম গ্রামের শুক্রমণি চাকমা (৭৫) জানান, তাঁদের ৪০ বছর বয়সী একটি বাতাবিলেবুর গাছ রয়েছে। গাছে এক হাজারের বেশি বাতাবিলেবু ফলে। চাষিরা জানান, গত ১০-১২ বছর ধরে ধীরে ধীরে বাতাবিলেবুর কদর বাড়ছে। রাঙামাটি থেকে ট্রাকভর্তি করে প্রতিদিন বাতাবিলেবু নিয়ে যাওয়া হচ্ছে সমতলের বিভিন্ন শহরে। বিভিন্ন ফলের দোকানে ও ফুটপাতে বাতাবিলেবু বিক্রি হচ্ছে। রাঙামাটিতে এখন আকার ভেদে বাতাবিলেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়।গত বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে বাতাবিলেবু বিক্রি করতে আসা রামহরি পাড়ার সোনালী চাকমা (৩০) জানান, তিনি একটি গাছ থেকে ৩০০টি বাতাবিলেবু এনে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন দুই হাজার টাকায়।চট্টগ্রাম থেকে আসা মৌসুমি ফল ব্যবসায়ী টিংকু বিশ্বাস (৪৬) বলেন, ‘চট্টগ্রামসহ সারা দেশে চাহিদা বাড়ায় পাহাড়ে বাতাবিলেবুর চাষ বাড়ছে। চট্টগ্রামে পাইকারি ও খুচরা হিসাবে বাতাবিলেবু বিক্রি করে বেশ লাভ হচ্ছে।’