>

জন্ম থেকেই নূরজাহান বেগমের চোখের আলো নেই। চলার সর্বক্ষণের সঙ্গী এখন দুই ছোট বোন কামরুন নাহার ও সুফিয়া আকতার। তাঁদের মধ্যে কামরুনও দৃষ্টিপ্রতিবন্ধী। ছোট বোন সুফিয়াই বড় দুই বোনের মূল সহায়ক। তিনজন মিলে গড়ে তুলেছেন ‘নকশী বাংলা’ বুটিক হাউস। শুধু তা–ই নয়, প্রতিবন্ধী ও দুস্থ নারীদের বিনা মূল্যে প্রশিক্ষণও দিচ্ছেন
জন্মের পর নূরজাহান বেগম পৃথিবীর আলো দেখেননি। অন্ধকারেই হাতড়ে বেড়িয়েছেন স্বপ্ন। ছোটবেলা থেকে এগোতে থাকেন আইনজীবী হওয়ার ইচ্ছা নিয়ে। অনেক কাঠখড় পুড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর শেষ করেন। পেয়েছিলেন বার কাউন্সিলের সনদও। কিন্তু হোঁচট খেলেন আইন পেশায় নামার আগ মুহূর্তে। দৃষ্টিহীন বলে জ্যেষ্ঠ কোনো আইনজীবীর সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেলেন না। এত দিনের লালিত স্বপ্নের ইতি। তবে তিনি দমে যাননি। কিছুদিন করেন চাকরি। শেষে হাত দেন ব্যবসায়। আর তাতেই সাফল্যের দেখা পান। শুধু তা–ই নয়, নিজের কাজ ছড়িয়ে দিচ্ছেন অন্য প্রতিবন্ধী ও দুস্থ নারীদের মধ্যেও।
বছর সাঁইত্রিশের নূরজাহান বেগমের চলার সর্বক্ষণের সঙ্গী এখন তাঁর দুই ছোট বোন কামরুন নাহার ও সুফিয়া আকতার। তাঁদের মধ্যে কামরুনও দৃষ্টিপ্রতিবন্ধী। ছোট বোন সুফিয়াই বড় দুই বোনের চোখের আলো হিসেবে কাজ করছেন। তিনজন মিলে গড়ে তুলেছেন ‘নকশী বাংলা’ বুটিক হাউস। প্রতিবন্ধী ও দুস্থ নারীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিতে গঠন করেছেন রাইট অ্যাকশন ফর ডিজঅ্যাবিলিটি (র্যাড) নামের একটি সংগঠন। এই সংগঠনের সভাপতি তৌহিদা মাহমুদ নামের একজন চক্ষু চিকিৎসক। নূরজাহান সাধারণ সম্পাদক।
গত বুধবার আকবরশাহ এলাকায় নিজের গড়া সংগঠনের কার্যালয়ে গেলে কথা হয় নূরজাহানের সঙ্গে। শোনান তাঁর জীবনের প্রতিটি বাঁকের আদ্যোপান্ত।
নোয়াখালীতে জন্ম নূরজাহানের। দেড় বছর বয়সে বাবার চাকরি সূত্রে চট্টগ্রামে আসা তাঁর। বাবা বাংলাদেশ রেলওয়েতে ছোট চাকরি করতেন। কিন্তু পাঁচ ছেলেমেয়ের সবাইকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প ছিল তাঁর। নূরজাহানদের পাঁচ ভাইবোনের মধ্যে তিনজনই দৃষ্টিশক্তিহীন। ১৯৯৫ সালে চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন নূরজাহান। এরপর ভর্তি হন নাসিরাবাদের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। তবে শ্রুতলেখকের সমস্যার কারণে পরপর দুই বছর এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি। ওই কষ্ট আজও পোড়ায় তাঁকে।
সেই দিনগুলোর কথা জানতে চাইলে মিনিট খানেকের জন্য চুপ হয়ে যান। বিষণ্ন কণ্ঠে বললেন, ‘মহিলা কলেজ বলে পরীক্ষার সময় শুধু মেয়েদের শ্রুতলেখক হওয়ার অনুমতি ছিল। এইচএসসি পরীক্ষার সময় যে শ্রুতলেখককে জোগাড় করলাম, সে একটা পরীক্ষা দিয়েই বেঁকে বসল। ফলে ওই বছর আর পরীক্ষা দেওয়া হলো না। পরের বছরও একই অবস্থা। চারটি পরীক্ষার পর আর দিতে পারলাম না। কী যে কষ্ট লেগেছিল তখন। আসলে জন্মের পর থেকে দেখেছি একজন প্রতিবন্ধীকে পদে পদে কত বাধা ঠেলে এগোতে হয়।’
