বাদল গেছে টুটি
জামা-প্যান্ট কেনা হয়ে গেছে। কলাপাতা রঙের একটি পাঞ্জাবিও। শুধু এক জোড়া জুতা এখনো বাকি। তাই মন খারাপ নিবিড়ের। মা বলেছেন, তা-ও কিনে দেবেন। তার বন্ধু ওয়াসিতেরও সব কেনাকাটা শেষ। এখন শুধু অপেক্ষা। কিসের অপেক্ষা? আর কদিন পরই পশ্চিমের আকাশে মস্ত নীলের সাগরে নৌকার মতো একটা বাঁকা চাঁদ ভেসে উঠবে। সবাই হইচই করে উঠবে—চাঁদ দেখা গেছে, খুশির ঈদ এসে গেছে। ঈদ এলে সবচেয়ে বেশি খুশি ছোটদের। আর তা নিয়ে তাদের ভাবনার অন্তও নেই, পরিকল্পনারও শেষ নেই।সানশাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র নিটোল জানাল, ‘ঈদে তো বাড়ি যাব। ওখানে বড় উঠান। সামনে ফাঁকা রাস্তা। গাড়ি-ঘোড়ার ঝামেলা নেই। সারাদিন উঠানে আর রাস্তায় সাইকেল চালাব। আর বড়দের কাছ থেকে সালামি নেব।’একই স্কুলের ছাত্র অরজন। সে-ও যাবে গ্রামের বাড়ি। তার অভিযোগ—বাবা তাকে কিছুতেই পুকুরে নামতে দেন না। এবার নামবেই। যদি পারে, শিখে নেবে সাঁতারটাও। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঐশি বলল, ‘ঈদের আগের দিনেই বাড়ি চলে যাব। ঈদের দিন ঘরে ঘরে গিয়ে খাবার খেতে খেতেই সময় চলে যাবে। পরের দিন বাবা পার্কি সৈকতে বেড়াতে নিয়ে যাবেন।’ এর জন্য উত্তেজনার কমতি নেই তার। টিকলি পড়ে রেডিয়েন্ট স্কুলে। বাবা তাকে কথা দিয়েছেন —ঈদের দিন ফয়’স লেকে বেড়াতে নিয়ে যাবেন। ফয়’স লেকের পাশেই আছে তাদের আত্মীয়ের বাসা। সেখানে মজার মজার রান্না হবে। সবাই হই-হুল্লোড় করে সময় কাটাবে। ঈদের দিন যদি বৃষ্টি হয়—এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ফুলকির ছাত্র আবীরের। তবে সে জানাল, বৃষ্টি হলেও ক্ষতি নেই। প্রয়োজনে রেইনকোট গায়ে দিয়ে বেড়াবে। আর যদি বৃষ্টি না হয়? তাহলে তো ভারি মজা। এবার সে বাড়িতে ঘুড়ি ওড়াবেই। আবীরের কথা শুনে মনে হলো—তাই তো মেঘে মেঘে পুরো রোজার মাসটা কখন কেটে গেল। শ্রাবণ চলে গেছে। এখন তো শিউলি ফোটার দিন। আকাশে সাদা মেঘ ভেসে বেড়াবার দিন। মেঘের কোলে রোদ হেসে উঠলে মনের লাগাম ছাড়িয়ে ঘুড়ি ওড়ানোর ইচ্ছে জাগতেই পারে আবীরের মতো ক্লাস ফাইভে পড়ুয়া ছেলেদের। আবীর, ঐশি আর অরজনদের মতো সবার বাড়ি যাওয়ার অবকাশ থাকে না। তারা এই শহরেই ঈদ করবে। ঈদের সময় শহরের আদলটাই পাল্টে যায়। হাজার হাজার গাড়ির ভিড় নেই, যানজট নেই, শান্ত নির্জন শহরে ঘুরতে বেশ ভালোই লাগে। ঈদে বাড়ি যাবে না আদিবা। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী আদিবা ইবনে হোসেন জানাল, তারা কনকর্ড সি ওয়ার্ল্ডে গিয়ে বেশ মজা করবে। একটু আগে ভাগে গিয়ে চিড়িয়াখানাটাও দেখে আসবে। সহজ পাঠের তৃতীয় শ্রেণীর ছাত্রী নাজিবা মালিয়াত বলল, কোথাও যেতে না পারি, নিদেন পক্ষে পতেঙ্গা সৈকত ঘুরে আসব। এমনি করে কেউ বা কর্ণফুলীর মোহনায়, কেউ বা শিশু পার্কে গিয়ে মজা করবে।সহজ পাঠের পরিচালক সৈয়দা খুরশিদা জাহান বললেন, ‘ছোটদের আনন্দের জন্য বেশি আয়োজনের প্রয়োজন নেই। তারা এমনিতেই আনন্দ করে। আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যারা ছোটদের একটি নতুন জামাও দিতে পারে না। তাদের শিশুরা কি ঈদে আনন্দ করে না? নিশ্চয় করে। ছোটরা হাওয়ার তালে তালেও নেচে আনন্দ করতে পারে।’ তিনি বললেন, ঈদ মানে আনন্দ। হাসি খুশির ছন্দ। এই ছন্দের দোলা লাগুক সবখানে। সারা বছর না হোক অন্তত এ ঈদের দিনে এ দেশের প্রতিটি শিশুর গায়ে একটি নতুন জামা ঝলমল করে উঠুক মেঘের ফাঁকে রোদের হাসির মতো।