বাদ সাধল পরিবেশ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেটে ফেলা ছায়াবৃক্ষের কাঠ জব্দ করেছে বন বিভাগ। উপজেলা পরিষদ এখানকার ৫৬টি গাছ নিলামে বিক্রি করার পর গত ২৫ মার্চ গাছগুলো কাটা শুরু হয়েছিল। তবে যথাযথ নিয়ম অনুসরণ না করায় গাছ কাটা বন্ধ করে দিয়েছে বন বিভাগ। পাশাপাশি ছায়াবৃক্ষ কাটার বিষয়টি তদন্তের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের বন সংরক্ষককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহেদ আলী গাছ আটকের কথা স্বীকার করে গত বৃহস্পতিবার বলেন, যথাযথ নিয়ম অনুসরণ না করায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিলাম হওয়া ৫৬টি ছায়াবৃক্ষের মধ্যে ১৮ গাছ কাটা হয়েছিল। এসব গাছের ৩৩০ ফুট কাঠ আটক করেছে বন বিভাগ।
উল্লেখ্য, গত ২৫ মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছগুলো কাটা শুরু হলে প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। এরপর মন্ত্রণালয় থেকে গাছ জব্দের নির্দেশ দেওয়ার পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়।
উপজেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পরিষদ প্রাঙ্গণের ইউক্যালিপটাস, মেহগনি, শিশু, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির ৫৬টি ছায়াবৃক্ষ কাটা শুরু হয়। গাছগুলোর ছায়াতলে উপজেলা পরিষদ ও আদালতে আসা শত শত লোকজন বিশ্রাম নেন।
এ বিষয়ে ইউএনও শামসুন্নাহার বলেন, উপজেলা পরিষদের সিদ্ধান্তে গাছ কাটার জন্য একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে গাছগুলো নিলামে বিক্রি করা হয়। এতে নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি।
ডিএফও শাহেদ আলী বলেন, উপজেলা পরিষদ গাছ কাটার প্রস্তাব অনুমোদন করতে পারলেও কাটার সিদ্ধান্ত নিতে পারে না। বন বিভাগের কাছে প্রস্তাব পাঠাতে পারে। বন বিভাগ যাচাই করে অনুমতি দিলে তবে গাছ কাটা যাবে। কিন্তু উপজেলা পরিষদ সেই নিয়ম অনুসরণ করেনি।
চট্টগ্রামের বন সংরক্ষককে প্রধান করে গঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একজন অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও একজন অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য করা হয়েছে। কমিটি ছায়াবৃক্ষ কাটা নিয়ে অনিয়ম ও পরিবেশগত ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখবে।