আইনি জটিলতার কারণে চট্টগ্রামের বিএনপির নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার কার্যক্রম দীর্ঘদিন ধরে থমকে ছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আসামির আবেদন খারিজ করে দেন। ফলে নিম্ন আদালতে বাদীর নারাজি আবেদন শুনানিতে সব বাধা দূর হয়েছে। আট বছর আগে ২০০৩ সালের ১৩ জুলাই রাতে জামালউদ্দিনকে সন্ত্রাসীরা অপহরণ করে। এর ১১ দিন পর ২৪ জুলাই তাঁকে হত্যা করে ফটিকছড়ির গহিন জঙ্গলে লাশ পুঁতে রাখা হয়। কালা মাহবুব নামের এক আসামির বক্তব্য অনুযায়ী আজ রোববার জামালউদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী।চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম বাদ পড়ায় জামালউদ্দিনের পরিবার আদালতে নারাজি আবেদন করে। ওই সময় মারুফ উচ্চ আদালতে যান। এ কারণে নিম্ন আদালতে মামলার সব কার্যক্রম থেমে যায়।জামালউদ্দিনের কৌঁসুলি ও পারিবারিক সূত্র জানায়, গত বছরের ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মারুফ নিজামের আবেদন খারিজ করে দেন। তৎকালীন প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। ফলে নিম্ন আদালতে অভিযোগপত্রের ওপর বাদীর নারাজি শুনানি করতে সব বাধা দূর হয়েছে। প্রসঙ্গত, তদন্তকারী সংস্থা সিআইডি যে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে, তাতে মারুফ নিজামের নাম নেই। এ কারণে বাদী অধিকতর তদন্তের জন্য অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন করেছিলেন। কালা মাহবুব নামের এক আসামি মুখ খুললে জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার জট খোলে। তিনি অবশ্য ২০০৯ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কারাগারে মারা যান। এর আগে ২০০৫ সালের ২৪ আগস্ট তাঁর দেখিয়ে দেওয়া জায়গা ফটিকছড়ির ফকিরটিলার পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব। জানা গেছে, ২০০৪ সালের ১ নভেম্বর কালা মাহবুব গ্রেপ্তার হন। তিনি ২০০৫ সালের ৮ আগস্ট মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই জবানবন্দিতে তিনি ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন, যেখানে বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম ছিল। বর্তমান সরকারের আমলেও জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকায় স্থান পেয়েছে। গত বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬৬তম সভায় এই মামলার কার্যক্রম শুরু করতে তাগিদ দেওয়া হয় বলে জানা গেছে। তাই উচ্চআদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠিও দেওয়া হয়। উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ জুলাই রাতে নগরের চকবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে অপহূত হন জামালউদ্দিন। এরপর সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের কয়েক লাখ টাকাও দেওয়া হয় সন্ত্রাসীদের। কিন্তু মুক্তি পাননি জামালউদ্দিন। বরং হত্যা করে ফটিকছড়ির কাঞ্চননগরের টিলাপাড়ার পাহাড়ি এলাকায় তাঁর লাশ পুঁতে ফেলে সন্ত্রাসীরা।