বানরটিলার বানরেরা

সিলেট শহরের গোয়াইটুলা এলাকার হজরত চাষনী পীরের মাজার। এখানকার উঁচু টিলাটি বনজ-ফলদ গাছে ঘেরা। বহু বছর আগেই কয়েক শ বানরের একটি দল এখানে আস্তানা গাড়ে। ধীরে ধীরে তাই এই এলাকা অনেকের কাছে ‘বানরটিলা’ নামে পরিচিতি পেয়েছে!
মাজারের সামনেই নানা রকম পণ্যের দোকান। মাজারে আসা দর্শনার্থীরা বাদাম, বিস্কুট, কলা হাতে নিলেই অভুক্ত বানরেরা দৌড়ে দল বেঁধে ছুটে আসে। খাবার দিলেই দে ছুট! এরপর চলে গাছের ডালে বা নিরাপদ স্থানে বসে আয়েশ করে খাওয়া। তবে ছুটির দিনগুলোতে বানরের দল সারা দিন মাজার প্রাঙ্গণেই থাকে। দর্শনার্থী বেশি হলে তখন আর খাবারের সংকট হয় না তাদের।

খাবার পেলেই শান্ত, না পেলেই শুরু হয় উৎপাত! স্থানীয় লোকজন জানালেন, সম্প্রতি অভুক্ত বানরগুলোর উৎপাত বেড়ে গেছে। নগরের বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে খাবার চুরির চেষ্টা করে প্রতিদিন। বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন কর্মসূচিও করেছেন। অভুক্ত বানরের উৎপাত ও হামলা থেকে রেহাই ও বানরগুলোকে নিরাপদ স্থানে রাখতেই তাঁদের এমন দাবি।
একদিন বানরটিলায় গিয়ে দেখা মিলল এই বানর দলের। ক্যামেরায় ধরা পড়ল তাদের নানা কীর্তিকলাপ।


