বাদুড় ওড়ে দিনদুপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সার্কিট হাউসের গাছগুলো যেন শত শত বাদুড়ের আপন ঠিকানা। ছবি: এ এম এম সাইদুর রশীদ
কুমিল্লা সার্কিট হাউসের গাছগুলো যেন শত শত বাদুড়ের আপন ঠিকানা। ছবি: এ এম এম সাইদুর রশীদ

আমতলা, জামতলা, তালতলার মতো বটতলা যেমন আছে; শিউলিতলা, বকুলতলাও আছে স্থানে স্থানে। এবার ঘুরে আসা যাক ‘বাদুড়তলা’ থেকে! আক্ষরিক অর্থেই বাদুড়তলা। শত শত বাদুড় আস্তানা গেড়ে আছে বছরের পর বছর ধরে।
বাদুড়তলা কোনটা?
কুমিল্লা শহরে ‘বাদুড়তলা’ নামে একটা জায়গা আছে। তবে সেখানে ‘ব’-তে বল খুঁজে পেলেও বাদুড় পাওয়া মুশকিলই হবে। কিন্তু এই শহরেই আছে সেই জায়গা, যেখানে বাদুড়ের সত্যিকারের আস্তানা। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উল্টো দিকে কুমিল্লা সার্কিট হাউস। এই সার্কিট হাউসের গাছগুলোই শত শত বাদুড়ের আপন ঠিকানা। কড়ই, মেহগনি আর সেগুনগাছের ডালই ওদের বিশ্রামাগার। দিনভর ঝুলে থাকে গাছে আর সন্ধ্যায় পুরো আকাশ ছেয়ে ছুটে যায় খাবারের সন্ধানে।
অবাক তাকিয়ে রই
আমি ও রানা, দুই বন্ধু কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলাম ঈদগাহের পাশ দিয়ে। রিকশার টুংটাং শব্দ ছাপিয়ে অচেনা এক শব্দে মুখ তুলে তাকাই, আর তাতেই চমকে যাই। গাছের ডালে বাদুড় ঝুলছে। রাতের প্রাণী দিনের বেলায়! সংখ্যায় আবার একটি-দুটি নয়, এক শর বেশি তো হবেই। কড়ই, মেহগনি আর সেগুনগাছের সবুজ আঁচলের নিচে যেন ঝুলে আছে আয়েশ করে। কতগুলো স্থির, একেবারে নিশ্চুপ, মনে হচ্ছে অদ্ভুত সব ফল ধরে আছে গাছে। বাকিদের দুরন্তপনা চেয়ে দেখার মতো—দুই পাশে ডানা ছড়িয়ে যেন ব্যায়াম করছে, একে অন্যকে তাড়িয়ে বেড়াচ্ছে এডাল-ওডাল। দিনদুপুরে বাদুড়ের এমন কিচকিচ চিঁই চিঁইই
আর ডানা ঝাপটানোর শব্দে গা ছমছম করে ওঠে।
ওরাও নগরের বাসিন্দা
ঠিক কবে বাদুড়েরা কলোনি স্থাপন করেছে এখানে? সার্কিট হাউসের একজন কর্মী বললেন, সাত বছর ধরে তিনি এখানে কাজ করছেন। প্রথম দিন থেকেই এদের দেখে অভ্যস্ত। স্টেডিয়ামে খেলা দেখতে আসা কুমিল্লা জিলা স্কুলের সাবেক ছাত্র সিবগাত, আফজাল, জামিল ও তার বন্ধুরা বলল, ছোটবেলা থেকে তারা দিনদুপুরে এই বাদুড়ের কাণ্ডকারখানা দেখে আসছে।
এমনিতে মানুষজন এদের ঘাঁটায় না। গাছের ডালপালাও কাটা হয় না অনেক বছর। কেইবা সাহস করে! আর গাছের নিচে পাহারায় আছে দুটি কুকুর। বাদুড়ে-কুকুরে কী সন্ধি হয়ে আছে তা জানা যায় না। তবে ভেতরে ঢুকতে গেলেই কুকুর দুটি তেড়ে আসে ‘ঘেউ ঘেউ’ রবে। সবই তো বাদুড়ের পক্ষে, বিপক্ষে রাখা যায় শুধু পাতিকাকদের। রাতভর খাবার খুঁজে ক্লান্ত দেহে সকালে যে-ই ঝুলতে থাকে বাদুড়গুলো বিশ্রামের জন্য, তখনই কোথা থেকে উড়ে এসে পাতিকাক ঠোকর মেরে বসে। একটা ঠোকর মেরে মুহূর্তেই আবার উড়ে পালায়। বাদুড় তখন দিনদুপুরেই বিরক্তি নিয়ে চক্কর দিতে থাকে আকাশে। শেষে বসে অন্য কোনো ডালে।
এই ব্যাপারে পাখি ও প্রাণী বিশেষজ্ঞ শরীফ খান বলেন, কাক মূলত দুটি কারণে এদের বিরক্ত করে বেড়ায়। প্রথমত, এরা বাদুড়কে বিরক্ত করে আনন্দ পায়। দ্বিতীয়ত, এরা চায় বাদুড় তাড়াতে পারলে এরা এই বিশাল এলাকাজুড়ে স্বাধীনভাবে বাসা বেঁধে থাকতে পারবে। শুধু কাকই নয়, কাঠবিড়ালি আর বানরও থাকে এমন বিরক্ত করার নেশায়।
কাক যতই বিরক্ত করুক না কেন, বাদুড়রা তাদের কলোনি ছেড়ে সহজে যায় না। তাই তো বছরের পর বছর ধরে কুমিল্লা সার্কিট হাউসের গাছগুলোতে কেটে যাচ্ছে এই বাদুড়দের দিনমান।

রমনায় বাদুড়ের কলোিন
রমনায় বাদুড়ের কলোিন
রমনায় বাদুড়ের কলোিন: কুমিল্লায় বাদুড়দের আস্তানা নিয়ে যখন কথা হলো, তখন শরীফ খান জানালেন আরও কিছু তথ্য। তিনি বললেন, ‘বাদুড় জন্মগতভাবেই দলবদ্ধ হয়ে কলোনি গঠন করে বাস করে। দেশের প্রায় প্রতি উপজেলাতেই একটি করে বাদুড়ের কলোনি পাওয়া যাবে। ঢাকায় রমনা পার্ক ও বাসাবো কালীমন্দিরের দীঘিরপাড়ের দুটি গাছেও এদের দেখা মেলে।’
১৭ সেপ্টেম্বর দুপুরে ঢাকার রমনা পার্কে গিয়ে দেখা গেল একটি গাছে ঝুলে রয়েছে অনেক বাদুড়। সেই দলের কয়েকটি ধরা পড়েছে সুমন ইউসুফের ক্যামেরায়।