বাদলধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের জানালার পাশে বসে টিপটিপ বৃষ্টি দেখছি। ঘরের ভেতর বসে বাইরের বৃষ্টি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সাপ্তাহিক ছুটির দিন সকালে ঘুম ভেঙে বৃষ্টি দেখে অতি উৎসাহে বাইরে গিয়েছিলাম। বেশিক্ষণ থাকতে পারিনি। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস। কাঁপতে কাঁপতে ফিরে এসেছি। ঠান্ডায় শরীর কাঁপে; আর আনন্দে হূদয় কাঁপে। কানাডার এই এডমন্টন শহরে বাংলাদেশের ঝুমবৃষ্টির অভাব খুব বেশি অনুভব করি। কত দিন ঝুমবৃষ্টির সঙ্গে মেঘের ডাক শোনা হয়নি। ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। মায়ের সঙ্গে গিয়েছিলাম নানিবাড়ি। গ্রামের নাম মহিষবাথান। বগুড়া জেলা শহর থেকে খুব কাছে গ্রামটা। যেদিন বিকেলে ফেরার কথা, সেদিন দুপুর থেকে আকাশে কালো মেঘ জমতে শুরু করল, সঙ্গে মেঘের ডাক। সবাই বলছিল, সেই দিনটাও থেকে যেতে। আমারও খুব ইচ্ছা করছিল। কিন্তু মা ফিরবেনই। যা-ই হোক, বিকেলের আগেই বৃষ্টি শুরু হলো। ঝুমবৃষ্টি। জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখছিলাম। প্রকৃতির সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। টিনের চালে বৃষ্টি পড়ার সেই শব্দ এখনো চোখ বন্ধ করলে শুনতে পাই। বুয়েট-জীবনের ঘটনা। কোনো এক টার্ম ফাইনাল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা দিতে দিতে জানালা দিয়ে দেখলাম, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তখন আমি পরীক্ষার উত্তেজনায় অস্থির। বৃষ্টির সৌন্দর্য উপভোগ করার উপায় নেই। পরীক্ষা যখন শেষ হলো, তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। সিভিল বিল্ডিংয়ের নিচতলায় সবাই অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য। পরীক্ষার শেষ দিন বলে কেউ কেউ বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। আমার সঙ্গে ক্যালকুলেটর, বই-খাতা ও মুঠোফোন। কোনোটাই ভেজানো যাবে না। আবার এই বৃষ্টি উপেক্ষা করাও সম্ভব নয়। অবশেষে আমার হলের এক বন্ধুর ব্যাগে সবকিছু রেখে (যে বন্ধুটি বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে) বাইরে বের হলাম। আকাশ যেন ভেঙে পড়ছিল সেদিন। ঝুমবৃষ্টির সঙ্গে তুমুল বাতাস। ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়...’ এই টাইপের বৃষ্টি। চিরচেনা ক্যাম্পাসে এক নতুন রূপ দেখলাম।কানাডায় আসার এক মাস আগে শখ করে মিরপুর সুইমিংপুলে ভর্তি হই। আমি সাঁতার খুব ভালো জানি না, কিন্তু সাঁতার আমার খুব পছন্দের। তাই সুইমিংপুল-ই ভরসা। নির্দিষ্ট কয়েক দিনে মাত্র এক ঘণ্টার জন্য পুলে নামা যায়। এক ঘণ্টার বেশি পুলে থাকার উপায় নেই। একজন প্রশিক্ষক সব সময় ঘড়ি নিয়ে বসে থাকেন। এক দিন পুল থেকে ওঠার ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শুরু হলো। পুলের আরামদায়ক পানিতে পুরো শরীর ডুবিয়ে রেখেছি, আর তুমুল বেগে মাথার ওপর পড়ছে বৃষ্টির ঠান্ডা পানি। প্রশিক্ষকের কড়া কথা উপেক্ষা করে পুলে থেকে গেলাম আরও অনেক সময়। আমার জীবনের অনেকগুলো বিচিত্র ইচ্ছা এখনো অপূর্ণ রয়ে গেছে। এগুলোর মধ্যে একটা হলো, কোনো এক ঝুমবৃষ্টির দিনে বাংলাদেশের বড় কোনো এক নদীর তীর থেকে অনেক দূরে মাঝ-নদীতে নৌকায় বসে বৃষ্টি দেখা। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান’ কথাটা অনেক শুনেছি, কিন্তু নিজ চোখে এখনো দেখা হয়নি। মো. জিয়াউর রহমান ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা