বান্দরবানে অবৈধ জ্বালানি তেলের দোকানগুলো আবার চালু
বান্দরবান জেলা শহরের মূলকেন্দ্রে বিপজ্জনক পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রির অবৈধ দোকানগুলো সপ্তাহ খানেক বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এসব দোকানে যেকোনো সময় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন। স্থানীয় লোকজন জানান, গত ৯ আগস্ট সকাল ১১টার দিকে শহরের ট্রাফিক মোড়ে একটি তেলের দোকানে এক মোটরসাইকেল আরোহী জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে বোতল থেকে অকটেন ভর্তি করার সময় আগুন ধরে যায়। দোকানের কর্মচারী অকটেনের বোতলটি ট্রাফিকের গোলচত্বরের দিকে ছুড়ে মারলে স্থানীয় শিশু ইইচিং (৭) ও তার মা লাম্যাপ্রু আহত হন। এ সময় লোকজন পার্শ্ববর্তী বালুর স্তূপ থেকে বালু ফেলে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে একজন নির্বাহী হাকিম এসে দোকানগুলো বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সপ্তাহ খানেক পর থেকেই দোকানগুলো আবার খুলতে শুরু করেন দোকানিরা। খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের ট্রাফিক চত্বর, রোয়াংছড়ি বাস স্টেশন, হাফেজঘোনা, বালাঘাটা ও কালাঘাটায় দীর্ঘদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় অকটেন, পেট্রল, ডিজেল ও এলপি গ্যাস বিক্রি করেন। কোনো রকম প্রশাসনিক, দমকল বাহিনী বা অগ্নিনির্বাপক সংস্থার অনাপত্তিপত্র ছাড়াই খোলামেলাভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। সাধারণ ব্যবসায়ীরা জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একটি কোম্পানির স্থানীয় ব্যবস্থাপক গোলাম সরওয়ার ও ব্যবসায়ী আবু সালেহ জানান, অসাবধানতাবশত কোনো একটি দোকানে আগুন লাগলে জেলা শহরের পুরো ব্যবসায়িক এলাকা ধ্বংস হয়ে যাবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি বিক্রির দোকানগুলো বন্ধের ব্যাপারে কয়েক বার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন সমঝোতা ছাড়া এভাবে প্রকাশ্যে জ্বালানি তেল বেচাকেনা সম্ভব হতো না বলে তাঁরা মন্তব্য করেন। তেলের দোকানের মালিক আবু তৈয়ব ও মনু দাশ পেট্রোলিয়াম জাতীয় তেল বিক্রির কথা অস্বীকার করে বলেন, ‘আগস্টে আগুন লাগার পর থেকে তাঁরা শুধু কেরোসিন বিক্রি করছেন। এতে তাঁদের প্রচুর ক্ষতি হচ্ছে।’ তবে আবু তৈয়ব বলেন, ‘আগের কিছু তেল থাকায় মোটরসাইকেলের চালকেরা চাইলে মাঝেমধ্যে দেওয়া হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জামান ও বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমির হোসেন বলেছেন, শুধু কেরোসিন বিক্রির শর্তে বন্ধ দোকানগুলো খুলে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি বিক্রি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিনির্বাপক সংস্থার স্টেশন কর্মকর্তা আবদুল কাদের জানান, তাঁরাও খোলা দোকানে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি বিক্রির মৌখিক অভিযোগ পেয়েছেন। অবিলম্বে দোকানগুলোতে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হবে।