বানের পানিতেও নারীদের ভোগান্তি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে নারীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়
ছবি: আনিস মাহমুদ

১৪ থেকে ২১ মে। টানা আট দিন ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবে যায় সিলেটের অনেক বসতভিটা আর রাস্তাঘাট। তলিয়ে যায় ফসলের খেত, ভেসে যায় পুকুরের মাছ। বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ঘরে-বাইরে ছড়িয়ে আছে ভেসে আসা ময়লা-আবর্জনা। উঠোনজুড়ে থিকথিকে কাদা। ডোবা-নালায় জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। এ অবস্থার মধ্যেই নতুনভাবে বাড়িঘর গোছাতে কাজ শুরু করে দিয়েছেন ঘরের মেয়েরা। বাড়ি থেকে বন্যার ক্ষত সারাতে দৈনন্দিন কাজের বাইরে তাঁদের এখন আরও অনেক কিছুই সামলাতে হচ্ছে। সব মিলিয়ে তাঁদের ভোগান্তির যেন শেষ নেই।

পরিবারে নারীরাই যেহেতু গৃহস্থালির যাবতীয় কাজ সেরে থাকেন, তাই এই পানিবন্দী জীবনেও এসব করার পাশাপাশি নতুনভাবে যোগ হওয়া ভোগান্তিগুলোও তাঁদের মোকাবিলা করতে হচ্ছে। বানের পানিতে ঘরের ভেতরে ভেসে আসা উটকো ময়লা-আবর্জনা প্রতিদিন অপসারণ, কোমর কিংবা বুকপানি মাড়িয়ে দূর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ কিংবা চুলা তলিয়ে যাওয়ায় খাটে কোনো রকমে অস্থায়ী মাটির চুলা বানিয়ে রান্নাবান্না সারতে হচ্ছে। একই সঙ্গে পানিবাহিত রোগে আক্রান্ত পরিবারের সদস্যদের সেবাযত্ন কিংবা বাড়ির শিশুরা যেন পানিতে না পড়ে, সেদিকেও এই নারীদেরই খেয়াল রাখতে হচ্ছে।

সাজনার ঘাড়ে ঋণের বোঝা

সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে সাজনা বেগমের (৩৫) বাড়ি। স্বামী আরশ আলী (৪০) আর চার ছেলে-মেয়েকে নিয়ে তাঁর সংসার। বানের কারণে সপ্তাহখানেক ধরেই কর্মহীন দিনমজুর স্বামী। অথচ স্বামীই এ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বন্যা শুরু হওয়ার আগে পারিবারিক প্রয়োজনে স্থানীয় একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সাজনা। এ জন্য প্রতি সপ্তাহে তাঁকে কিস্তি দিতে হয় ৬০০ টাকা। বন্যার কারণে স্বামী হঠাৎ বেকার হয়ে পড়ায় সে ঋণও শোধ করতে পারছেন না। ঋণদাতারা কিস্তি পরিশোধের জন্য বারবার তাগাদা দিচ্ছেন।

সাজনা গত শনিবার জানান, ছয় দিন ধরে তাঁদের ঘরের মেঝে পানিতে তলিয়ে আছে। হাঁটুপানি। চুলাও পানিতে নিমজ্জিত। কোনো দিন বাইরে থেকে কেনা আখনি, কোনো দিন শুধু পানিতে চিড়া ভিজিয়ে খাচ্ছেন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় সন্তানেরা স্কুলেও যেতে পারছে না। সঞ্চয় শেষ। খাবারের তীব্র সংকটে এখন তাঁরা ভুগছেন। এর মধ্যে পানিতে ভেসে আসে কচুরিপানাসহ নানা আবর্জনা। সাপ, জোঁক ও পোকামাকড়ের হাত থেকে বাঁচতে প্রতিদিনই নিয়মিত কাজের বাইরে তাঁকে এসব পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হচ্ছে। ধীরে ধীরে পানি অবশ্য কমছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে।

হুসনার নেই চিকিৎসার টাকা

সিলেট সদর উপজেলার বাদেয়ালী গ্রামে হুসনা বেগমের (৪২) বাড়ি। দুই মেয়ে আর স্বামীকে নিয়ে তাঁর সংসার। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন ঘরহীন হুসনা। তবে যেদিন উঠেছেন, তার পরের দিনই ঘরে হাঁটুপানি। নতুন ঘরে ঠিকঠাক গুছিয়ে বসার আগেই বন্যা। একদিন আগের উচ্ছ্বাস পরের দিনেই ম্লান।

হুসনা জানান, স্বামী দিনমজুর। বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ। ২০০৪ সালের বন্যায় তাঁর আড়াই বছরের এক মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল। সে আতঙ্কে এবার বন্যা দেখা দেওয়ার পরই তাঁর আট বছর আর পাঁচ বছর বয়সী দুই সন্তানকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তারপরও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে সন্তানেরা। হুসনা নিজেও শ্বাসকষ্টের রোগী। অথচ স্বামী, সন্তান কিংবা নিজের চিকিৎসা করানোর টাকা নেই। ত্রাণসহায়তা পাওয়া তো দূরের কথা, স্বাস্থ্যসেবাও পাননি। পানিতে ভেসে হুটহাট ঘরে ঢুকে পড়ছে সাপ। নিজ বাড়িকেই এখন আর নিরাপদ মনে হচ্ছে না।

দুর্ভোগ আর দুর্ভোগ

বন্যা পরিস্থিতিতে নারীদেরই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানিয়েছেন একাধিক নারী। তাঁদের বক্তব্য, বন্যা ও পরবর্তী সময়ে টিকে থাকার লড়াইয়ে পুরুষের তুলনায় নারীর ভূমিকাই একটি পরিবারে বেশি থাকে। ঘরের আসবাব, শিশু ও বৃদ্ধদের দেখভাল, রান্নাবান্না, পানি কিংবা ত্রাণসংগ্রহ—সবই করতে হয় নারীদের।

সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামের জেসমিন বেগম (২২) জানান, বন্যায় দুর্ভোগের শেষ নেই। পানি নেমে যাওয়ার পর পরিশ্রম দ্বিগুণ বেড়ে গেছে। ঘরবাড়ির স্বাভাবিক অবস্থা ফেরাতে নারীদেরই বেশি শ্রম দিতে হচ্ছে। এমনিতেই তাঁর ঘরে আর্থিক টানাপোড়েন চলছে, এর মধ্যে বানের পানিতে ঘরের অনেক জিনিসপত্রই নষ্ট হয়েছে। ফলে বন্যা–পরবর্তী সময়ে কীভাবে আবার দাঁড়াবেন, এ নিয়ে চোখে অন্ধকার দেখছেন।

জেসমিন আরও জানান, আড়াই বছর আগে তাঁর বিয়ে হয়েছে। দিনমজুর স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকেন। বার্ধক্যজনিত সমস্যায় তাঁর বাবা ময়না মিয়া (৬৫) আর কাজে যেতে পারেন না। বন্যার কারণে কাজ হারিয়েছেন স্বামীও । চার বোনের মধ্যে জেসমিন সবার বড়। অন্যের বাড়িতে কাজ করে যা আয় হয়, তা দিয়েই চলে তাঁদের সংসার। এখন বন্যায় তাঁর স্বামী ও তিনি কাজ হারিয়ে দিশাহারা।