বাতিঘরে লেখক পাঠক আড্ডা

বাতিঘর আয়োজিত অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত বই পরিচিতি ও লেখক-পাঠক আড্ডায় লেখক-পাঠক-গ্রন্থানুরাগীরা বলেন, চট্টগ্রামের প্রকাশনা জগতের সুনাম ফিরিয়ে আনতে বাতিঘর কার্যকর ভূমিকা রাখবে
২৫ মার্চ শুক্রবার সকালে নগরীর প্রেসক্লাব ভবনে গ্রন্থবিপণি বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবি ও সাংবাদিক আবুল মোমেনের সূচনা বক্তব্যের পর মুক্ত আলোচনায় নবীন-প্রবীণ লেখকেরা গ্রন্থ প্রকাশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় নতুন লেখকদের বই প্রকাশের সমস্যা-সীমাবদ্ধতার কথা যেমন উঠে এসেছে তেমনি এসেছে মানসম্মত বই প্রকাশে লেখক-প্রকাশকের সচেতনতার প্রসঙ্গও।
বক্তারা বলেন, বই বিপণনের পাশাপাশি প্রকাশক হিসেবে বাতিঘর এ বছর উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করেছে, যা চট্টগ্রামের জন্য আনন্দের।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে কয়েকজন পাঠক বলেন, ভালো লাগা বইটির লেখকের সঙ্গে এ অনুষ্ঠানে এসে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া আনন্দদায়ক।
মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অনুপম সেন, শামসুল হোসাইন, অধ্যাপক গোলাম মুস্তাফা , কথাসাহিত্যিক হরিশংকর জলদাশ, অভীক ওসমান, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, এজাজ ইউসুফী, হাফিজ রশিদ খান, বাদল সৈয়দ, আকতার হোসাইন, কামরুল হাসান বাদল, মুহাম্মদ শামসুল হক, মানজুর মুহাম্মদ, খালেদ হামিদী, নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ। বিজ্ঞপ্তি