বাদশা
টিউশনি শেষ করে আমরা সবাই জিইসি মোড়ে আসি। বেলাল ভাইয়ের দোকানের চা না খেলে আমাদের বাসায় যেতে মন বসে না। বেলাল ভাই জিইসি মোড়ের ফুটপাতে একটি ছাপরা দোকানের গর্বিত দোকানদার। বেলাল ভাইয়ের দোকানের উল্টো দিকে অভিজাত শপিং মল ‘স্যানমার ওশান সিটি’র সব রঙিন বাতি আস্তে আস্তে নিভে গিয়ে মূল ফটকটা যখন বন্ধ হয়ে আসে, আর শহরের ব্যস্ত মানুষজন মালকোঁচা মেরে ঘরের দিকে ছুটতে থাকে, আমরা তখন বেলাল ভাইকে হাঁক দিই, ‘লিকার কড়া করে একটা চা দেন তো ভাই।’ চায়ে একটা চুমুক দিয়ে আমরা দোকানের পিচ্চি কর্মচারী সুমনকে ধমক লাগাই, ‘ওই ব্যাটা, এইটা চা না চায়ের পায়জামা। একটু মালটোভা বাড়ায়া আন!’ সুমন কাপ নিয়ে ছোটে।রমজান মাস শুরু হওয়ার আগে দেখি বেলাল ভাইয়ের দোকানে নতুন একজন কর্মচারী নিয়োগ পেয়েছে। বয়স সাত-আট বছর হবে। আমি তাকে একদিন ডাক দিলাম, ‘কিরে, তোর নাম কী?’ ছেলেটা খানিকটা ভয় পেল, ‘বাদশা’।‘উরিব্বাস রে, এ তো খানদানি নাম।’ পাশ থেকে সিনিয়র কর্মচারী সুমন কথা বলে উঠল, ‘অর ভাইয়ের নাম রাজা।’ আমি পুলকিত হই, ‘বাহ্, রাজা আর বাদশা, তাহলে ওদের বাপের নাম কি সম্রাট শাজাহান?’সুমন বলে, ‘অর বাপের নাম বেলাল।’ আমি একটু অবাক হলাম। এটা বেলাল ভাইয়ের ছেলে, এত কম বয়সে কাজে লাগিয়ে দিয়েছে!রমজান মাসে বেলাল ভাইয়ের ব্যস্ততা বাড়ে। আমাদের দিকে মনোযোগ দেওয়ার সময় হয় না। মানুষ ঈদের জন্য কেনাকাটা শুরু করেছে পুরোদমে।স্যানমার সিটিতে মানুষের প্রচণ্ড ভিড়, দেখে মনে হয় মেলা বসেছে। মানুষ দুই হাতভর্তি ব্যাগ নিয়ে বের হয়ে আসে। মানুষের কেনাকাটা দেখতেও এক ধরনের আনন্দ আছে। দেশের মানুষ দিন দিন ধনী হয়ে যাচ্ছে—এটা ভেবে আমি খুব পুলক অনুভব করি।ফুয়াদ আমাকে জিজ্ঞেস করে, ‘তুই কী কী কিনেছিস?’ আমি একটু অপ্রস্তুত হই, কেনাকাটা করার চেয়ে দেখতেই আমার বেশি ভালো লাগে। ওকে বললাম, ‘গত বছরের গুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছি। ওগুলো দিয়েই এ বছর কাজ চালিয়ে দেব।’আমরা বেলাল ভাইয়ের দোকানে বসে বসে মানুষ দেখি। হাজার রকম মানুষ মার্কেটে আসে। কেউ গাড়ি নিয়ে আসে, কেউ হেঁটে হেঁটে আসে, কেউ আসে দৌড়াতে দৌড়াতে। সবাই কেনাকাটা করে চলে যায়। আর যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড যানজট লাগায়। আমরা বসে বসে যানজট দেখি আর কিছুক্ষণ পর পর বেলাল ভাইয়ের হাতে বানানো চা খাই।