বান্দরবান বিএনপিতে বিরোধ তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। কয়েক বছর ধরেই স্থানীয় বিএনপিতে এ দুটি পক্ষের দ্বন্দ্ব চলছিল। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর মনোনয়ন নিয়ে এই বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। এখন নির্বাচনের পর দলের পরাজয়ের দায় এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষের ওপর চাপাতে চাইছেন। এ নিয়ে কেন্দ্রের কাছে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন তাঁরা।
বিএনপির নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। অন্য পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ। পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে জেলা কমিটি থেকে জেরি-আজিজ পক্ষের প্রস্তাব উপেক্ষা করে কেন্দ্রীয় নেতারা জাবেদ-মাবুদ পক্ষের জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ায় দুই পক্ষের বিরোধ তীব্র হয়। নির্বাচনের দুই দিন আগে জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তাঁরা দুজনই জেরি-আজিজ পক্ষের নেতা। একই সময়ে আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। চার শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে পৌর নির্বাচনের দুদিন আগে দলীয় মেয়র প্রার্থী জাবেদ রেজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেন জেরি-আজিজ পক্ষের নেতা-কর্মীরা। নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য কাজী মহতুল হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি জেরি-আজিজ পক্ষের সদস্য ছিলেন।
এ ব্যাপারে জাবেদ-মাবুদ পক্ষের নেতা ও জেলা বিএনপির প্রচার সম্পাদক জসীম উদ্দিন বলেন, যঁারা দলীয় প্রতীকের বিপক্ষে কাজ করেছিলেন, স্বাভাবিকভাবে তঁারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে দলীয় প্রতীকের বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল-সমাবেশ দলীয় শৃঙ্খলা ভঙ্গেরও শামিল এবং তঁারা সেটাই করেছেন।
জেরি-আজিজ পক্ষের নেতা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বহিষ্কার-তিরস্কার কোনো বিষয় নয়। দলের জন্য নিবেদিত হয়ে কাজ করাই মুখ্য বিষয়। দলের তৃণমূলের সিদ্ধান্ত বাদ দিয়ে প্রার্থী দিলে স্বাভাবিকভাবে তিনি গ্রহণযোগ্যতা পাবেন না। এ জন্য বহিষ্কার করতে হলে দলই থাকবে না।
দলের একাধিক সূত্র জানায়, বিএনপির জেলা কমিটি পুনর্গঠনের জন্য জাবেদ-মাবুদ পক্ষ কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানিয়েছেন। তঁাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং মারমা, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ওসমান গণিও একাত্মতা ঘোষণা করেছেন। তাঁরা বর্তমান জেলা কমিটির সাচিংপ্রু জেরি ও আজিজুর রহমানকে বাদ দিয়ে মাম্যাচিং মারমাকে সভাপতি, জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক, আবদুল মাবুদকে সাংগঠনিক সম্পাদক করে একটি জেলা কমিটি করারও প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রের কাছে।
কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং ও জেলা সহসভাপতি ওসমান গণি বিষয়টি স্বীকার করেননি। জেলা কমিটিতে প্রস্তাব দেওয়ার বিষয়টিও সত্য নয় বলে তাঁরা জানান। মাম্যাচিং বলেন, শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে দলকে শক্তিশালী করা যাবে না। সবাইকে একসঙ্গে কাজের পরিবেশ গড়ে তুলতে হবে। এ অবস্থায় যদি তঁাকে দলের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি দলকে শক্তিশালী করার চেষ্টা করবেন।