বান্দরবান আ. লীগে শুদ্ধি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। ১০ম সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়া দলের জেলা কমিটির সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার অনুসারীদের অব্যাহতি দিয়ে জেলা ও উপজেলাসহ বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে প্রসন্ন কান্তিকে বাদ দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমাকে জেলা কমিটির সভাপতি করা হয়েছে। পরে কমিটির আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হবে।
এদিকে জেলা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রসন্ন কান্তি ও তাঁর সমর্থকেরা আলাদা একটি সংগঠন করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ১০ম সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে বান্দরবান আসনে বীর বাহাদুরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেন জেলা কমিটির সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। এ কারণে তিনি এবং তাঁর অনুসারী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দলকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গত ২৪ জানুয়ারি জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সহসভাপতি আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরও উপস্থিতি ছিলেন। সভায় প্রসন্ন কান্তিকে বেঈমান আখ্যা দিয়ে তাঁকে এবং তাঁর অনুসারী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিভিন্ন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান দলে শুদ্ধি অভিযানের কথা স্বীকার করেন। তিনি বলেন, কেন্দ্রিয় নির্দেশনা না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা জেলা সভাপতির পদ থেকে বহিস্কার হয়েছেন। এ ছাড়া পুরো কমিটিই নতুনভাবে সাজানো হচ্ছে। জানা গেছে, ২০১২ সালের ১১ অক্টোবর প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে সভাপতি ও কাজী মুজিবর রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করে দুবছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটিও এখনো কেন্দ্রিয় কমিটির অনুমোদন পায়নি। এদিকে প্রসন্ন কান্তির অনুসারীরাও নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে আলাদা একটি সংগঠন করার উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে। এ জন্য তাঁরা গত ৩১ জানুয়ারি জেলা শহরের নিউ গুলশানে জেলার সাত উপজেলার নেতা-কর্মীকে নিয়ে দিনব্যাপী সম্মেলন করেছেন। প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তাঁর অনুসারীরা দাবি করেন, বর্তমান জেলা আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা দলের অসাম্প্রদায়িক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন। জাতীয় পার্টি থেকে এসে তাঁরা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও এমপি হয়েছেন। তাঁরা প্রায় সময় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে এলাকার সম্প্রীতির পরিবেশকে বাধাগ্রস্ত করে তুলছেন। এ জন্য আলাদা একটি সংগঠন করার প্রয়োজন। তবে সংগঠনের প্রকৃতি কেমন হবে, তা ঠিক করা হয়নি সম্মেলনে।
সম্মেলনের কথা স্বীকার করে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা জানান, দলের পুনর্গঠন সম্পর্কে কেন্দ্রীয় কমিটি থেকে তাঁকে এখনো কিছু জানানো হয়নি। তাই স্থানীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজন নেই। তবে নেতা-কর্মীদের নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য আলাদা সম্মেলন করা হয়েছে।