এইচএসসি পাসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন নূরজাহান। স্নাতকোত্তর শেষ করেন ২০০৭ সালে। আইন পেশায় যোগ দিতে না পেরে ঢুকে পড়েন স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সেখানে তিনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতেন। কিন্তু তাতেও ঠিক যেন পুরোপুরি তৃপ্তি পাচ্ছিলেন না। ঠিক করেন চাকরি ছেড়ে নিজেই ব্যবসা দাঁড় করাবেন। প্রতিবন্ধী ও দুস্থ নারীদেরও কাজে লাগাবেন, যাতে তাঁরাও আয় করতে পারেন। তাঁর এ কাজে পাশে দাঁড়ান দুই বোন। সেলাই ও হাতের কাজে দক্ষ ছোট বোন সুফিয়া দায়িত্ব নেন প্রশিক্ষণ দেওয়ার। ২০১১ সালে সাড়ে সাত হাজার টাকার পুঁজি িনয়ে যাত্রা করে ‘নকশী বাংলা’। পরের বছর চট্টগ্রাম উইমেন চেম্বারের সদস্য হন নূরজাহান বেগম।
ব্যবসার পরিধি বাড়াতে গিয়ে আবার সেই পুরোনো সমস্যায় পড়লেন নূরজাহান। দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ঋণ দিতে আগ্রহী হচ্ছিল না কোনো ব্যাংক। অবশেষে ব্যাংক এশিয়ার কর্মকর্তা সালমা রহমানের চেষ্টায় ২০১৫ সালের শুরুতে আড়াই লাখ টাকা ঋণ পান তিনি। পরের দফায় এ বছর আরও তিন লাখ টাকা পেয়েছেন ঋণ হিসেবে। প্রতি মাসে কিস্তি পরিশোধ করছেন। সফল উদ্যোক্তা হিসেবে কিস্তি পরিশোধ করায় এবারের উইমেন চেম্বারের মেলায় নূরজাহানকে সম্মাননা দিয়েছে ব্যাংক এশিয়া। নূরজাহানের অধীনে এখন কাজ করছেন ২২ জন নারী। তাঁর প্রতিষ্ঠানের মাসে গড় বিক্রি পাঁচ লাখ টাকা।
নকশী বাংলায় সেলাইবিহীন থ্রিপিস, বিছানার চাদর, কাঁথা, ব্যাগ ইত্যাদিতে হাতের কাজ, এমব্রয়ডারি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে নানা ধরনের পোশাক। নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের দোকান ও বুটিক হাউসে সেগুলো সরবরাহ করা হয়। শিগগিরই আকবরশাহ এলাকায় একটি ফ্যাশন হাউস চালু করার ইচ্ছা নূরজাহানদের।
নূরজাহানের ছোট বোন সুফিয়া আকতার বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী হলেও আমার বোনেরা আলোকিত মানুষ। চারপাশের দুস্থ ও প্রতিবন্ধী নারীদের আলোর পথ দেখানোর জন্য কাজ করছেন।’
নকশী বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়ে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে দুস্থ কয়েকজন নারীরও। এ রকমই একজন হালিমা বেগম। দুই বছর ধরে প্রায় বেকার অবস্থায় রয়েছেন স্বামী। হাতের কাজ করে হালিমাই এখন চারজনের সংসারের খরচ জোগাচ্ছেন।
নূরজাহান বেগমের এই সংগ্রামকে অনুকরণীয় বলে মনে করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান। প্রথম আলোকে তিনি বলেন, চেষ্টা আর পরিশ্রম থাকলে কোনো প্রতিবন্ধকতাই কাউকে দমিয়ে রাখতে পারে না তার উদাহরণ নূরজাহান। আশা করি তিনি অনেকের জীবনে প্রেরণা জোগাবেন।