বানিয়ে নিন পোশাক
যাঁরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে চান, তাঁদের জন্য রয়েছে গজ কাপড় কিনে পোশাক বানানোর সুযোগ। ঈদকে ঘিরে কাপড়ের দোকানগুলোতে ভিড় কিছুটা বেড়েছে। ঢাকার ধানমন্ডির মেট্রো শপিং মলের গজ কাপড়ের দোকান মিম কালেকশন থেকে জানা যায়, চীনা জ্যাকেট প্রিন্ট, সুতি জামদানি, চিকেন আর লেইসওয়ালা কাপড় বেশি চলছে। এ ছাড়া রাজস্থানি সুতি, কাশ্মীরি কাপড় আর টিস্যু কাতানও বেশ চলছে। পোশাকে জমকালো ভাব আনতেই তাই কেউ কেউ জামদানি, কাতান, সিল্ক আর মসলিনকে প্রাধান্য দিচ্ছেন।সুতি গজ কাপড়ের মধ্যে যে কাপড় বহরে বেশি, সেগুলো চলছেও বেশি। ঢাকার চাঁদনীচকের কাপড়ের দোকান ব্রিলিয়ান্ট ক্লোথ স্টোরের বিক্রেতা ফাইসাল জানান, বহরে বেশি হলে অপেক্ষাকৃত কম কাপড়েই জামা বানানো যায়। আবার বেশি বহরের কাপড়গুলোর ডিজাইনটা বেশ ভালো। তাই ক্রেতারা পছন্দ করছেন এই কাপড়। কামিজের কাপড়ের সঙ্গে মিলিয়ে একরঙা, আবার একদম বিপরীত রঙের সালোয়ার—এই দুই ফ্যাশনই বেশ চলছে। ওড়না হিসেবে শিফন, শিফনের মাঝে হালকা সুতার কাজ করা অথবা সুতি ওড়না চলছে। তবে যাঁরা কাতানের পোশাক বানাচ্ছেন, তাঁরা পছন্দ করছেন মসলিন আর টিস্যুর ওড়না।তবে কেউ কেউ আবার গজ কাপড়ের পরিবর্তে সেলাই ছাড়া থ্রি-পিস কিংবা টু-পিস বেশি পছন্দ করেন। ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটে অবস্থিত কাপড়ের দোকান সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামিম সিদ্দিক বলেন, চিকেনের কাজ করা, অরগ্যান্ডি, সুইস কটন, চিকেন এমব্রয়ডারি করা সেলাই ছাড়া থ্রি-পিসগুলো বেশি চলছে। যেহেতু সামনে শীতকাল, তাই মোটা সুতি বা ভারী চিকেনের থ্রি-পিসের চাহিদাটা বেশি।তো গেল গজ কাপড়ের ফিরিস্তি। পোশাকটা নিজের মনের মতো করে বানাতে বাহারি লেইসও কিনছেন কেউ কেউ। সব তো কেনা হলো, এবার ছোটা দর্জিবাড়ি। ঢাকার ইস্টার্ন মল্লিকার ইউনিক লেডিস টেইলার্সের মাস্টার সুকুমার পাল বলেন, এবারের ঈদে কিছুটা জিপসি ডিজাইনের, আবার অনেকটা ফ্রকের মতো কামিজ বানাচ্ছেন অনেকে। আর এর সঙ্গে রয়েছে নেটের বা লেইসের হাত। একটু শীত শীত হওয়ার কারণে ব্যান্ড কলারটা বেশ চলছে। জামার পেছনে চেইন আর ফিতার ব্যবহারটা অনেকে পছন্দ করছেন। তবে জামার চেয়ে পাজামা বা সালোয়ারের কাটের ক্ষেত্রে যেন বেশি বৈচিত্র্য। পুরো ধুতি সালোয়ার না হলেও কোমরের দিকে বেশি কুচির সালোয়ার চলছে বেশি। মুহুরি চাপা সালোয়ার সবাই বেশি পছন্দ করছেন। অনেকে চাপা সালোয়ারে পা ঢোকানোর জন্য বোতাম বা হুকটা পছন্দ করেন। আবার চুড়িদার সালোয়ারও অনেকে বানাচ্ছেন। কেউ বা চুড়িদারের নিচে বোতাম না দিয়ে ফিতার ডিজাইন করছেন। সর্বোপরি মনের মতো পোশাক বানাতেই যত চেষ্টা।