বাতিঘরে সুবোধ সরকারের কবিতাপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ ছিল থমথমে। আগের রাতের প্রবল বর্ষণের পর একটু জিরিয়ে নিয়ে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে ঝড়-বাদল। এ রকম বৈরী প্রকৃতি উপেক্ষা করেও ৫ অক্টোবর শুক্রবার বাতিঘরে হাজির হয়েছিলেন জনা পঞ্চাশেক কাব্য-অনুরাগী। কবি সুবোধ সরকারের একক কবিতা পাঠের আয়োজন করেছিল এই গ্রন্থবিপণি। শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের কবি সুবোধ সরকার বাংলাদেশেও পাঠকপ্রিয়তা পেয়েছেন। কবির স্বকণ্ঠে কবিতা শোনা সব সময়ই পাঠকদের জন্য বড় পাওয়া। আমরা চট্টগ্রামের কাব্যপ্রেমীদের সেই সুযোগটি করে দেওয়ার চেষ্টা করেছি।’ সুবোধের কবিতা পাঠের আগে বক্তব্য দেন শিল্পী শান্তনু বিশ্বাস। কবিতা শোনান রোকেয়া রায়। কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফারহানা আনন্দময়ী। এরপর ভরাট কণ্ঠে কবি সুবোধ সরকার প্রায় ১০টি কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন। নিজের কাব্যভাবনা সম্পর্কে বলতে গিয়ে সুবোধ সরকার বলেন, ‘অলংকারবাহুল্য থেকে মুক্তি দিয়ে কবিতাকে সহজবোধ্য করে আমি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।’ যদিও অনুষ্ঠানটি ছিল একক কবিতা পাঠের, কিন্তু শ্রোতাদের অনুরোধে স্বরচিত কবিতা পড়ে শোনান কবি জ্যোতির্ময় নন্দী, বিশ্বজিৎ চৌধুরী, আবু মুসা চৌধুরী ও জিল্লুর রহমান।