বানরের প্রেম
আমার রূপের প্রশংসা আমি এর আগে বহুজনের কাছ থেকে শুনেছি। কিন্তু এবার ব্যাপারটা ব্যতিক্রম। রূপের এমন প্রশংসা শুনতে হবে, তা আমি কস্মিনকালেও ভাবিনি। জানুয়ারি মাসের এক হাড়কাঁপানো ভোরে আমি শাহবাগ থেকে শিশির-মাখানো একগুচ্ছ তাজা গোলাপ কিনে তুলে দিয়েছিলাম মিনুর হাতে এবং ভাবুক কবিদের মতো একশব্দে বলেছিলাম, ‘ভালোবাসি।’ গোলাপগুলো হাতে নিয়ে ব্যাগে ঢোকাতে ঢোকাতে মিনু বলল, ‘এই প্রথম কোনো বানরের হাতে গোলাপ ফুল দেখলাম।’ আমি যেই জিব কেটে বলতে যাব, ‘ছি ছি, নিজেকে বানর বলছ কেন? তুমি কত...!’ অমনি সে আমাকে কথা শুরুর সুযোগ না দিয়ে বলে বসল, ‘নিজের চেহারা কখনো আয়নায় দেখেছ? একেবারে সাক্ষাৎ বানর। আমি দেশান্তরী হব, তবু তোমার মতো কাউকে ভালোবাসব না।’ এ কথা বলেই সে উল্টো দিকে হাঁটা ধরল। আর কিছু বলার প্রয়োজনই মনে করল না। বড়লোকের মেয়েগুলো আসলে এমনই, তারা প্রয়োজনে দেশ ছেড়ে যাবে তবু আমার মতো গরিবের কোনো উপকার করবে না। কিন্তু ব্যাপারটা হলো, এই সবকিছু ছাপিয়ে আমার মাথায় শুধু বানর লাফালাফি করছে। একবার এ গাছ থেকে ও গাছে যাচ্ছে। আবার ও গাছ থেকে এ গাছে আসছে। আর কিছুক্ষণ পরপর আমার দিকে চেয়ে ভেংচি কাটছে। ছেলেবেলায় খুব বেশি গাছে ঝোলাঝুলি করেছি এমন অপবাদ আমার ঘোরতর শত্রুও দিতে পারবে না। আসল কথা হলো, ঢাকা শহরে ঝুলে থাকার মতো গাছ আছেই বা কোথায়। কিংবা এমটিভি বা অন্যান্য হিন্দি চ্যানেল ছাড়া কখনো ডিসকভারিতে বানরদের নিয়ে বানানো ডকুমেন্টারি দেখেছি, এমন প্রশংসা খোদ আমার মা-ও করবেন না। খুব কাছের বন্ধুরাও মনে করতে পারল না, কবে আমি তাদের গলা ধরে ঝোলাঝুলি করেছি কিংবা ভেংচি কেটেছি। চিড়িয়াখানায় তো বহুবার গিয়েছি কিন্তু কখনো যে বানরের খাঁচার বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকেছি তাও মনে করতে পারলাম না। বানরের চেয়ে জলহস্তীকেই বরং সেখানে আমার একটু আপন আপন মনে হয়েছিল।তবু যে কিছু বানর টাইপ স্বভাব আমার মধ্যে একেবারেই নেই, তাও আবার দাবি করি কীভাবে। এই যেমন ঝোলাঝুলির স্বভাব। প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় সিট আছে মনে করে সিটিং বাসে উঠি এবং উঠে দেখি সিট তো ঠিকই আছে কিন্তু কোনোটাই খালি নাই, অগত্যা ঝুলে থাকা। আবার ধরা যাক, কাজের ফাঁকে চা পানের উদ্দেশ্যে চায়ের দোকানে গেলে সেখানে ফরমালিন দিয়ে পাকানো হলুদ কলাগুলো দেখে কোনোভাবেই লোভ সামলাতে পারি না, ফলাফল বানরের মতো একটার পর একটা টপাটপ কলা সাবাড় করা। এবং সবশেষে একটি মিলের কথা না বললেই নয়, তা হলো ঢাকা শহরের অত্যধিক দূষণের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বানরের মতো গা চুলকানি স্বভাবটা আমার মধ্যে প্রবল। তো এই বাসে ঝোলা কিংবা কলা খাওয়া কিংবা পিঠ চুলকানির জন্য যদি আমাকে বানর ডাকা হয়, তাহলে তো ঢাকা শহরের অর্ধেক পুরুষই বানর। অথচ এত মানুষের ভিড়ে আমাকেই কিনা তুলনা করা হলো বানরের সঙ্গে!