
পুরো বাড়িতে উত্সবের বর্ণিল ছটা। বিয়েবাড়ি বলে কথা! ছেলে-বুড়ো মেতেছে অনাবিল আনন্দে; সেজেগুজে প্রস্তুত কনেও। এবার বর আসার পালা।
সবাই যখন বরযাত্রীর আগমনের অপেক্ষায়, তখনই তাদের আকস্মিক প্রবেশ। হুড়মুড়িয়ে ঢুকেই চোখের পলকে চালাবে তাণ্ডব! কিচিরমিচিরে কানের বারোটা তো বাজাবেই, সামনে থাকা জিবে জল আনা খাবারগুলোও করবে নষ্ট। ঘটনার আকস্মিকতায় অনেকে বিমূঢ় হবেন, কেউ আবার হাতের কাছে লাঠি-ঝাঁটা নিয়ে হইহই করে উঠবেন। লাভ নেই! বড় বড় লাফে ততক্ষণে তারা পগারপার! এই ‘দুর্বৃত্তে’র দল কারা? বলা নেই কওয়া নেই, সাজানো বিয়েবাড়িটা তছনছ করে চলে গেল! কেউ নয়, তারা বানর, আগ্রার বানর!
ভারতের আগ্রা শহরে বানরের উত্পাত এতটাই বেড়েছে যে, অনেকের কাছে এটি এখন আতঙ্ক! বেশি দুর্ভোগ পোহাচ্ছে বিয়েবাড়ির লোকজন। বিয়েবাড়িতে হুটহাট ঢুকে পড়ে সব এলোমেলো করে মুহূর্তেই সটকে পড়ছে বানরের দল। ২৯ বছর বয়সী অমিতা সিংয়ের বিয়ের দিনেও হানা দিয়েছিল বানর। অমিতা বললেন, ‘খুব ভয় পেয়ে চেয়ার থেকেই পড়ে গিয়েছিলাম। আমার সাজসজ্জা, পোশাকের বারোটা বেজে গিয়েছিল।’
ভারতের অনেক মানুষ বানরকে দেখেন ভিন্ন দৃষ্টিতে। অনেকে মনে করেন, তাদের খাওয়ানোও মঙ্গলজনক। এ কারণে সম্প্রতি আগ্রায় বানরের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু বানরের উত্পাত যে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তার কী হবে?
এর উত্পাত বন্ধে আগ্রাবাসী হাঁটছে ‘বিষে বিষক্ষয়’নীতিতে! বানর ঠেকাতে আমদানি করা হয়েছে লেঙ্গুরকে। বিয়েবাড়ির সামনে পাহারায় রাখা হয় লেঙ্গুরকে। অনাহূত বানর প্রতিহত করাই তাদের মূল কাজ। এ জন্য নাকি বিয়ের মৌসুমে লেঙ্গুরের ব্যাপক চাহিদা। আর এ সুযোগে লেঙ্গুরের মানব ওস্তাদেরাও হাঁকাচ্ছেন চড়া দাম! আগ্রা সিটি করপোরেশনের কর্মকর্তা রাম অবতার বললেন, ‘শীতে বিয়ের মৌসুমে লেঙ্গুর-ওস্তাদেরা অনেক বেশি দাম চান। অগ্রিম বুক করতে চাইলে সাধারণত তাদের সর্বোচ্চ তিন হাজার রুপি দিতে হয়। আর বানর যদি বাড়িতে ঢুকে পড়ে, এমন জরুরি অবস্থায় সেটা ১০ হাজার রুপিতে পর্যন্ত ঠেকে!’
এএফপি অবলম্বনে: মো. রানা আব্বাস