বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা) উৎসব গত মঙ্গলবার শুরু হয়েছে। মারমাসহ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদ্যাপন করছেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রথাপোয়ে রথযাত্রা অনুষ্ঠিত হবে।মারমা ভাষায় ওয়াগ্যোয়াই পোয়ে অর্থ প্রবারণা উৎসব। মিয়ানমারের ধর্মীয় সংস্কৃতির প্রভাবে প্রভাবিত মারমা, ম্রো, খিয়াং, চাক, খুমীসহ অন্যান্য আদিবাসীরা ওয়াগ্যোয়াই পোয়েকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকেন। বর্মি বর্ষপঞ্জি বা মঘিসন অনুসরণ করে তাঁরা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন করেন। সপ্তাহব্যাপী ওয়াগ্যোয়াই পোয়ে কাল শুক্রবার পর্যন্ত চলবে। ৫ অক্টোবর রাজবাড়ি মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। সন্ধ্যায় মারমা শিল্পীগোষ্ঠী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার ধর্মীয় শোভাযাত্রা, প্রার্থনা সভা ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব আয়োজিত হয়েছে। এ ছাড়া আকাশে উড়েছে শত শত ফানুস। ওয়াগ্যোয়াই উদ্যাপন কমিটির আহ্বায়ক মংহ্নৈচিং মারমা জানান, পুরাতন রাজবাড়ি মাঠে উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান ও পৌরসভার মেয়র জাবেদ রেজা। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন রথযাত্রা রথাপোয়ে। আজ সন্ধ্যার আকাশে শত শত ফানুস ওড়ানোর পর রাজবাড়ি মাঠ থেকে বিশাল রথটি যাত্রা শুরু করবে। আদিবাসী শিল্পীরা এ সময় ধর্মীয় সংগীত পরিবেশন করবেন। শোভাযাত্রাসহ রথটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এ সময় ঘরবাড়ি থেকে সব বয়সের নারী-পুরুষ রাস্তায় নেমে এসে বুদ্ধের উদ্দেশে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করবেন। কাল শুক্রবার সপ্তাহব্যাপী ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শেষ হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। প্রসঙ্গত, বিশুদ্ধ ধর্মীয় জীবনাচার চর্চার জন্য বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের বর্ষাবাস পালন করেন। আশ্বিন মাসের পূর্ণিমায় তাঁরা বর্ষাবাস শেষ করেন। বর্ষাবাস শেষ হয় যে পূর্ণিমার মধ্য দিয়ে সেদিনই ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব শুরু হয়। বৌদ্ধধর্মে ভিক্ষু সংঘের বর্ষাবাস, প্রবারণা ও কঠিন চীবর দান—তিনটি পরস্পর সম্পর্কযুক্ত। কোনো ভিক্ষু বর্ষাবাস না করলে তাঁর প্রবারণা করার সুযোগ নেই। আর প্রবারণা করা সম্ভব না হলে কঠিন চীবর গ্রহণ করা যায় না। কঠিন চীবর গ্রহণ করতে না পারলে বৌদ্ধ ভিক্ষুর সাধনাও অপূর্ণ থেকে যায়।