দূষিত বাতাস ও উচ্চমাত্রার শব্দের কারণে নগরের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। পুরোনো যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া বাতাসে ছড়াচ্ছে বিষ। আর বিয়েবাড়ির নানা অনুষ্ঠান, সভা-সমিতির মাইক, গাড়ির হাইড্রোলিক হর্নের শব্দদূষণে কানে পড়ছে তালা। গত এপ্রিলেও পরিবেশ অধিদপ্তরের জরিপে বায়ু ও শব্দদূষণের প্রমাণ পাওয়া যায়। বাতাস ও শব্দদূষণ রোধে পরিবেশ আইন থাকলেও এর যথোপযুক্ত প্রয়োগ নেই। যার কারণে দিন দিন পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করছে বলে মনে করছেন পরিবেশবিদেরা। দূষণের কথা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. জমির উদ্দিন বলেন, নিয়মিত বাতাস, শব্দ ও পানি পরীক্ষা করে যাচ্ছি। সব ক্ষেত্রেই দূষণের প্রমাণ মিলছে। দূষণ রোধের জন্য অধিদপ্তর থেকে এখন নিয়মিত অভিযান ছাড়াও মাঝেমধ্যে অ্যানফোর্সমেন্ট অভিযানও চলছে। চাইলে পুলিশ ও বিআরটিএও এই অভিযান করতে পারে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন শিল্প এলাকায় সহস্রাধিক কারখানা রয়েছে। কালুরঘাট, নাসিরাবাদ শিল্প এলাকা, আগ্রাবাদ, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় এসবের অবস্থান। এর মধ্যে অন্তত ২০০ কারখানা দূষণের সঙ্গে জড়িত। এসব কারখানা থেকে উচ্চমাত্রার শব্দের পাশাপাশি কালো ধোঁয়া বের হয়। এ ছাড়া পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহনও বায়ু দূষণের প্রধান কারণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের হিসাবে নগরে ও জেলাতে কাগজে-কলমে প্রায় ২৫ হাজার যানবাহন চলছে ফিটনেসবিহীন। এ প্রসঙ্গে বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, কাগজে-কলমে যা আছে তার চেয়ে আরও অনেক বেশি যানবাহন ফিটনেসবিহীন। কারণ অনেক যানবাহন রেজিস্ট্রেশন করে না। এসব যানবাহন কালো ধোঁয়া নির্গমনের পাশাপাশি হাইড্রোলিক হর্নও ব্যবহার করে।জানা গেছে, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। গত এপ্রিল মাসের পরীক্ষা থেকে জানা গেছে, নগরের বাতাস স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ পর্যন্ত বেশি দূষিত হয়েছে। এ সময় এ কে খান মোড়, সিটি গেট, জিইসি মোড়সহ বিভিন্নস্থানের বাতাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, বাতাসে এসপিএমের (সাসপেনডেন্ট পার্টিকুলেট মেটার বা এসপিএম) পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। এসপিএমের গ্রহণযোগ্য মাত্রা যেখানে প্রতি ঘনমিটারে ২০০ গ্রাম থাকার কথা, সেখানে বিআরটিসি মোড়ে সর্বোচ্চ ৩৩৮ গ্রাম, টাইগার পাস মোড়ে ৩১৪ গ্রাম, বারিক বিল্ডিংয়ে ২৬০ গ্রাম পাওয়া গেছে। এ ছাড়া আগ্রাবাদে ২৭০ গ্রাম, ষোলশহরে ৩২০ গ্রাম, জিইসি মোড়ে ৩১০ গ্রাম, সিটি গেটে ৪০০ গ্রাম ও এ কে খান মোড়ে পাওয়া গেছে প্রতি ঘনমিটারে ৩৮০ গ্রাম। বায়ু ও শব্দদূষণ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া বাতাসে বিষ ছড়াচ্ছে। বাতাসে ধূলািকণা, সীসা ও নাইট্রোজেন অতিমাত্রায় থাকলে শিশু ও বৃদ্ধদের ফুসফুস ও শ্বাসনালির সংক্রমণ দেখা দেয়। এ রকম রোগী আমাদের এখানে পাওয়া যাচ্ছে। অতিমাত্রার শব্দ মানুষের শ্রবণেন্দ্রীয় অকার্যকরের পাশাপাশি হূদেরাগের ঝুঁকিও বাড়ায়।’ বায়ু দূষণের পাশাপাশি শব্দ দূষণও হচ্ছে চট্টগ্রামে। ১৯৯৭ সালের পরিবেশ আইন অনুযায়ী সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিল্প এলাকায় শব্দের গ্রহণযোগ্য মান ৭৫ ডেসিবেল, আবাসিক এলাকায় ৫০ ডেসিবেল ও মিশ্র এলাকায় ৬০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। এপ্রিলে নগরের বিভিন্ন স্থানে শব্দ পরীক্ষা করা হয়।পরিবেশ ভবনের সামনে পাওয়া গেছে ৭৬ ডেসিবেল, ইস্পাহানি মোড়ে ৭৯ ডেসিবেল, একে খান গেটে ৮০ ডেসিবেল, পাহাড়তলী এলাকায় ৮২ ডেসিবেল ও হালিশহরে ৮০ ডেসিবেল। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আমরা শব্দ দূষণের জন্য মাঝেমধ্যে বিভিন্ন কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করি। এ ছাড়া বায়ুদূষণের জন্য যানবাহনেও অভিযান চালানো হয়।’