বাতাস থেকে পানি উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণাগারে পানি তৈরি করা সম্ভব। তাই বলে বাতাস থেকেও পানি উৎপাদন? হ্যাঁ, বাস্তবেই এমনটা ঘটছে। পেরুর রাজধানী লিমার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউটেক) এবং বিজ্ঞাপনী সংস্থা মায়ো পেরু ড্রাফটএফসিবির একদল গবেষক যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছেন। গবেষকেরা ফিল্টারের মাধ্যমে বাতাসের জলীয় কণা জড়ো করে তা থেকে পানি উৎপাদন করছেন। ইউটেক কর্তৃপক্ষ বলেছে, তাদের গবেষকেরা ‘কল্পনাকে’ বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন এবং তাঁরা দেখিয়েছেন প্রকৌশল ও প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব। বিজ্ঞাপনী সংস্থাটি জানায়, বিশেষ প্রক্রিয়ায় টিনের একটি বড় বিলবোর্ডের সাহায্যে বাতাসের জলীয় কণা সংগ্রহের পর সেগুলো বিশুদ্ধ পানিতে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় এ পর্যন্ত নয় হাজার লিটার পানি উৎপাদন করা হয়েছে। প্রতিদিনের হিসাবে গড়ে ৯৬ লিটার পানি উৎপাদন করা হচ্ছে। লিমার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে পানি উৎপাদনের ব্যবস্থাটি স্থাপন করা হয়েছে। গ্রামটি প্রায় মরু এলাকা এবং সেখানে মানুষের বিশুদ্ধ পানি সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। বিবিসি।