
সকালে সূর্য তখনো ওঠেনি। চারদিকে কুয়াশা। খুব কাছ থেকে চলে যাওয়া ট্রেনের কু ঝিক ঝিক শব্দের রেশ বাতাসে ভাসছে। এমন আবহে দূর থেকে শোনা গেল কোরাস কণ্ঠে আরবি পড়ার সুর।
রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদ্রাসায়। বেশ পুরোনো এক ভবনের মধ্যে গড়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কৃতী শিক্ষার্থীরা ২০১৪ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১৩তম স্থান লাভ করেছে। এই মাদ্রাসা রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট পরিচালনা করছে। এ বছরের আলিম পরীক্ষায় এই মাদ্রাসার ৫২ জন ছাত্রী অংশ নেয়, যাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫ অর্জন করে। দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩৭ জন, যাদের মধ্যে পাঁচজন জিপিএ-৫ লাভ করে। এ ছাড়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় অংশ নিয়ে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।
এ+ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা হলো কামরুন্নাহার, সাদিয়া হালিমা, তানিয়া, মাহমুদা, নাছিমা ও তাহমিনা। ময়মনসিংহের মেয়ে মাহমুদা স্বপ্ন দেখে বড় হয়ে ব্যাংকার হবে। নবম শ্রেণি পড়ুয়া ও জেডিসি পরীক্ষায় এ+ পাওয়া নাছিমা স্বপ্ন দেখে নার্স হবে বড় হয়ে। মাদ্রাসায় শুধু পড়াশোনাই নয়, কিরাত, আরবি বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইংরেজি বক্তৃতার ওপর নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ তাজুল আলম বলেন, ‘এই মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের কথা চিন্তা করেই তাদের কম্পিউটার ও ইংরেজি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সবার জন্য মানসম্মত খাদ্য আর আবাসনসুবিধা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে নয় শর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের মধ্যে ৬০০ জন আবাসিক শিক্ষার্থী। এই বিশাল আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও খাদ্যের মান নিশ্চিত করা বেশ কঠিন ক্ষুদ্র অনুদানে পরিচালিত মাদ্রাসাটির জন্য।
অধ্যক্ষ তাজুল আলম মাদ্রাসার কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘মাদ্রাসাটির অবকাঠামোগত সমস্যা অনেক দিনের। স্বল্প পরিসরে শিক্ষার্থীদের পড়াশোনা আর থাকা-খাওয়ার মান সব সময় নিশ্চিত করা বেশ কঠিন কাজ। সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় মাদ্রাসার ছাত্রীরা দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষতালিকায় থাকে। নারীশিক্ষার উন্নয়নের জন্য বিত্তবানেরা মাদ্রাসার ছাত্রীদের সহায়তা ও আর্থিক অনুদান দিলে শিক্ষার্থীরা আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে।’
মাদ্রাসায় সহায়তা ও অনুদান পাঠানোর জন্য যোগাযোগ: ০১৫৫২৩০৫৯৬২।