বান্দরবানে উৎসবে শামিল সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের ফুল বিঝুর মধ্য দিয়ে গত মঙ্গলবার আদিবাসীদের সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে। উৎসবকে ঘিরে জেলা শহর থেকে প্রত্যন্ত আদিবাসী জনপদগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। তবে এবার ফুল বিঝুর পরদিন বৈসাবির সর্বজনীন শোভাযাত্রা বের করা হয়েছে। এবারের মতো প্রথম বম, পাংখুয়া ও লুসাই আদিবাসীরাও বৈসাবি উৎসবে শামিল হয়েছে। প্রশাসনের উদ্যোগে বাঙালির বর্ষবরণ বা পয়লা বৈশাখ আয়োজন করায় উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে। বৈসাবি উৎসবের এবারের মূল সুর হচ্ছে—‘ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’। পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১ আদিবাসীর মধ্যে বম, লুসাই ও পাংখুয়া—এ তিন আদিবাসী আগে বৈসাবি না করলেও এবার তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মেলার আয়োজন করেছে। তাদের প্রথম এ উৎসব উপভোগের জন্য দেশি-বিদেশি শত শত পর্যটক ভিড় জমিয়েছেন। ফুল বিঝুর দিন চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা তরুণ-তরুণীরা ভোরে বনভূমি থেকে বিঝু ফুল ও অন্যান্য বুনোফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দিয়েছেন। জীবনকে ফুলের মতো পবিত্র ও নদীর প্রবাহের মতো গতিময় করার কামনায় ফুল ভাসানো হয়। ম্রো, খুমি, চাক, খিয়াংরাও নিজ নিজ ঐতিহ্যধারায় বৈসাবি উৎসব পালন করবেন। ম্রোদের সবচেয়ে আকর্ষণীয় চাংক্রান উৎসব চিম্বুক পাহাড়ের পটুসিংপাড়ায় হয়ে থাকে।ত্রিপুরা আদিবাসীরা এবার বৈসু উৎসবে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলুপ্তপ্রায় ত্রিপুরা লোকজ খেলাধুলা আয়োজনের উদ্যোগ নিয়েছে বলে ত্রিপুরা কল্যাণ সংসদের সদস্য দিনেন্দ্র ত্রিপুরা জানিয়েছেন। বান্দরবানের সাংগ্রাই উদ্যাপন কমিটির সভাপতি মংহ্নৈচিং মারমা জানিয়েছেন, ১৩ এপ্রিল জেলায় বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র ব্যানারে শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাংসদ বীর বাহাদুর, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান অংশ নেবেন। আবার ১৪ এপ্রিল আদিবাসীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আরেকটি শোভাযাত্রা বের করা হবে। বান্দরবানের সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের ব্যানারে ১১টি আদিবাসীর এ শোভাযাত্রা থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হবে। সাংগ্রাই উদ্যাপন কমিটির সদস্য জলিমং মারমা জানিয়েছেন, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫ ও ১৬ এপ্রিল মৈত্রী পানিবর্ষণ আয়োজনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। জেলা প্রশাসনের উদ্যোগেও পয়লা বৈশাখ বা বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে তারা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বলীখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভোজসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বলে উৎসব কমিটির সদস্য ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন।