বাধা ডিঙিয়ে পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজের পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা খুশি। ছবি: স্বপ্ন নিয়ে
কলেজের পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা খুশি। ছবি: স্বপ্ন নিয়ে

গাছগাছালির মাঝে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি ছোট-বড় ভবন। সামনে বড় মাঠ। মাঝে শানবাঁধানো পুকুর। কুয়াশার চাদর ভেদ করে যে একটুখানি রোদ পড়েছে মাঠে, সেটুকুই গায়ে মাখছিলেন শিক্ষার্থীরা। বটগাছের নিচে বসে কেউ ফেসবুকিং করছেন, ক্রিকেট মাঠেও পাওয়া গেল কয়েকজনকে। এই হলো নীলফামারী সরকারি কলেজের এক সকালের দৃশ্য।

জেলা শহর ঘেঁষে শহরের পশ্চিম দিকে নীলফামারী স্টেডিয়ামের সামনে নীলফামারী সরকারি কলেজের অবস্থান। প্রায় ৫৯ বছরের পুরোনো এই কলেজে সমস্যার অন্ত নেই। তবু শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।

গত বুধবার সকালে ক্যাম্পাসে পা রেখেই দেখা গেল, স্কাউটের কয়েকজন সদস্য বাঁশ দিয়ে স্কাউটিংয়ের বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন। কেউ ক্লাসে যাচ্ছেন, কেউ বা ক্লাসের অপেক্ষায় আছেন। কথা বলে জানা গেল, নানা সমস্যা থাকলেও কলেজের পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা খুশি। এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। রাজনৈতিক হট্টগোল তেমন নেই। তাই নির্ধারিত ছুটি ছাড়া কলেজ বন্ধ থাকে না এক দিনও।

৫৫ কিলোমিটার দূরের রংপুর সদর উপজেলা থেকে নীলফামারী সরকারি কলেজে পড়তে এসেছেন খায়রুল ইসলাম। কলেজের ছাত্রাবাসে থেকে পড়ছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে। তিনি বলেন, ‘উদ্ভিদবিদ্যায় উত্তরাঞ্চলে নীলফামারী কলেজের সুনাম আছে। এ কারণে পড়তে এসেছি এখানে। আমার স্বপ্ন লেখাপড়া শেষে সরকারের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হব।’

খায়রুলের সহপাঠী মারুফুজ্জামান ও আক্কাস আলী অবশ্য সমস্যাগুলোর কথাও বললেন। সৈয়দপুর উপজেলা শহর থেকে প্রতিদিন তাঁরা কলেজে আসেন। বলছিলেন, ‘নিজস্ব পরিবহনব্যবস্থা না থাকায় আমাদের আসা-যাওয়ায় বেশ সমস্যা হয়। শিক্ষার্থীদের আবাসনসংকট, শিক্ষকসংকটও আছে।’ এদিকে পঞ্চগড়ের কালীগঞ্জ গ্রামের সামিউল ইসলাম মেসে থেকে কলেজে পড়ছেন। বলছিলেন, ‘নীলফামারীর মানুষ আমাদের নানাভাবে সহযোগিতা করেন, এই ব্যাপারটা খুব ভালো লাগে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের নিয়মিত ক্লাসের অংশ হিসেবে শৈবাল সংগ্রহ করতে গিয়েছিলেন শিক্ষার্থীরা
উদ্ভিদবিজ্ঞান বিভাগের নিয়মিত ক্লাসের অংশ হিসেবে শৈবাল সংগ্রহ করতে গিয়েছিলেন শিক্ষার্থীরা

অর্থনীতি বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র, ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ি গ্রামের আরিফুল ইসলাম শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে পড়তে এসেছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষক-শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই এই কলেজের শক্তি। ইতিহাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিপা আক্তার, কাকলী আক্তার, নুরন্নবী, আলিফা আক্তারসহ কয়েকজনের সঙ্গে কথা হলো। আলিফা বলেন, ‘সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের মতো অনেক গুণীজন এই কলেজের ছাত্র ছিলেন। এখানে পড়তে পেরে আমি গর্বিত।’

দেবী প্রসাদ রায়
দেবী প্রসাদ রায়
সীমাবদ্ধতা নিয়েই স্বপ্ন দেখছি
দেবী প্রসাদ রায়
অধ্যক্ষ
নীলফামারী সরকারি কলেজ
আমাদের কলেজের পরিবেশ শিক্ষাবান্ধব। এখানে রাজনৈতিক সহিংসতা নেই। শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সমস্যা আছে। শিক্ষকের পদ ৮১টি, কর্মরত আছেন ৬০ জন। কলেজের ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য তিনটি বাস প্রয়োজন। এত সব সীমাবদ্ধতা নিয়েই আমরা স্বপ্ন দেখছি। দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন—এমন অনেক ব্যক্তি এই কলেজে লেখাপড়া করেছেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই কলেজের ছাত্র সংসদের জিএস ছিলেন। তাঁর সহযোগিতায় গত ১০ থেকে ১২ বছরে কলেজের অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগে ঢুঁ মেরে জানা গেল, কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে শৈবাল সংগ্রহ করতে গেছেন বিভাগের প্রভাষক মো. অহিদুল হক। কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার এলাকার একটি লেকের পাশে পাওয়া গেল তাঁদের। হাঁটুপানিতে নেমে শৈবাল সংগ্রহ করছিলেন কয়েকজন শিক্ষার্থী। অহিদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের অংশ হিসেবেই এভাবে মাঠে আসতে হয়।’

নীলফামারী সরকারি কলেজে ১৪টি বিষয়ে স্নাতক ও ১২টি বিষয়ে স্নাতকোত্তর চালু আছে। আরও দুটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর জন্য আবেদন করা হয়েছে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থী এখানে পড়ছেন, অথচ কলেজের কোনো নিজস্ব পরিবহনব্যবস্থা নেই। আগে এই কলেজকে কেন্দ্র করে কলেজ স্টেশন করা হলেও এখন কলেজ ট্রেনও নেই। এমনকি কোনো ট্রেন এখানে থামেও না। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। এদিকে কলেজের লাইব্রেরিয়ানের পদটি খালি থাকলেও লাইব্রেরিতে আছে ১২ হাজারের বেশি বই।

১৯৫৮ সালের ১৬ মে ২ দশমিক ৭৮ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজের জমির পরিমাণ ২৩ দশমিক ১৫ একর। ১৯৭৯ সালের ৭ মে কলেজটি জাতীয়করণ করা হয়।

কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কাদের জানালেন, এই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে প্রতিবছর অনেক ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবদুর রাজ্জাক বললেন, ‘১৯৯০ সালে নীলফামারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। নিজ কলেজের শিক্ষক হিসেবে ফিরে আসতে পেরেছি বলে গর্ববোধ করি।’