বাদল বরিষণে দিনগুলি মোর
১৯৭৮ সাল। স্বামীর সঙ্গে প্রথম প্রবাসে পা রাখলাম। স্বামী চিকিৎসক। সৌদি সরকারের চাকরি নিয়ে প্রবাসী হয়েছেন। আমরা যে জায়গাটায় ছিলাম, তা সৌদি আরবের জিজান শহর থেকে সড়কপথে দুই ঘণ্টার রাস্তা। অনেক উঁচু উঁচু পাহাড় পেরিয়ে ছোট্ট একটি জায়গা ‘রেস’। প্রথম দর্শনেই জায়গাটি আমার ভালো লাগল। তার কারণ, কেমন যেন এক ধরনের নীরবতা আর পাহাড়ঘেরা একটি জায়গা। মানুষগুলো ভীষণ ভালো। তাদের আন্তরিকতা আমাকে অতি সহজেই কাছে টানে।আমি যখন প্রথম পৌঁছালাম, তখন বিকেল। একটু পর আকাশ কালো করে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। আমার মনে হলো, যেন পরম মমতায় আমাকে কাছে টেনে নিল। আমাদের বাড়িটি ছিল টিনের ছাউনি দেওয়া ছোট্ট বাংলো টাইপের। প্রতিদিন বিকেল হলেই ঝুমঝুম বৃষ্টি শুরু হতো। ঘণ্টা খানেক পর যখন বৃষ্টি শেষ হতো, উঁচু উঁচু পাহাড়ের ঢাল বেয়ে পানি নামার সে কী শব্দ, যেন সব ধুয়ে-মুছে নিয়ে যাচ্ছে। তুলার মতো হালকা হালকা মেঘগুলো কী সুন্দর পাহাড়ের গায়ে গায়ে উড়ে বেড়াত! আমি অনেক সময় জানালা দিয়ে হাত বাড়িয়ে নরম মেঘগুলোকে ধরতে চেষ্টা করতাম। পুলকিত হতাম, শিহরিত হতাম। কী এক আবেশে প্রতিদিন এ সময়টার জন্যই আমি অপেক্ষা করতাম।এমন বৃষ্টির সময়ে চা নিয়ে বারান্দায় বসতাম স্বামীর পাশে। বাংলাদেশের আষাঢ়-শ্রাবণ মাসের কথা মনে পড়ত। সুদূর বাংলাদেশে মন চলে যেত। বাবার বাড়িতে আষাঢ়-শ্রাবণে এমনি অঝোর ধারায় ঝরত বৃষ্টি। আমি পাকের ঘরের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম পুকুরে বৃষ্টি পড়ার দৃশ্য। বাবা এমন বৃষ্টির দিনে হারমোনিয়াম নিয়ে বসতেন। মা মুড়ি, চিঁড়া ভাজা, নারকেল নিয়ে আসতেন। আমরা গোল হয়ে বসে বাবার গান শুনতাম। আজও কানে বাজে বাবার কণ্ঠের সেই গান, ‘আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি’। কখনো বাবা ডেকে বলতেন, ‘কই রে মা, ধর আমার সঙ্গে।’ আমিও গলা ছেড়ে গান ধরতাম।‘রেস’-এর দিনগুলো ভালোই কাটছিল। একদিন লক্ষ করলাম, ছাদের কার্নিশে দুটি কবুতর বসে বাকবাকুম, বাকবাকুম ডাকে মুখর করে তুলছে চারদিক। স্বামীকে বলে ছাদের কার্নিশে ওদের জন্য একটি খোপ তৈরি করে দিলাম। প্রতিদিন বিকেল হলেই দেখতাম, কবুতর দুটি কী সুন্দর ওদের ঘরের বারান্দায় বাকবাকুম, বাকবাকুম করে ডাকছে। আমার মনে হতো, এই নির্জন বিভুঁইয়ে ওরাও আমাদের সঙ্গী। কিছুদিন যাওয়ার পর দেখলাম, একদিন সন্ধ্যায় একটি কবুতর একা বারান্দায় কেমন মনমরা হয়ে বসে আছে। ঘরে যাচ্ছে না। সঙ্গী পাখিটি আজ নেই। আমি যথারীতি চা নিয়ে বারান্দায় স্বামীর পাশে এসে বসলাম। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। আমি বললাম, ‘দেখেছ, আজ মনে হয় ওদের মান-অভিমান হয়েছে। দেখছ না, সঙ্গীটি নেই। আর এ পাখিটিরও মন খারাপ। তাহলে ওদের ভেতরও মান-অভিমান হয়।’পরের দিনও দেখলাম সঙ্গীটি নেই। এ পাখিটিও কেমন বিষণ্নভাবে বসে থাকে। বাকবাকুম করে আর ডাকে না। আনন্দ নেই, উচ্ছ্বাস নেই। আমি আমার স্বামীকে বললাম, ‘তুমি একটু উঠে দেখো না, ওদের ঘরের ভেতরে কী হয়েছে।’ আমার দুশ্চিন্তা হতে থাকল। তিনি মই দিয়ে ওপরে উঠলেন, যা দেখলেন, তাতে আমাদের মন ভারাক্রান্ত হলো, প্রচণ্ড মর্মাহত হলাম। সঙ্গী পাখিটি ভেতরে মরে পড়ে আছে। মনে হয়, রাতে বিড়াল আক্রমণ করে একটিকে মেরে ফেলেছে। ওই দেশে বিড়ালগুলো ভয়ংকর। কেমন যেন গেছো। দেখলে ভয় লাগে। আমার ভীষণ মন খারাপ হলো। পরদিন দেখলাম, এ পাখিটিও আর আসে না। আমাদের আনন্দে শরিক হয়েছিল যে পাখি দুটো, ওরা হারিয়ে গেল। বাকবাকুম ডাকে আমাদের আনন্দে আর কেউ শরিক হয় না।এরপর যত দিন ওই বাড়িটায় ছিলাম, বৃষ্টির রূপ এমন মোহিনী হয়ে আর আমার কাছে ধরা দেয়নি। বৃষ্টির দিনের রোমান্টিকতায় আমি আর হারিয়ে যেতে পারিনি। আজও এত দিন পর সে স্মৃতি আমি ভুলতে পারিনি!নীলুফার দোহাউত্তরা, ঢাকা।