বাধ্যতামূলক কাউন্টার সার্ভিস ১৪ জুলাই থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় দেড় হাজার যাত্রীবাহী বাস ও হিউম্যান হলারকে ১৪ জুলাই থেকে বাধ্যতামূলক কাউন্টার সার্ভিসের আওতায় আনা হচ্ছে। এ জন্য প্রতিটি রুটে কতটা কাউন্টার হবে তা আজ রোববার ও কাল সোমবার ঠিক করা হবে। ১০ জুলাই বাসচালক ও সহকারীদের সঙ্গে পুলিশের সর্বশেষ বৈঠক হবে। বাস ও হিউম্যান হলার মালিকদের ছয়টি সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল শনিবার দুপুরে পুলিশ প্রশাসনের দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) কার্যালয়ে এ বৈঠক বসে।বৈঠক শেষে ডিসি-ট্রাফিক ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘৫ জুলাই থেকে কাউন্টার সার্ভিস চালুর কথা ছিল। কিন্তু নানা অসুবিধার কথা বিবেচনা করে তা সপ্তাহখানেক পিছিয়ে ১৪ জুলাই করা হয়েছে।’ তিনি বলেন, কাউন্টার সার্ভিস চালু হলে সড়কের মাঝপথে গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামার বিড়ম্বনা কমবে। এতে যানজট পরিস্থিতির উন্নতি হবে।বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে বাস মালিকেরা বর্ষা মৌসুমের টানা বৃষ্টিপাত, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে সময়মতো টিকিট ছাপাতে না পারা এবং কাউন্টার স্থাপনের জন্য স্থান নির্ধারণ চূড়ান্ত না হওয়ার কারণে কাউন্টার সার্ভিস শুরুর তারিখ পিছানোর কথা বলেন। ১৪ জুলাইয়ের পর আর কোনো আপত্তি গ্রহণ করা হবে না বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়। তবে কাউন্টার সার্ভিস চালুর আগে ১০ জুলাই চালক ও সহকারীদের নিয়ে পুলিশের সঙ্গে আলাদা একটি সভা করার সিদ্ধান্ত হয়েছে গতকালের বৈঠকে। বৈঠকে আরও জানানো হয়, কাউন্টার সার্ভিস চালু হলে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানাতে শ্রমিক পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এ জন্য সিইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে হবে। জানা গেছে, কাউন্টার সার্ভিস চালু হলে কোনো যাত্রীবাহী বাস-হিউম্যান হলারকে সিইপিজেডে ঢুকতে দেওয়া হবে না। সিইপিজেডের শ্রমিক পরিবহনের জন্য বর্তমানে যে ৮০ বাসের বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে শুধু সেগুলোতেই শ্রমিক পরিবহন করতে হবে। সিইপিজেডে প্রায় এক লাখ ২০ হাজার নারী-শ্রমিক কাজ করেন। এঁদের প্রায় অর্ধেককে নগরের বিভিন্ন প্রান্ত থেকে কারখানায় আনতে হয় বাস কিংবা হিউম্যান হলারে করে।