বানিয়ে বানিয়ে কথা বলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানানো কথা ফাটল ধরাতে বন্ধুত্বেও। ছবি: অধুনা
বানানো কথা ফাটল ধরাতে বন্ধুত্বেও। ছবি: অধুনা

সাদিয়া (ছদ্মনাম) বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর পরিবারের অবস্থা বেশ ভালো। বন্ধুমহলের সবার সঙ্গে তাঁর খুব সুন্দর সম্পর্ক থাকলেও ইদানীং সবাই তাঁর ওপর কিছুটা বিরক্ত। কারণ, সবাই খেয়াল করছে সাদিয়ার বেশ বানিয়ে কথা বলার অভ্যাস রয়েছে। সাদিয়ার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কোনোভাবেই এর সমাধান করতে পারছেন না।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মেখলা সরকার বলেন, বেড়ে ওঠার সময় আমাদের মধ্যে যখন আত্মবিশ্বাস, আত্মমর্যাদা তৈরি হয় ঠিক সে জায়গাগুলোতে বড় ঘাটতি থাকলে কিংবা শৈশবে কঠিন শাসনের ফলে এক ধরনের হীনম্মন্যতা সৃষ্টি হয়। বানিয়ে বানিয়ে কথা বলাটা ব্যক্তিত্বের একটি ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু এটা কোনো বড় রোগ নয় বলেই তিনি মনে করেন।
ছোটবেলা থেকে অতিরিক্ত শাসনের ফলেও অনেক সময় বানিয়ে কথা বলে। অধ্যাপক মেখলা সরকার মনে করেন, এ ক্ষেত্রে মা-বাবাদের অতিরিক্ত শাসন করা উচিত নয়। ত্রুটি-বিচ্যুতি মেনে নিয়ে অভিভাবক ও সন্তানের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তোলা উচিত। অনেক সময় দেখা যায়, একজন মানুষ নিজের ভেতরে গড়ে ওঠা হীনম্মন্যতার কারণে অথবা অন্যদের চোখে নিজেকে বড়
করে তোলার জন্য অর্থাৎ অন্যরা কী ভাবছে এটা ভেবে নিজেকে জাহির করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলে।
হয়তো অন্যান্য সব বিষয়ে সে স্বাভাবিক কিন্তু কিছু ক্ষেত্রে বানিয়ে কথা বলছে। এসব ক্ষেত্রে আশপাশের মানুষের কিছুটা সহনশীল হওয়া উচিত, সরাসরি তাকে হেনস্তা করা উচিত নয় এবং সমালোচনা না করা। কিন্তু বিশেষ ক্ষেত্রে এবং কোনো একটা পর্যায়ে তাকে বুঝিয়ে বলা যেতে পারে। বিশেষ করে সে যখন সত্য কথা বলবে সবার উচিত সেটার প্রশংসা করা। এতে করে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। এ ক্ষেত্রে পরিবার এবং কাছের বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বানিয়ে কথা বলার মাত্রাটা বেশি হলে অবশ্যই কোনো মনোবিদের পরামর্শ নেওয়া উচিত।
গ্রন্থনা: ফারজানা জামান