প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম পা রেখেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায়। তবে এভারেস্ট বিজয়ের আগে মুসা ইব্রাহীমকে পাড়ি দিতে হয়েছে বহু বন্ধুর পথ। প্রশিক্ষণের একদম প্রথম পাঠ থেকে শুরু করে গেল বছরের অন্নপূর্ণা বিজয়। কেমন ছিল মুসা ইব্রাহীমের পর্বত অভিযাত্রার শুরুর সময়গুলো? তাঁর দুই অভিযানের গল্প শুনিয়েছেন দুই অভিযাত্রী।২০০১ সালের কথা। মুসা এসে একদিন বললেন, ‘এনাম ভাই, আমি ট্রেকিং করতে চাই। কী করতে হবে বলেন।’ মুসার চোখে-মুখে উত্তেজনার ঝিলিক। আমরা যখন ট্রেকিং শুরু করেছিলাম, তখন এ দেশে খুব বেশি কেউ বিষয়টা নিয়ে তেমনটা জানত না। মাথাও ঘামাতে চাইত না। সে সময় মুসার অমন আগ্রহে আমাদের স্বপ্নের ডানায় আরও একটা পালক যোগ হয়েছিল বটে। তবে ট্রেকিং বা এ-জাতীয় অভিযানে শুধু আগ্রহই শেষ কথা নয়, শক্তিমত্তা ও প্রখর বোধশক্তিও বেশ জরুরি। তাই মুসাকেও বাজিয়ে দেখা দরকার। প্রস্তাব দিলাম বান্দরবান ট্রেকিংয়ের। মুসা ইব্রাহীম এক পায়ে খাড়া। চোখে আবারও সেই আনন্দ ও উত্তেজনার ঝিলিক। শুরু হলো ট্রেকিং। মুসার অভিজ্ঞতা নেই, আছে চঞ্চলতা, আগ্রহ। ট্রেকিংয়ে নেমেই লাফিয়ে লাফিয়ে চলতে চান তিনি! জোরে জোরে হাঁটেন! সাত দিনের পথ দুই দিনেই খতম করবেন যেন! এভাবে কিছুদূর চলার পর মুসাকে থামালাম। বললাম, ‘মুসা, এভাবে হাঁটলে তো অল্পতেই হাঁপিয়ে পড়বেন। বাকি পথ এগোনোর আর দম পাবেন না!’ মুসা বেশ অবাক, ‘কেন, এনাম ভাই!’ আমি হেসে বললাম, ‘মুসা, এটা সাধারণ হাঁটাহাঁটি না। এটা অভিযান। আপনাকে একটা ছন্দ আবিষ্কার করতে হবে। নির্দিষ্ট একটা গতিতে পথ চলতে হবে। আপনি এখানে এসেছেন খালি হাতে। আপনার সম্বল বলতে আপনার একজোড়া পা, একজোড়া হাত আর আপনার বোধশক্তি। এগুলোর যথার্থ ব্যবহারই আপনার সফল অভিযানের পূর্বশর্ত।’ব্যস, এরপর মুসাকে আর কিছু বলতে হয়নি। অভিযান ব্যাপারটা তাঁর সহজাত। আমাদের এই অভিযানের পাগলামো অনেককেই পেয়েছিল, পরে অনেকেরই তা ছুটেও গেছে। মুসা থেমে থাকেননি। তাঁর ভেতরে একটা জেদ কাজ করত সব সময়। তাই শেষমেশ প্রথম বাংলাদেশি হিসেবে মুসা পা রেখেছেন হিমালয়ের চূড়ায়! তাঁর এই অনন্য কীর্তি আমাদের স্বপ্নকে রঙিন করেছে। যদিও মুসাকে এ কথা কোনো দিন বলিনি, এ-বেলা বলে নিই—বান্দরবানের ওই ট্রেকিংয়ের মাধ্যমে আসলে একটা পরীক্ষাই নিয়েছিলাম তাঁর। পরীক্ষাটা পরবর্তী অভিযানের উদ্দেশে। বলা বাহুল্য, মুসা উতরে গিয়েছিলেন। তাই পরের অভিযানে আমার তাঁবুর সঙ্গী ছিলেন মুসাই। অভিযানটা ছিল ২০০২ সালে। মিশন অন্নপূর্ণা। সেবার আমি নেপালে গিয়েছিলাম বিমানে। আর মুসা ও আমাদের আরেক সঙ্গী এসেছিলেন সড়কপথে। ১০ এপ্রিল কাঠমান্ডু বিমানবন্দরে নেমেই দেখি মুসা ইব্রাহীম আমার অপেক্ষায়। মুখে অতিপরিচিত হাসি। হোটেলে উঠে বললাম, ‘মুসা, দেখি কী কী এনেছেন অভিযানের জন্য।’ মুসা ব্যাগ খুললেন। তাঁর বহর দেখে বললাম, ‘এক অঙ্কের তাপমাত্রা কখনো চাক্ষুষ করেছেন?’ মুসা বললেন, ‘না’। দেখেননি, আর এক অঙ্কের সেই তাপমাত্রার সামনে যদি একটা বিয়োগ চিহ্ন যোগ করা হয়, তাহলে কী হবে? মুসা বুঝে গেলেন আমি কী বলেছি। এখানকার ঠান্ডা সম্পর্কে একটা ধারণা দিতে দিতে আমরা ছুটলাম গরম কাপড় কিনতে। দেখেশুনে কয়েকটা জ্যাকেট কিনে নিলাম আমরা। হাঁটতে এসেছি, পথও তৈরি হাঁটার জন্য। তবে আর দেরি কেন? শুরু হলো আমাদের ট্রেকিং। প্রথম গন্তব্য একলেবাতি। জমসম বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টার পায়ে চলা পথ। পুরোটাই পাথুরে পথ। পাশে কালিগান্দাকি নদী। রোগাপটকা শীর্ণ ধারা, কিন্তু স্রোত ভয়ংকর! ভুল করে পা দিলেই রক্ষা নেই! নদী থেকে নিরাপদ দূরত্বে খুব সাবধানে চলছিলাম আমরা। চারপাশের প্রাকৃতিক নৈসর্গ দেখে মুগ্ধ সবাই। কিন্তু অভিজ্ঞতা না থাকায় মুসা হোঁচট খেতে খেতে পেরেশান। এভাবে হাঁটতে হাঁটতে সাড়ে ১১টায় একলেবাতি পৌঁছালাম আমরা। কিছুটা বিশ্রাম নিয়ে ফের হাঁটতে শুরু করলাম। সুযোগ পেলেই মুসা নানা ছলে থেমে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা যে মাসল পুলের পর্যায়ে গড়াবে, ভাবিনি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো তাঁকে। আমাদের পরবর্তী গন্তব্য মুক্তিনাথ। মানচিত্র বলছে, মুক্তিনাথের আগে ঝারকোট নামের একটা গ্রাম পড়বে। আপাতত সেখানে পৌঁছাতে পারলেও হয়। গ্রামটির উচ্চতা ১১ হাজার ৬৪৭ ফুট। মাথায় চিন্তা—পারব তো আজ সেখানে পৌঁছাতে? আমাদের টাকা ছিল কম, তাই নির্দিষ্ট দিনের কম সময় নিয়ে বেরিয়েছিলাম আমরা। ভেতরে ভেতরে একটা তাড়া। এক ঘোড়াওয়ালার দেখা পেলাম। ভাবলাম, মুসাকে ঘোড়ার ওপরে চাপিয়ে আমরা হাঁটতে শুরু করলে কেমন হয়? মুসাকে বললাম, ‘ঘোড়ায় উঠেছেন কখনো?’ মুসা ডানে-বাঁয়ে মাথা ঘুরিয়ে বললেন, ‘না’! এর মাঝে ঘোড়ার মালিকও চার হাজার রুপি হেঁকে বসেছেন। এত রুপির কথা শুনেই মুসা লাফ দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। বললেন, ‘আমি তৈরি!’ তাঁর এই আকস্মিক মনোবল ফিরে পাওয়ায় পরিকল্পনা বাতিল। এবং সত্যি সত্যি মুসা হাঁটতে শুরু করলেন! কিন্তু আমার মনে অন্য চিন্তা খেলছে, আজ আর মুক্তিনাথে গিয়ে কাজ নেই। তবুও হাঁটতে থাকলাম আমরা। মুসাও হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এভাবে চলতে চলতে যখন আমাদের যাত্রাকে অনন্তযাত্রা মনে হচ্ছিল, ঠিক তখনই স্বয়ং ঝারকোটে উপস্থিত আমরা! ঝারকোটে সেই রাতটা কাটিয়ে পরের দিন আবারও ট্রেকিং শুরু হল। ঝারকোট থেকে পোখারা। পোখারা থেকে ঘাসা। সেখানে একটা হোটেলে উঠলাম আমরা। হোটেল থেকে বেরিয়ে ঘণ্টা তিনেক হাঁটাহাঁটি করে রুকসি সাহারা নামের এক জায়গায় পৌঁছে দেখি বিশাল এক ঝরনা, নেমে এসেছে পাহাড়ের গা বেয়ে। পাথর চিরে ছুটে যাচ্ছে তুমুল বেগে। ঝরনার ভয়ংকর রূপে অভিভূত মুসা। মুসার অমন ভাব দেখে বললাম, ‘কী মুসা, কবিতা লেখা শুরু হবে নাকি?’ মুসা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আমরা আসলে খুব একা, তাই না?’ সে দিন কী উত্তর দিয়েছিলাম, জানি না। কিন্তু আজ বলতে পারি, ‘মুসা, আপনি একা নন। এভারেস্টের চূড়ায় শুধু আপনি একা ওঠেননি। গোটা বাংলাদেশ আপনার সঙ্গে আছে। আপনার জন্য আমরা গর্বিত।’অনুলিখন: মাহফুজ রহমান