বানরের কথা ভুলে থাকার সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষের ভাবনায় ‘প্রতি সাত সেকেন্ডে একবার যৌনতার চিন্তা’ আসার গপ্পো উড়িয়ে দিতে পারলেও এই চিন্তার সঠিক পরিমাপ করাটাও প্রায় অসম্ভব। ছবিটি প্রতীকী।
পুরুষের ভাবনায় ‘প্রতি সাত সেকেন্ডে একবার যৌনতার চিন্তা’ আসার গপ্পো উড়িয়ে দিতে পারলেও এই চিন্তার সঠিক পরিমাপ করাটাও প্রায় অসম্ভব। ছবিটি প্রতীকী।

দীর্ঘদিন ধরেই এ কথা প্রচলিত যে, সে কথা ভেবে ভেবেই দিনরাত পার করেন বেশির ভাগ পুরুষই। কী কথা? কোনো কোনো গবেষকেরা বলেছেন, প্রতি সাত সেকেন্ডেই নাকি একবার যৌনতার কথা ভাবেন পুরুষেরা! কিন্তু মুশকিল হলো আপনি এ ধারণা সমর্থন করেন বা না-ই করেন, এটা প্রমাণ করা কীভাবে সম্ভব? আর এ বিষয়ে গবেষণার ক্ষেত্রেও সবাই ‘বানরের কথা ভুলে থাকার সমস্যা’র মধ্যে পড়েন। বিবিসি এক প্রতিবেদনে এ বিষয়ে গবেষণা সম্পর্কে জানিয়েছে।

‘প্রতি সাত সেকেন্ডেই একবার যৌনতার কথা ভাবনায় আসে পুরুষের’। আমরা যদি গবেষকদের এ তথ্যে বিশ্বাস করি, তাহলে দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় ৫১৪ বার এ কথা ভাবেন পুরুষেরা। এই হিসাবে এক কর্মদিবসে প্রায় সাত হাজার ২০০ বার এ কথা ভাবেন পুরুষেরা। এক দিনে শুধু যৌনতার চিন্তা কেন, দুনিয়ার সব বিষয় নিয়ে চিন্তা আসলেও এতবার তা নিয়ে ভাবাটা প্রায় অসম্ভবই মনে হয়। কিন্তু মুশকিল হলো গবেষকেরা এই হিসাব করছেন কীভাবে।

মনোবিজ্ঞানীদের কাছে চিন্তার হিসাব রাখার এই পদ্ধতি ‘এক্সপেরিয়েন্স স্যাম্পলিং’ হিসেবে পরিচিত। এতে লোকজনকে বলা হয় দৈনন্দিন জীবনের সব স্বাভাবিক কাজকর্ম করতে করতেই তাঁর ভাবনায় কতবার একটা বিশেষ চিন্তা আসে তার হিসাব রাখতে। সাধারণত পকেটে একটা ‘ক্লিকার’ রেখে এটা করা হয়। যতবার চিন্তা আসবে, ততবারই ছোট্ট যন্ত্রটায় চাপ দেওয়া হবে আর এমন প্রতিটা ক্লিকের হিসাব উঠতে থাকবে যন্ত্রে।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী টেরি ফিশার এবং তাঁর গবেষক দল যৌনতার চিন্তার হিসাব কষতে ২৮৩ জন কলেজ ছাত্রছাত্রীর হাতে ‘ক্লিকার’ ধরিয়ে দেন। বিভিন্ন গ্রুপে ভাগ করে এই স্বেচ্ছাসেবকদের বলা হয় দিনে কতবার তাঁদের মাথায় যৌনতা, খাবার কিংবা ঘুমের ভাবনা আসে তার হিসাব রাখতে। এ জরিপে দেখা যায় গড়ে পুরুষেরা দিনে ১৯ বার যৌনতার কথা চিন্তা করছেন। মেয়েদের ক্ষেত্রে এই গড় দিনে ১০ বার। অবশ্য এই জরিপে দেখা গেছে, খাবার আর ঘুমের চিন্তাও মেয়েদের তুলনায় বেশি ভাবেন পুরুষেরা।

