বান্দরবানে আজ বৈসাবি উৎসব শেষ
বান্দরবানে উৎসবপ্রিয় আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব আজ রোববার শেষ হচ্ছে। সপ্তাহব্যাপী ‘সাংগ্রাইংমা ঞি ঞি ঞা ঞা (এসো হে বৈসাবির মৈত্রী পানি বর্ষণে)/ নচাঙ যেবার এ জাগান ছাড়ি (যেতে চাই না এ জায়গা ছেড়ে)—এ রকম মারমা ও চাকমা গানের সুরে সুরে জেলাশহরসহ আদিবাসী জনপদগুলো উৎসবের আনন্দে মেতে উঠেছিল। উৎসবের মধ্যেও এবার মূল দাবি ছিল ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই।’ জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখ ও বম আদিবাসীদের প্রথম বৈসাবি বম মেলার আয়োজন করায় এ সর্বজনীন উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে রুমা উপজেলায় সেনানিবাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে সেখানকার মানুষ বৈসাবি উৎসব বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।রাঙ্গামাটি ও খাগড়াছড়ির এক দিন পর বান্দরবানে ১৩ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৈসাবি উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। রাজবাড়ি মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকে মারমা, ত্রিপুরা, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা, চাকমা, রাখাইনসহ ১২টি আদিবাসী জনগোষ্ঠীর হাজারো নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর। এবারের বৈসাবি শোভাযাত্রায় বম, পাংখুয়া, লুসাই, ম্রো ও রাখাইনেরা অংশগ্রহণ করায় আরও বেশি বর্ণাঢ্য ও বৈচিত্র্যপূর্ণ হয়। শোভাযাত্রা শেষে উদ্যাপন কমিটির সভাপতি মংহ্নৈচিং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পাচউবো চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচপ্রু মাস্টার প্রমুখ। বীর বাহাদুর বলেছেন সাংগ্রাইং (বৈসাবি) আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যের একটি অনন্য উৎসব। এ উৎসব আগামী দিনে আরও সুন্দর ও মনোমুগ্ধকরভাবে উদ্যাপনের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝুকে সংক্ষেপে বৈসাবি বলা হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের গত মঙ্গলবার বৈসাবির শুরু বা ফুলবিঝু। আর বর্মী পঞ্জিকা অনুসরণকারী মারমা ও অন্যান্য আদিবাসীদের গতকাল বুধবার ছিল সাংগ্রাইং আক্যোয়া অর্থাৎ সাংগ্রাইংয়ের আবাহন। এ জন্য আদিবাসীদের মধ্যে মারমা সংখ্যাগরিষ্ঠ বান্দরবানে প্রতিবছর রাঙ্গামাটি ও খাগড়াছড়ির এক দিন পরে সর্বজনীন এ সামাজিক-সাংস্কৃতিক উৎসব হয়ে থাকে। সাংগ্রাইং উদ্যাপন কমিটির সদস্যসচিব শৈটিংওয়াই জানান, সাংগ্রাইং উৎসব আজ রোববার শেষ হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিনে পবিত্র বৌদ্ধমূর্তি স্নান, বিলুপ্তপ্রায় আদিবাসী খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ১৫ এপ্রিল মৈত্রী পানি বর্ষণ, আজ শেষ দিনও মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। গত শুক্রবার লাইমিপাড়ায় বম আদিবাসী মেলায় বমদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ত্রিপুরা কল্যাণ সংসদও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে রুমা উপজেলায় আদিবাসীরা বৈসাবি উৎসব বর্জন করেছেন। বুধবার এখানে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির উপজেলা সভাপতি লুপ্রু মারমা। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান খয়চং ম্রো, পান্তলা মৌজার হেডম্যান নুমলাই ম্রো, মংশৈপ্রু খিয়াং, শৈহ্লাপ্রু কার্বারি (পাড়া প্রধান), ইউপি সদস্য নিহ্লাঅং মারমা প্রমুখ। বক্তারা বলেন, সেনাবাহিনী আদিবাসীদের উচ্ছেদ করার জন্য প্রয়োজনের অতিরিক্ত হাজার হাজার একর জমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অধিগ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে। এ প্রক্রিয়া বন্ধ করা না হলে অবিলম্বে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এ ব্যাপারে রুমা সেনানিবাসের অধিনায়ক লে. কর্ণেল ওয়াসিমুল হক জানান, অধিগ্রহণের প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যতদূর সম্ভব কমিয়ে এবং জনসাধারণকে ক্ষতিগ্রস্ত না করে অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে। সে জন্য নয় হাজার ৫৬০ একর থেকে এখন সর্বোচ্চ তিন হাজার একর অধিগ্রহণের প্রস্তাব আনা হচ্ছে। পাহাড়ি ঢালু জমিতে স্থাপনা করতে বেশি জমি প্রয়োজন বলে ওইটুকু পরিমাণ জমি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।