এই প্রশ্নের জবাব খুঁজতে গেলাম চিড়িয়াখানায় বানর দেখব বলে, সঙ্গে নিলাম ২০ টাকার বাদাম। বাদাম খেতে খেতে এবং বানরগুলোকে খাওয়াতে খাওয়াতে ঠোঙা খালি হয়ে গেল কিন্তু আমার খালি মাথা থেকে প্রশ্নের কোনো উত্তর বের হলো না। সবশেষে খাঁচার বাইরের বেঞ্চে বসে মাইকেল অ্যাঞ্জেলোর গড়া ‘দ্য থিঙ্কিং ম্যান’ মূর্তির মতোই গালে হাত দিয়ে চিন্তা করতে লাগলাম। তাই দেখে ফাজিল বানরের দল খাঁচার ভেতরে নিজেদের গালে হাত দিয়ে বসে আমাকে অনুকরণ করতে লাগল। যত্ত সব দুষ্টু বাঁদর!বানর সম্পর্কে আরেকটু বিশদ জ্ঞান লাভের উদ্দেশ্যে গেলাম আমার এক পরিবেশবিদ চাচার কাছে। তার আবার বনেজঙ্গলে ঘুরে বেড়ানোর শখ। প্রশ্ন করলাম, ‘কাকু, বানর দেখতে কখনো জঙ্গলে গিয়েছিলেন?’ প্রশ্ন শুনে বেচারার মুখ কালো হয়ে গেল। হুংকার দিয়ে বলে উঠলেন, ‘ব্যাটা ফাজিল কোথাকার! বানরের কথা জিজ্ঞেস করবি না আমাকে আর কখনো। বানর দেখতে গিয়েছিলাম একবার বান্দরবানের জঙ্গলে। সেখানে বানরের সঙ্গে দেখা হয়নি, কিন্তু দেখা হয়ে যায় একদল বনদস্যুর সঙ্গে। তারা মোটামুটি সবকিছু রেখে প্রায় বানরের পোশাকেই আমাদের ঢাকায় ফেরত পাঠায়।’ অবস্থা খুব একটা সুবিধার না দেখে নাশতা-পানি না খেয়েই বের হয়ে এলাম চাচার বাসা থেকে। পাছে ভয় হলো বনদস্যুদের ওপর তাঁর এতদিনের জমানো সব ক্ষোভ আমার ওপরই না ঢেলে দেন।আমার বানর-সম্পর্কিত ভুল-বোঝাবুঝির কারণ খোঁজার চেষ্টায় এবং দুশ্চিন্তায় কয়েক রাতের ঘুম হারাম হয়ে গেল। অবস্থার খুব একটা পরিবর্তন হলো না। সবশেষে বুঝতে পারলাম, এই প্রশ্নের জবাব জানতে হলে যেতে হবে মিনুর কাছেই, সে যেহেতু বলেছে নিশ্চয়ই কিছু ভেবে বলেছে। যেই ভাবা সেই কাজ। ‘কুকুর হইতে সাবধান’ এবং মিনুর অবসরপ্রাপ্ত বাবার দোনলা বন্দুকের ভয় উপেক্ষা করে দাঁড়ালাম তার বাসার দরজার সামনে, হাতে আগের মতোই শিশিরভেজা ১০টি গোলাপ। কী সৌভাগ্য আমার! বেল বাজাতেই দরজা খুলল স্বয়ং মিনু। আমাকে দেখেই আঁতকে উঠে নিয়ে গেল সিঁড়ির গোড়ায়। জানতে চাইল কেন এসেছি।অভিমানী গলায় বললাম, ‘আমাকে তুমি ভালোবাসো না বুঝলাম, কিন্তু আমাকে বানর বলে ডাকা কোনোভাবেই মানতে পারছি না...!’ আমার কথা শেষ হতে না হতেই মিনুর টোল খাওয়া গালে হাসির রেখা দেখা দিল। তারপর অভিজ্ঞ নেতা-নেত্রীদের মতো আমার হাত থেকে গোলাপগুলো নিজের মনে করে ছিনিয়ে নিয়ে, শাবানা-কবরী যুগের নায়িকাদের মতো ফিসফিস করে বলল, ‘বানর কোথাকার! মেয়েদের সব কথাই কি মনে নিতে হয়? তোমাকে ভালোবাসি বলেই বানর ডেকেছি এবং দরকার হলে আরও লক্ষবার বানর ডাকব। বানর, বানর, বানর।’ ওফ! মিনুর মুখে বানর ডাকটি এত মিষ্টি শোনায় কেন? তানজিল ফরহাদধানমন্ডি, ঢাকা।