বান্দরবান পৌরসভায় পানিসংকট
বান্দরবান পৌর শহরে পানিসংকট কাটছে না। চাহিদার এক-তৃতীয়াংশ পানিও পাচ্ছে না পৌরবাসী। তা ছাড়া সরবরাহ দেওয়া পানি ঘোলা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেছে বাসিন্দারা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (পানি সরবরাহ) খোরশেদ আলম বলেন, পৌরসভায় ৬৫ হাজার জনসংখ্যা অনুমিত হিসাবে প্রতিজনে গড়ে ১০০ গ্যালন করে ৬৫ লাখ গ্যালন পানির চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ক্যচিংঘাটার পানি পরিশোধন ও সরবরাহ কেন্দ্র থেকে ২৮ লাখ গ্যালন পানি প্রায় তিন হাজার ১০০ গ্রাহককে পালাক্রমে সরবরাহ দেওয়া হচ্ছে।
পৌরবাসী জানান, তিন-চার দিন পর এক ঘণ্টা করে একবার পানি সরবরাহ দেওয়া হলেও প্রায় আধা ঘণ্টা পর্যন্ত আসে ঘোলা ও ময়লাযুক্ত পানি।
উজানিপাড়ার গৃহবধূ রূপনা দাশ বলেন, যে পানি পাওয়া যায়, তা নিরাপদ নয়। এ জন্য পানীয় জলের জন্য যাঁদের বাড়িতে গভীর নলকূপ অথবা নলকূপ রয়েছে, তাঁদের কাছে ধরনা দিতে হয়।
মধ্যমপাড়ার অংশৈ মারমা বলেন, মাঝেমধ্যে পাঁচ-ছয় দিনেও পানি পাওয়া যায় না। তখন শঙ্খ নদ ও বিভিন্ন পুকুরের পানি ব্যবহার করতে হয়।
স্থানীয় লোকজন জানান, জেলা শহরের মধ্যমপাড়া, জাদিপাড়া, কলাপাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, বনরূপা, কাশেমপাড়া ও বাজার এলাকায় পানির সংকট বেশি। এখানকার বাসিন্দারা আশপাশের গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করেন।
সরেজমিনে দেখা যায়, উজানিপাড়া, মধ্যমপাড়া, জাদিপাড়া ও কলাপাড়ার কয়েকটি স্থানে গভীর নলকূপ থেকে পানি সংগ্রহের জন্য নারীদের ভিড় লেগে আছে। এসব নলকূপে সকাল ও বিকেলে পানি সরবরাহ দেওয়া হয়। কেউ কেউ ঠেলাগাড়িতে বড় বড় ড্রাম নিয়ে পানি নিয়ে যাচ্ছেন।
উজানিপাড়ার বাসিন্দা উচিংপ্রু মারমা বলেন, পানি সরবরাহ লাইনে দৈনন্দিন ব্যবহারের অর্ধেক পানিও পাওয়া যায় না। এ জন্য অন্য সব কাজ বাদ দিয়ে সকালে পানির জন্য এখানে-ওখানে ঘুরতে হয়।
উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম জানান, সরবরাহ দেওয়া পানি বিশুদ্ধ। সংযোগ লাইনে সমস্যা থাকলে পানি ঘোলা-ময়লা ও দুর্গন্ধ হতে পারে। এ রকম সমস্যা থাকলে সুনির্দিষ্টভাবে জানালে সমাধান করে দেওয়া হবে।
জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, পৌরসভার চাহিদার ৪৫ শতাংশ পানি সরবরাহ দেওয়া হচ্ছে। এবার বান্দরবান পৌরসভাসহ তিন পার্বত্য জেলার সাতটি পৌরসভার পানি সরবরাহ অবকাঠামো উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা করা হয়েছে। ৫৪৩ কোটি টাকার ওই মহাপরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে পৌরবাসীকে শতভাগ নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অর্থবছর থেকে মহাপরিকল্পনার কাজ শুরু হবে।