বাদ পড়লেন দুই ওয়ার্ডের হতদরিদ্র মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচিতে দুই ওয়ার্ডের হতদরিদ্র কোনো পরিবারকে চাল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, অন্য ইউনিয়নের মতো বাঘাইছড়ি ইউনিয়নেও গত ২৭ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচি আগামী পাঁচ মাস চলবে। ইতিমধ্যে পরিবেশকের মাধ্যমে হতদরিদ্র ৪১৬ পরিবারকে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু বাদ পড়ে ১ ও ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলো।
স্থানীয় লোকজনের অভিযোগ, ১ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রায় আড়াই শ হতদরিদ্র পরিবার রয়েছে। এর মধ্যে কোনো পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়নি। অথচ পাশের ২ নম্বর ওয়ার্ডের ৩০ থেকে ৪০টি পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে চাল দেওয়া হচ্ছে।
৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিভা রঞ্জন চাকমা, কামনা চাকমা ও ১ নম্বর ওয়ার্ডের জ্যোতি চাকমা বলেন, ‘আমরা দিনমজুরি করে খাই। শুনেছি ১০ টাকা দরে চাল পাওয়া যায়। পরে খবর নিয়ে দেখলাম, আমরা নাকি পাব না। মেম্বার–চেয়ারম্যানরা নাকি আমাদের নাম দেননি। আমাদের প্রতিদিন ৩০ থেকে ৩২ টাকা দরে চাল কিনে নিতে হচ্ছে।’
এ ব্যাপারে ১ নম্বর ওয়ার্ডের সদস্য সমীরণ চাকমা বলেন, ‘আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা করে দুই ওয়ার্ডকে বাদ দিয়েছি। দুর্গম এলাকায় বেশি খাদ্যসংকট চলছে, সে জন্য দুই ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে।’
জানতে চাইলে বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা বলেন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারগুলোর বসবাস সদরের কাছে। তাঁরা সদরের বাজার থেকে চাল কিনে নিতে পারে। কিন্তু দুর্গম এলাকার লোকজন খুবই খাদ্যসংকটে রয়েছেন। সে জন্য মানবিক কারণে দুই ওয়ার্ডে না দিয়ে সেখানে বেশি দেওয়া হয়েছে। ইউপি সদস্য ও কমিটির সঙ্গে পরামর্শ করে এমনটি করা হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো সুযোগ-সুবিধা এলে ওই দুই ওয়ার্ডে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচিতে যাঁরা হতদরিদ্র, তাঁদের চাল দেওয়া হচ্ছে। কোনো ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে বলে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে নিয়ম অনুযায়ী ইউনিয়নের সব ওয়ার্ডের হতদরিদ্রদের মধ্যে চাল সমভাবে বণ্টন করতে হবে।’