বাদল সাঁঝে ত্রিতরঙ্গের আয়োজন
ত্রিতরঙ্গের রজতজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় বাদল সাঁঝে অনুষ্ঠিত হলো মনোরম অনুষ্ঠান ‘এসো ছায়াবীথি তলে।’ দিনটি ছিল একুশে শ্রাবণ, ক্ষণ সন্ধ্যা সাতটা আর আকাশ ছিল মেঘে মেঘে ঢাকা। ঠিক গোধূলিবেলার প্রাক্কালে, ঝির ঝির ফোঁটা ফোঁটা বৃষ্টি ‘কে যেন গোলাপ পানি ছিটিয়ে দিলরে।’ সে বৃষ্টির ছটায় উপস্থিত অভ্যাগতদের গা-গতর যত না ভিজল, তার চেয়ে যেন বেশি ভিজিয়ে দিল মাদকির আবেশে সবার মন। সবার চোখেমুখে খুশির আভা, আনন্দের ঝিলিক। নানা সাজে, নানা রঙে-ঢঙে, নানান বয়সের মানুষের এ যেন এক অপূর্ব মিলনমেলা। সংগঠনের চেয়ারম্যান লিয়াকত হোসেন বড়ভূঁইয়ার সভাপতিত্বে অতিথিরা আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অতিথিরা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সংস্কৃতিকর্মী জামাল হোসেন, মোহাম্মদ আলী চৌধুরী, সুলতান উল আলম, শাহীন আক্তার, ফজল হোসেন ও আলতাফ হোসেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থের স্বাগত বক্তব্যের পর গত বছরের কার্যক্রম তুলে ধরেন শাকিল আলী আনসারী। বক্তারা বলেন, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের জন্য ত্রিতরঙ্গ একটি দৃষ্টান্ত। তাঁরা সংগঠনের সাফল্য কামনা ও সহযোগিতার আশ্বাস দেন।এরপর শুরু হয় বাদল সাঁঝের গানের অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সুরের মূর্ছনায় শ্রোতারা আবেগে আপ্লুত হয়ে ওঠেন। শিল্পীরা যেন নিজেদের উজাড় করে দিয়ে শ্রোতাদের অন্তর-মন সুরের ধারায় রাঙিয়ে দিতে প্রতিযোগিতায় মেতে ওঠেন। অনুষ্ঠানে গান করেন সাইফুদ্দিন মাহমুদ খান, আলাউদ্দিন তাহের, শাকিলা জাহান, মুনমুন অপু, বর্ণা চৌধুরী, রাজীব ভট্টাচার্য, জাহিদ আনোয়ার, নুসরাত ইয়াসমিন, ফাতেমা তুজ জোহরা প্রমুখ। গান ছাড়াও ত্রিতরঙ্গের নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন আবৃত্তি ও নাটিকা বৃক্ষের অভিশাপ। সুবর্ণা রহমানের পরিচালনায় সংগীত একাডেমির শিক্ষার্থীরা সবশেষে পরিবেশন করেন ‘এসো নীপবনে—ছায়াবীথি তলে।’ যন্ত্রশিল্পীরাও ছিলেন নিবেদিতপ্রাণ। কি-বোর্ডে জগলু, গিটার ও বেহালায় জাহিদ আনোয়ার, তবলায় দেলোয়ার ও ঢোলকে ছিলেন অনুপ। ধারা বর্ণনায় ছিলেন দিলরুবা খান।