বাতাসে বসন্তের আগমনী সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের শেষ। এরই মধ্যে যে ঝিরঝিরে হাওয়া বইছে, তাতে বসন্তের আগমনী সংগীতের রেশ।বইমেলা ঘুরে টিএসসি চত্বরে বসেছেন তাঁরা চারজন। চারদিকে কোলাহল। টিএসসিজুড়ে তারুণ্যের মেলা। চায়ের দোকান জমজমাট। পেঁয়াজু, বেগুনিও কড়াই থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। কোনোদিকে তাঁদের খেয়াল নেই। নিজেদের মধ্যে গল্পেই মশগুল। হাসিতে ভরিয়ে দিচ্ছেন চারপাশ।‘আপনাদের সঙ্গে একটু কথা বলি?’‘কী নিয়ে বলবেন?’—উত্তর দেন একজন।‘হাতে বই, মেলা থেকে ফিরলেন?’‘হ্যাঁ। বই কিনে এখন আড্ডা দিচ্ছি।’‘শিক্ষার্থী?’‘কিছুদিন আগেই শিক্ষার্থী ছিলাম। এখন কাজ করছি।’কথার ফাঁকেই জানা হয়ে যায় এঁদের নাম সাদাত, সাহানা, নীপা আর পলাশ। বেশ কিছুদিন হলো ক্যাম্পাস ছেড়েছেন, কিন্তু ঘুরে ফিরে এখানে চলে আসতেই হয়।ফাগুন আসবে অচিরেই। আসবে ভালোবাসার দিন। ভ্যালেনটাইনস ডে। ওঁদের দেখে মনে হয়, প্রতিদিনই যেন ওঁদের জন্য ভালোবাসার দিন।বলি, ‘সামনে ভালোবাসা দিবস। আপনারাই বলুন, এই দিনটি কাদের জন্য?’‘ভালোবাসা প্রেমিক-প্রেমিকার জন্য।’—বলেন সাদাত।সাহানা প্রতিবাদ করে বলেন, ‘কেন শুধু প্রেমিক-প্রেমিকার। বন্ধু, ভাই-বোন, মা-বাবা সবার জন্যই ভালোবাসা।’নীপা হেসে বলেন, ‘আমি কিন্তু একদিনের ভালোবাসার বিশ্বাসী নই। ভালোবাসা থাকতে হবে বছরের ৩৬৫ দিন।’পলাশ বলেন, ‘আমি সব সময় ভালোবাসি।’ওঠে হাসির ফোয়ারা। মনে করিয়ে দিই, সেন্ট ভালেনটাইনের কথা। মনে করিয়ে দিই খ্রিষ্টিয় ২৭০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার অপরাধে তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল। সে দিনটিকে মনে রেখেই ভালোবাসা দিবসের জন্ম।সাদাত বলেন, ‘ভালোবাসার দেশ নেই। পৃথিবীর সবখানেই ভালোবাসা একই রকম।’নীপা বলেন, ‘এই যে দেখুন, টিএসসিতে আসা তরুণ-তরুণীদের। কী অসম্ভব প্রাণশক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। ভালোবাসাহীন হলে কেউ কি মনে এতটা শক্তি পায়?’বিজ্ঞের মতো বলেন পলাশ, ‘ভালোবাসা মানুষকে প্রাণ দেয়।’আমাদের মনে পড়ে যায় ভালোবাসা নিয়ে ইংরেজিতে পড়া একটি উক্তির কথা, মানুষ পাগলের মতো ভালোবাসে, বোকার মতো নয়। বাতাসে বসন্তের আগমনী সংগীত। ওদের চারজনের দিকে তাকিয়ে ভাবতে ভালো লাগছে, ওরা বোকা নয়।