বাবা স্কুলের গণ্ডি পেরিয়েছেন কি না জানা নেই আবুল বাশা খন্দকারের। কিন্তু ফেনী জেলা প্রশাসকের দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবার স্বপ্নটা ছিল অনেক বড়—তাঁর সন্তানেরা অনেক বড় মানুষ হবে।যে বছর গোটা কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৩৮ শতাংশ, সেবার অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্কে মেতেছিলেন বাশারের বাবা। তাঁর চ্যালেঞ্জ ছিল, সারা বাংলাদেশে যদি একজনও পাস করে, সে হবে বাশারই। ফল না শুনেই বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিলেন। তাই এইচএসসিতে ৩.২০ পেয়ে ভেঙে পড়েছিলেন আবুল বাশার খন্দকার। বুকের ভেতরটা কাঁপছিল। বাবার স্বপ্ন পূরণ হবে কী করে! তারপর বাবার ‘একজন পাস করলেও সে হবে বাশারই’ কথাটি পাথেয় করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সম্মান শ্রেণীতে। বিভাগ উদ্ভিদবিজ্ঞান। এইচএসসিতে ভালো ফল না করার অন্যতম কারণ সময়মতো পাঠ্যবই কিনতে না পারা। কিন্তু এবার কী হবে! তাই আর ঝুঁকি না নিয়ে টিউশনি শুরু করলেন। টিউশনি করে নিজের ও ছোট বোনের পড়ার খরচ চালাতেন বাশার। মাঝেমধ্যে কিছু টাকা বাড়িতেও পাঠাতেন।ওই সময়ের কথা বর্ণনা করতে গিয়ে বাশার বলেন, ‘ভালো ফল করার ইচ্ছা। কিন্তু ভাবতাম, যখন বন্ধুরা পড়ালেখা করছে, তখন আমি টিউশনি করছি। খুব নিঃস্ব মনে হতো নিজেকে। অনেক দিন চোখে জল এসে যেত।’ খানিকটা থেমে আবার বলেন, ‘তবু প্রতিদিন তিন-চার ঘণ্টা পড়তাম। প্রথম বর্ষে প্রথম হয়ে আরও বেশি উদ্বুদ্ধ হই। কিন্তু শেষ পর্যন্ত সারা দেশে প্রথম হতে পারিনি তাতে দুঃখ নেই। দ্বিতীয় তো হয়েছি। প্রথম শ্রেণী পাওয়াই বা কম কিসে।’ বললেন আবুল বাশার খন্দকার। কলেজের উদ্ভিদবিজ্ঞানের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘বাশারের ফলাফলে আমি খুব আনন্দিত। ক্লাসে সব সময় ওকে খুব আগ্রহী আর মনোযোগী দেখেছি। আশা করছি, মাস্টার্সেও খুব ভালো করবে।’ভালো ফল অর্জনের কারণ শিক্ষকদের সহায়তা, বন্ধুদের উৎসাহ আর নিয়মিত পড়াশোনার অভ্যাস। বাশার স্বপ্ন দেখেন, ভিক্টোরিয়া থেকে মাস্টার্স শেষ করে ভালো একটা চাকরি করবেন। তবে কাজ যা-ই হোক, মানুষ হিসেবে তাঁকে অনেক বড় হতে হবে। বাশারের স্বপ্নবান বাবার একমাত্র চাওয়া যে এটাই।