১৭ আগস্ট এবিসি রেডিওতে সরাসরি প্রচারিত প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ঢাকার শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুন। কথাবন্ধুর সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন তাঁর পেশাজীবনের নানা দিক। বলেছেন কীভাবে সফল হওয়া যাবে পেশাগত কাজে। কথাবন্ধু: আপনার পড়ালেখা থেকে শুরু করে আজ পর্যন্ত পেশাজীবনে পথচলার কথা শুনব।এ বি এম হারুন: আমি ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ’৭৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। পেশাগত জীবনের শুরুতে শিক্ষানবিশি করি। এরপর সহকারী সার্জন, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার হয়ে মধ্যপ্রাচ্যে কিছুদিন কাজ করি। দেশে এসে মনে হলো বেসরকারি খাতে কিছু করা উচিত। তখন কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া চিকিৎসা খাতে খুব বেশি সুযোগ ছিল না। এরপর পরীবাগে ছোট আকারে ১৫ শয্যার শমরিতা নার্সিংহোম চালু করি। ধীরে ধীরে উন্নতির একপর্যায়ে এটি এখন ২০০ শয্যার বেসরকারি হাসপাতাল শমরিতা। ১০০ জনেরও বেশি চিকিৎসক কাজ করেন এখানে। আমি চিকিৎসক হয়ে মানুষকে সেবা দিতে পেরে ভীষণ আনন্দিত।কথাবন্ধু: আপনি সার্জন হিসেবে কাজ করেছেন, এরপর প্রশাসনিক দিকে চলে গেছেন। সরাসরি চিকিৎসা থেকে প্রশাসনিক দিকে যাওয়ার কারণ কী?হারুন: আমি মধ্যপ্রাচ্যে সিরিয়ার সীমান্তে কাজ করেছি। সেখানে একজন মিসরীয় চিকিৎসক ও আমি কাজ চালাতাম। ওখানে চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক দিকটা দেখতাম। দেশে এসে আমি হাসপাতাল ব্যবস্থাপনায় ডিপ্লোমা ডিগ্রি নিয়ে শমরিতায় কাজ শুরু করলাম। চিকিৎসা থেকে দূরে সরে যাইনি। প্রশাসনিক দিকটা আমার হাতে রেখে বাকি চিকিৎসা কার্যক্রম ঠিকমতো চলছে কি না তা সমন্বয় করার চেষ্টা করি।কথাবন্ধু: আপনি তো একজন উদ্যোক্তা, পথচলাটা কি সব সময় মসৃণ?হারুন: প্রথম বাধাই ছিল অর্থ। এটাই আমাদের প্রধান সমস্যা ছিল। যখন একপর্যায়ে আমাদের অর্থ সমস্যা চরম পর্যায়ে, তখন আমরা শেয়ারবাজারে গিয়ে শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা জোগাড় করে এত দূর এসেছি। এ ছাড়া অবকাঠামো ও যন্ত্রপাতির সমস্যা তো ছিলই। তবু আমাদের ইচ্ছা আর আগ্রহের জোরে আমরা এত দূর এসেছি।কথাবন্ধু: অনেকেই আছেন, কোনো একটা উদ্যোগের একপর্যায়ে হতাশ হয়ে পড়েন। তাঁদের জন্য কী বলবেন?হারুন: সব কাজেই বাধা থাকবে। বাধা জয়ের কিছু কৌশল সব ক্ষেত্রেই আছে। এ ক্ষেত্রে আপনি আপনার চেয়ে অভিজ্ঞ লোকের সঙ্গে আলোচনা করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নেবেন। আমার মনে হয়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি আইনকানুন মেনে সবকিছুর সমর্থন পেলে যেকোনো বাধাই জয় করা সম্ভব।কথাবন্ধু: হাসপাতাল পরিচালনা বা ব্যবস্থাপনা নিয়ে কোনো প্রশিক্ষণ প্রয়োজন কি?হারুন: প্রশিক্ষণ তো অবশ্যই প্রয়োজন। সব জায়গাতেই ব্যবস্থাপনা আছে। সে ক্ষেত্রে হাসপাতাল ব্যবস্থাপনা এসেই যায়। পেশাদারি ছাড়া উদ্যোক্তাদের কোনো স্থান নেই। আগের মতো জোড়াতালি দিয়ে কাজ করার মতো সুযোগ নেই। ব্যবস্থাপনা অবশ্যই যথার্থ হতে হবে। একজন রোগীকে সব সেবা ঠিকমতো দিতে হবে। আর সে ক্ষেত্রে ব্যবস্থাপনা বিষয়ে আলাদা প্রশিক্ষণ তো প্রয়োজন আছেই। কথাবন্ধু: বাংলাদেশের সঙ্গে বিদেশের হাসপাতালের পার্থক্য কেমন?হারুন: আমাদের প্রতিটা হাসপাতাল ভীষণ চাপে আছে। এখানে চাহিদা অনুযায়ী শয্যা নেই। আমাদের নার্সিংয়ে কিছুটা দুর্বলতা আছে। কিন্তু পেশাগত দক্ষতার দিক থেকে আমরা পৃথিবীর যেকোনো উন্নত দেশের কাছাকাছি পৌঁছে গেছি। কথাবন্ধু: নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?হারুন: আমার মনে হয়, বাংলাদেশে ৬৪টি জেলায় প্রথমে স্যাটেলাইট ক্লিনিক করা উচিত। প্রাথমিকভাবে ১০-১৫টি রোগের ওপর চিকিৎসা দিতে স্যাটেলাইট ক্লিনিক করা উচিত। সেখানে নতুন চিকিৎসকেরা যদি যোগ দেন এবং সরকার যদি প্রস্তাব করে পাঁচ বছর কাজ করলে তাঁকে স্নাতকোত্তর প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে, তবে অনেকে এগিয়ে আসবেন। আর গ্রামে গ্রামে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। এটি কেবল পেশাই নয়, এর পাশাপাশি জনসেবাও বটে। সর্বস্তরের মানুষের কথা ভেবে এ কাজে এগিয়ে আসতে হবে।অনুলিখন: সাইফ উদ্দিন