বান্দরবান সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

‘পিঠা খাও ঐতিহ্য ধরে রাখো’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব হয়ে গেল বান্দরবান সরকারি মহিলা কলেজে। শিক্ষার অংশ হিসেবে ঐতিহ্যের পুনরুজ্জীবন ও লালনের মাধ্যমে আগামী দিনের শিক্ষিত মায়েদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
৬ ফেব্রুয়ারি জেলা শহরের বালাঘাটা কলেজ প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া। এ সময় তিনি বলেন, পিঠা উৎসব হচ্ছে আবহমান বাংলার উৎসব-পার্বণের অবিচ্ছেদ্য ঐতিহ্য। এ ঐতিহ্য পাহাড়ি ও বাঙালি প্রত্যেকের সংস্কৃতির শেখড়ের সন্ধান দেয়। তাই এ উৎসব প্রতিবছর আয়োজন করা হবে।
পিঠা উৎসবে বাঙালি, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন জনগোষ্ঠীর ছাত্রীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে বাহারি পিঠা নিয়ে অংশ নেন।
ছাত্রীরা বলেন, ‘পিঠা খেলে ঐতিহ্য টিকে থাকবে। এ জন্য আমরা বলছি, “পিঠা খাও ঐতিহ্য ধরে রাখো”।’ রংপিঠা, মাছপিঠা, পাটিসাপটাসহ আদিবাসী ও বাঙালির ২৫ রকমের পিঠা নিয়ে এসেছেন আবিদা সুলতানা, শ্রাবন্তি দাশ ও হ্রায়ইচিং মারমা। সাজবাতি পিঠা হাউস ব্যানারে অন্বি দেওয়ানজি, সনি দাশ ও সুস্মিতা পাল এনেছেন হূদয়হরণ, রংশীলা, বিনিসুতাসহ বেশ কয়েক পদের রোমান্টিক নামের পিঠা। নতুন প্রজন্মের জন্যই এসব পিঠা তৈরি করা হয়েছে বলে জানালেন তাঁরা।
পাহাড়ি পিঠা স্টোরে মিসিংনু মারমা, রেনী মারমা নিয়ে এসেছেন মারমাদের সিকামু, বিনিপিঠা ও বলাপিঠা। আর জীবন্তি তঞ্চঙ্গ্যা ও সূচনা তঞ্চঙ্গ্যা এনেছেন কচি বাঁশের ডগায় সেদ্ধ করা বিনি চালের পিঠা। তঞ্চঙ্গ্যা ভাষায় এটিকে বলা হয় চুমো পিঠা বা বিনিগোরান। এ রকম নানা রকম পিঠা তৈরি, বিক্রি, প্রদর্শনী ও খাওয়াদাওয়ার আনন্দ ভাগাভাগির মাধ্যমে বিকেলে শেষ হয় উৎসবের।