বান্দরবানে আবার মামি-ভাগনের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কে তাঁরা মামি-ভাগনে। বোমাং রাজপরিবারের সদস্য। দুজনই বিএনপির রাজনৈতিক মতাদর্শের অনুসারী। কিন্তু তাঁদের এ মিল মাঠে বিপরীত, রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিং ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি। মাম্যাচিং জেরির মামি।
মাম্যাচিং ও জেরির এ কোন্দল ঘিরে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। সব কর্মসূচি পালিত হচ্ছে পৃথকভাবে। তাঁরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারও করছেন।
নেতা-কর্মীরা জানান, তাঁদের এ কোন্দল দীর্ঘদিনের। তবে গত কয়েক বছর আগে কোন্দল ভুলে এক কাতারে আসেন দুজনেই। কিন্তু তা বেশি দিন টিকেনি। এখন দ্বন্দ্ব আবার প্রকাশ্য রূপ নিয়েছে। ১৮দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতালে বান্দরবান পৌর মার্কেট এলাকায় উভয়পক্ষ মাত্র ৫০ গজ দূরত্বে পৃথকভাবে মিছিল-সমাবেশ করেছে। নির্বাচনের আগে শীর্ষ দুই নেতার কোন্দল আবার মাথাচাড়া দিয়ে ওঠায় হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, যুবদল সভাপতি মশিউর রহমান ও কেন্দ্রীয় সদস্য আবদুল মাবুদের মধ্যে প্রায় এক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্ব গড়ায় বিএনপিতে। একপর্যায়ে সভাপতির পদ থেকে মশিউরকে অপসারণ করার সুপারিশ সংবলিত একটি চিঠি যুবদলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। এতে সই করেন বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা। কিন্তু এসব তোয়াক্কা না করে মশিউর তাঁর কর্মীদের নিয়ে আলাদা কর্মসূচি পালন করতে থাকেন। একপর্যায়ে মাম্যাচিংও মশিউরের পক্ষে কাজ করেন। সম্প্রতি তাঁদের মিছিলেও যোগ দেন তিনি। এ নিয়ে বিএনপির জেরির পক্ষের লোকজন ক্ষুব্ধ হন তাঁর ওপর।
এদিকে গত ২৫ অক্টোবর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামলা পাল্টা মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুবদলের সভাপতি মশিউর রহমান এখনো কারাগারে আছেন।
মাম্যাচিংয়ের অনুসারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন জানান, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলায় জেরির পক্ষ তাঁদের ওপর ক্ষুব্ধ। এ জন্য ক্ষমতাসীন দলের সঙ্গে আঁতাত করে যুবদলের সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করিয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না।
অপরদিকে জেরির অনুসারী উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম বলেন. ‘ওরা কোন্ দল তা চেনার দরকার নেই। আওয়ামী লীগের সৃষ্ট বলে তাঁরা ১৮ দলীয় জোটের সঙ্গে নেই।’
এ প্রসঙ্গে মাম্যাচিং বলেন, ‘কোনো বিভক্তির বিষয় নয়, আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। জেলা বিএনপির নেতারা যুবদলের নেতা-কর্মীদের জেলা কার্যালয়ে যেতে নিষেধ করেছিলেন। এ জন্য আমি তাঁদের মিছিলে গিয়েছি। জেরিরা ডাকলে সেখানেও যাব।’
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি বলেন, ‘১৮দলীয় জোট ঐক্যবদ্ধভাবে সব কর্মসূচি পালন করছে। এর বাইরে কে কী করছে তা আমি জানি না।’