বানানের বাহাদুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর কায়সার‘আমার নাম ইউনুছ মিয়া, আমি ছলে গেলে আমার ছিতি তাকবে।’ নন্দনকাননের একটি দালানের চিলেকোঠার দেয়াললিখন। ওই বাড়ির দারোয়ান লিখেছিলেন। ইউনুস মিয়ার ‘ছিতি’ (স্মৃতি) পাড়ার কারও মনে আছে কি না জানি না, তবে ওই দেয়াললিখন অনেকের নজর কেড়েছে এবং তা বারবার আলোচনার বিষয় হয়েছে। আঞ্চলিক প্রভাবযুক্ত ভুল বানানের জন্য হাসাহাসি হয়। কারও কারও সত্যিই তার কথা মনে পড়ে গেলেও সেটা চাপা পড়ে যায় বানান ভুলের হাসির ছটায়। বানানের এরকম অবস্থা আমাদের চট্টগ্রামে নতুন কিছু নয়। বাসের ভেতরে, রিকশা, ট্যাক্সি, ট্রাক বা বিভিন্ন যানবাহনের পেছনে অজস্র বানান ভুল দেখতে দেখতে আমরা অভ্যস্ত। বাসের দরজার সামনে সবাই দেখেছে ‘জনাব কিছু পেলে গেলেন কি?’ কিংবা ‘মহিলা আসিলে পুরুস ছিট চাড়িয়া দেবেন’ জাতীয় নোটিশ। একবার একটি ট্রাকের সিলিন্ডারে দেখেছিলাম লেখা আছে—‘ও কিচু না বাতাশ।’ চট্টগ্রামের লোকজন নিশ্চয় বুঝতে পেরেছেন ওই বাক্যে লেখক কী বোঝাতে চেয়েছেন, কিন্তু বাইরের কোনো লোক কচু কিংবা বাতাসার কথা ভাবতেই পারেন। ট্যাক্সি বা রিকশার পেছনে প্রায় লেখা থাকে ‘আমি ছোট আমাকে মেরো না।’ এই ছোট বাক্যটিও মাঝেমধ্যে পড়তে হয় এভাবে—‘আমি ছুট আমাকে মেরুনা।’ একবার একটি ক্লাবের নিমন্ত্রণপত্রে দেখেছিলাম ‘পাঁচ বছর ফুর্তি (পূর্তি) উপলক্ষে পূর্ণমিলনী।’ ক্লাবের পাঁচ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী করে যে তারা ফুর্তি করবে তা হয়তো বোঝা গেছে, কিন্তু ইতিমধ্যে তারা বাংলা ভাষার ১২টা বাজিয়ে ফেলেছেন। এরকম অজস্র ভুল আমরা দেখি। দেখতে দেখতে এগুলোকে খুব স্বাভাবিক মনে করি। কিন্তু তখনই আমরা ব্যথিত হই যখন সরকারি কিংবা নামী দামি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে কিংবা দেয়াললিখনে ভুল দেখি। একটু সচেতন হলেই এসব ভুল আমরা পরিহার করতে পারি। নন্দনকাননে বনসংরক্ষকের কার্যালয়ের সাইনবোর্ডটার দিকে চোখ রাখি। এখানে লেখা আছে ‘বনসংরক্ষকের কার্য্যালয়, চট্টগ্রাম অথঞল।’ কার্যালয় বানানে অতিরিক্ত ‘য’ ফলাটি বাদ দিলে কোনো ক্ষতি তো হতোই না বরং শুদ্ধ বাংলা হতো। আবার অঞ্চল বানানটিও ভালো করে জমাতে পারল না। এরকম জামাল খান ওয়ার্ডের কার্যালয়ের বানানটাও ভুল। ১৯৩৭ সাল থেকে রেফ (র্ )-এর পরে দ্বিত্ব উঠে গেছে। সেসময় বাংলা বানানের সংস্কার হয়েছে। কিন্তু আমরা অনেকেই সেই সংস্কার জেনেও মানি না, অনেকে অজ্ঞতাবশত মানি না। মোমিন সড়কে ডিসি হিল পার্কের দেয়ালে সিটি করপোরেশনের বিশাল দেয়াললিখন ‘চট্টগ্রামকে বিশ্বের আধুনিকতম অন্যন্য নগরীর সমতুল্য সমৃদ্ধ নগরীতে পরিণত করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। — মেয়র।’ এখানে মধ্যের ‘ন’ এর সঙ্গে একটি আকার-এর প্রয়োজন ছিল। আর তা না হয়ে বাক্যটি মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে। শুধু বানান ভুল নয়, অনেক সাইনবোর্ডে বাক্য গঠনেও ভুল থাকে আমাদের নগরে। মোমিন সড়কের ‘হাসনাহেনা ফুলঘর’ এর সাইনবোর্ডে লেখা আছে ‘একদিনের সম্পর্ক আমরা দীর্ঘদিনের বিশ্বাসি।’ এ কথাটি দিয়ে মূলত কী বলতে চেয়েছেন তা দোকানটির মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস না করলে বোঝার উপায় নেই। আরেকটি ফুলের দোকানের সাইনবোর্ডে লেখা আছে—‘যে কোনো সামাজিক অনুষ্ঠানে কাঁচা ফুলের অর্ডারের বিশ্বস্থ (শুদ্ধ বানান বিশ্বস্ত) প্রতিষ্ঠান।’ চেরাগি পাহাড়ের মোড়ে একটি নামকরা প্রেসের সাইনবোর্ডে লেখা আছে—‘অনুগ্রহপূর্বক পূর্ব পাশ্বের (শুদ্ধ বানান পাশের) গেইট ব্যবহার করুন।’ ‘পাশ্বের’ শব্দটিতে অতিরিক্ত ‘ব’ এর ব্যবহার না করলেই তো চলত। এ রকম অজস্র নমুনা দিয়ে তালিকা শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ফেব্রুয়ারি মাস এলে আমরা বাংলাভাষার জন্য হা-হুতাশ করি। কিন্তু এসব ভুল শোধরানোর কোনো উদ্যোগ নিই না।এ প্রসঙ্গে বিশিষ্ট ভাষাবিদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘সাইনবোর্ডে ভুল, বিশেষ করে সরকারি-বেসরকারি নামী-দামি প্রতিষ্ঠানগুলোতে ভুলগুলো মানা যায় না। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’তিনি বলেন, এই ভুল শোধরানোর জন্য যাঁরা সাইনবোর্ড লেখেন, যাঁরা এসব কাজ করেন তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সরকার কিংবা বাংলা একাডেমী শুদ্ধ ভাষা পরিকল্পনা করে বিশেষ ব্যবস্থা নিতে পারে। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে পারে কিছু নিয়ম করে। যেমন, কোনো সাইনবোর্ড লেখার আগে তা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কোনো শিক্ষককে দেখাতে হবে। তিনি অনুমতি দিলে সেই সাইনবোর্ড চূড়ান্ত করতে হবে। মাহবুবুল হক আরও বলেন, ‘এমনিতেই ইমেইল ও এসএমএস (খুদেবার্তা) ইত্যাদির কারণে বাংলাভাষা বিকৃত হচ্ছে। আমাদের সাইনবোর্ডে বাংলাভাষার বানানের বাহাদুরি দেখে, অন্য দেশের বাংলাভাষাবাসীরা হাসবেন, এমনটা হতে দেয়া যাবে না।’