বাদল সাঁঝের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুখীরাম রুই ও ছিদাম রুই দুই ভাই। অভাব-অনটনের সংসারে দুই ভাইয়ের দুই বউয়ের কলহ-বিবাদ লেগে থাকে দিন-রাত। জমিদারের শোষণে জর্জরিত দুখীরাম একদিন কাজ থেকে ফিরে ভাত চায় স্ত্রী রাধার কাছে। অথচ চাল না থাকায় ঘরে সেদিন রান্না হয়নি, শুরু হয় স্বামী-স্ত্রীতে বাগিবতণ্ডা। দুখীরাম খুন করে রাধাকে। এদিকে ভাইকে বাঁচাতে গিয়ে নিজের স্ত্রী চন্দরার ঘাড়ে দোষ চাপায় ছিদাম। ‘বউ গেলে বউ পাব, দাদা গেলে দাদা পাব না’ ছিদামের এ কথায় অভিমানী চন্দরা দোষ না করেও শাস্তি মাথা পেতে নেয়।
গত মঙ্গলবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ঋতুভিত্তিক নাট্যমেলার তৃতীয় দিন মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত কথক নাট্যসম্প্রদায়ের নাটক শাস্তি।
ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে ও ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় চার দিনব্যাপী ‘বাদল সাঁঝের নাটক-১৪২০’ শীর্ষক এই নাট্যমেলা শেষ হয় ৩ জুলাই। নাট্যমেলার চার দিনে চারটি নাটকের দলের পরিবেশনায় চারটি নাটক প্রদর্শিত হয়।
নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে নাট্যমেলার প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন কবি অরুণ দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। এবারের অনুষ্ঠানে ‘সুখেন্দু স্মৃতি নাট্যপদক-২০১৩’ দেওয়া হয় গীতিকার ও সুরকার আবদুল গফুর হালীকে। এরপর কবিতা আবৃত্তি করেন রণজিত রক্ষিত। সন্ধ্যা সাতটায় ছিল তির্যক নাট্যদলের পরিবেশনায় রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী। এবার ছিল এই নাটকের ১১১তম মঞ্চায়ন।
দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় মঞ্চমুকুট নাট্যসম্প্রদায় পরিবেশন করে আন্তন চেখভের নাটক বিয়ে। তৃতীয় দিন মঞ্চস্থ হয় কথক থিয়েটার পরিবেশিত নাটক শাস্তি। সমাপনী দিনে শুভ্রাসেন গুপ্তের পরিচালনায় নাচ পরিবেশন করে স্কুল অব অরিয়েন্টাল ডান্স। এরপর সন্ধ্যা সাতটায় নান্দিকারের পরিবেশনায় এস এম সোলায়মান রচিত এবং অলোক ঘোষ নির্দেশিত নাটক কোর্টমার্শাল মঞ্চস্থ হয়।