রাত যত গভীর হতে থাকে, মানুষের ভিড় তত বাড়তে থাকে। আমরা দুটো বেঞ্চি দখলে নিয়ে ঠাঁয় বসে থাকি। আমি, কাঞ্চন, সাইফুল, রত্ন ও জনি।চা দিতে এলে আমি বাদশাকে আটকালাম, ‘কিরে, তোকে ঈদের জামা কিনে দিয়েছে?’ বাদশা হ্যাঁসূচক মাথা নাড়ে। আমার খুব ভালো লাগে। ‘কোত্থেকে কিনে দিয়েছে?’ ও হাত উঁচু করে সামনের মার্কেটটা দেখিয়ে দেয়। আমি অবাক হলেও অসম্ভব খুশি হই। বাদশা অতশত বোঝে না। ও আর সুমন সারাক্ষণ ফুটপাতজুড়ে ‘টম অ্যান্ড জেরি’র মতো দৌড়াদৌড়ি করতে থাকে। বাদশার একটাই সমস্যা, রাত একটু গভীর হলে তাকে আর বুলডোজার দিয়েও টেনে ধরে রাখা যায় না। খালি বেঞ্চ পেলে তো ভালোই, নইলে ফুটপাতেই শুয়ে নাক ডাকাতে থাকে সে। তখন সুমনের কাজ হলো, যেকোনো মূল্যে বাদশার ঘুম ভাঙানো। ঘুমন্ত বাদশা আমার মন খারাপ করিয়ে দেয়। ইস্, এই ছেলেটার এখন মায়ের কোলে শুয়ে পরম নিশ্চিন্তে গুটিশুটি মেরে ঘুমানোর কথা ছিল।বেলাল ভাইকে জিজ্ঞেস করি, ‘এত ছোট ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে না দিয়ে এখানে নিয়ে এসেছেন কেন?’বেলাল ভাই চুপ করে থাকে, ‘অনেক্ষণ পর বলে, ‘গত বছর ঈদের সময়ও পোলা দুইডারে জামা-প্যান্ট কিইন্যা দিব বলছিলাম, পারি নাই। আমি নিজের জন্য কিনতে পারি না, সেইটা নিয়া আমার কোনো দুঃখ নাই। ছোডকাল থিকাই অভাবের মইধ্যে বড় হইছি। কিন্তু এই পোলাগুলা তো দুনিয়াতে নতুন। অভাবটারে এখনো ভালো কইরা চিনে নাই, তাই নতুন জামার জন্য কান্দাকাটি করে।’ বেলাল ভাইয়ের কণ্ঠ আমার কাছে অচেনা মনে হয়। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। বেলাল ভাই বলে যায়, রমজানের সময় বেচাকিনা এট্টু বেশি হয়। নতুন আরেকটা পোলা রাখলে তারে বেতন দিতে হইব, খরচ বাড়ব। তাই বাদশাকেই নিয়া আসছি।’আমি কী বলব বুঝতে পারি না, ‘কিন্তু বাদশা বলল, ওদের জন্য নাকি স্যানমার থেকে শার্ট-প্যান্ট কিনেছেন?’ বেলাল ভাই অপ্রকৃতিস্থের মতো হাসে, ‘রাজা-বাদশারে বইলা রাখছি এই বচ্ছর ওদের জন্য স্যানমার থিকা জামা-প্যান্ট কিইন্যা রাখছি, ঈদের দিন বাইর করমু।’আমার চোখ জ্বলজ্বল করে ওঠে, ‘কিনেছেন?’বেলাল ভাই মাথা নিচু করে রাখে, তারপর যেন অনেক দূর থেকে ভেসে আসে তাঁর কণ্ঠ, ‘না ভাইজান, মনে হয় এই বচ্ছরও পারমু না।’আমি নির্বাক দাঁড়িয়ে থাকি। কেউ একজন হাঁক দেয়, ‘বাদশা, দুধ-চিনি বাড়ায়া একটা চা আন তো?’জুয়েল দেবআইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।