এই গবেষণায় চিন্তার বৈচিত্র্যের বিষয়টি দারুণভাবে উঠে এসেছে। কেউ কেউ দিনে মাত্র দুবার যৌনতার কথা ভেবেছেন বলে দেখা গেছে। আবার দিনে সর্বোচ্চ ৩৮৮ বার এই ভাবনা ভেবেছেন এক অংশগ্রহণকারী। যার অর্থ প্রতি দুই মিনিটে একবার এ কথা ভেবেছেন তিনি।

এই গবেষণার সবচেয়ে বড় সমস্যা হলো—এই প্রক্রিয়ার ‘নিয়তি’, মনোবিজ্ঞানে যাকে সাধারণভাবে ‘হোয়াইট বিয়ার প্রবলেম’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আমাদের দেশে কাছাকাছি একটা গল্প প্রচলিত আছে যে, গুপ্তধন খোঁজার সময় আর যা-ই হোক ‘বানরের কথা’ মনে আসা যাবে না! কিন্তু ‘বানরের কথা ভুলে থাকতে হবে’ এটা মনে রাখলে কীভাবে সেটা ভুলে থাকা সম্ভব! ‘হোয়াইট বিয়ার প্রবলেম’ বিষয়টাও ঠিক এমনই। কোনো শিশুর সঙ্গে নিষ্ঠুর রসিকতা করতে চাইলে তাকে বলুন, হাত দুটো ওপরে তুলে দাঁড়াও আর বানরের কথা চিন্তা করা বন্ধ করতে পারলেই কেবল তুমি হাত নিচে নামাতে পারবে। ব্যস শিশুটি কিছুতেই আর ওই চিন্তা বন্ধ করতে পারবে না। আমরা সবাই যেমন জানি, একবার মাথায় কোনো চিন্তা এলে তা ভুলে থাকার চেষ্টা করাটাই বিরাট সমস্যা।

নিশ্চিতভাবেই এই ‘বানরের কথা ভুলে থাকার সমস্যা’র মধ্যেই পড়েছিলেন ফিশারের গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা। হাতে একটা ক্লিকার ধরিয়ে দিয়ে তাঁদের বলা হয়েছে যৌনতার (কিংবা খাবার ও ঘুমের) কথা কতবার ভাবছেন তা রেকর্ড করে রাখতে। একবার ভাবুন হাতে একটা ক্লিকার নিয়ে মনোবিজ্ঞান বিভাগের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে কাজে-কর্মে যেতে যেতে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন সারাক্ষণ যৌনতার কথা না ভাবতে, একই সঙ্গে ভাবছেন, বিষয়টা ভাবনায় এলেই তা রেকর্ড করে রাখতে হবে। বেচারা স্বেচ্ছাসেবকেরা! যে বেচারার ৩৮৮ বার যৌনতার কথা চিন্তায় এসেছে, সেই মানুষটি নিজের মনোজগতের ভাবনার মতোই এই গবেষণা পদ্ধতিরও শিকার।

আসলে পুরুষের ভাবনায় ‘প্রতি সাত সেকেন্ডে একবার যৌনতার চিন্তা’ আসার গপ্পো উড়িয়ে দিতে পারলেও এই চিন্তার সঠিক পরিমাপ করাটাও প্রায় অসম্ভব। ফিশারের গবেষণার মতো আরও কয়েকটি পদ্ধতিতে এ বিষয়ে গবেষণা চালানো হয়েছে। কিন্তু সেগুলোও ‘বানরের কথা ভুলে থাকার সমস্যা’ থেকে মুক্ত নয়। এ ছাড়া একই ব্যক্তিরও তাঁর অবস্থা ও পারিপার্শ্বিকতার সাপেক্ষে মনোজগতের পরিবর্তন হয়। আর চিন্তা পরিমাপের কোনো প্রাকৃতিক একক নেই, যা দিয়ে তা হিসাব করা যাবে। সেন্টিমিটার, মিলিমিটার বা কিলোমিটার দিয়ে তো চিন্তা মাপা যায় না। তাহলে একটা বিষয়ে কতটুকু ভাবলে আমরা বলব যে আমাদের মাথায় ওই চিন্তা এসেছে!