বান্দরবানে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে ক্ষুব্ধ ম্রো সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান-থানচি সড়কে চলাচলকারী গণপরিবহনে ম্রো সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। এই সড়কে অবস্থিত কয়েকটি ম্রো বসতির বাসিন্দারা এসব গণপরিবহনে উঠে চালক ও চালকের সহকারীর দ্বারা হেনস্তা হওয়ার অভিযোগও করেছেন। গত ১৩ নভেম্বর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন চিম্বুক পাহাড়ে বসবাসকারী ম্রো সম্প্রদায়ের লোকজন।
৭ ডিসেম্বর চিম্বুক এলাকার কয়েকজন ম্রো শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা চিম্বুক পাহাড়ের সন্তান। চিম্বুক পাহাড়ের ওপর দিয়ে বান্দরবান-চিম্বুক-থানচি সড়ক হয়েছে। কিন্তু এ সড়কে চলাচলকারী গণপরিবহনে আমাদের নিতে চায় না। ৫০ টাকার ভাড়া ১৫০-২০০ টাকা আদায় করে। এ রকম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না’।
ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি য়াং ঙান ম্রো ও বর্তমান সভাপতি সিন য়া ম্রো বলেন, ম্রোদের জন্মভূমি চিম্বুক পাহাড়ের ওপর দিয়ে সড়ক হওয়ায় সবাই খুশি হয়েছিলেন। কিন্তু গাড়ির চালক, চালকের সহকারীরা তাঁদের সঙ্গে বাজে আচরণ করেন। ভাড়াও বেশি আদায় করেন। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
দক্ষিণ হাঙ্গর মৌজার হেডম্যান পারিং ম্রো, ইউপি সদস্য নানদাও ম্রো, রুইয়াং ম্রো, চিম্বুক পাড়ার চিংহ্লাউ খিয়াং, রেংপর ম্রো বলেন, তাঁরা গাড়ি ভাড়ার ব্যাপারে গত ১১ নভেম্বর বিভিন্ন পাড়াবাসীকে নিয়ে একটি সভা করেছিলেন। এতে গাড়ির ভাড়া নির্ধারণে প্রাথমিকভাবে প্রশাসনের কাছে লিখিত আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে চিম্বুক এলাকার ম্রোরা বলেছেন, চালক ও সহকারীদের অসৌজন্যমূলক আচরণ ও ৫০ টাকার ভাড়া ১৫০-২০০ টাকা আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন পাড়াবাসীর সহজ যাতায়াত ও কিলোমিটারের ভিত্তিতে ন্যায্য ভাড়া অবিলম্বে নির্ধারণ করে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উদ্যোগে ৬ ডিসেম্বর আয়োজিত হেডম্যান-কারবারি সম্মেলনেও চিম্বুক পাহাড়ের বসন্ত পাড়ার কারবারি চংরাই ম্রো এই বিষয়টি তুলে ধরেছেন। ওই সভায় চংরাই ম্রো দ্রুত ভাড়া নির্ধারণের বিষয়টি সুরাহা করারও দাবি জানান।
এ বিষয়ে বান্দরবান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বিষয়টা আমাদের জানানো হয়নি। খোঁজ খবর নিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চালক এবং সহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ম্রোদের লিখিত আবেদনের বিষয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ম্রো সম্প্রদায়ের লিখিত আবেদন পেয়েছে। তবে তাঁরা কোনো নির্দিষ্ট যান-বাহনের কথা উল্লেখ করেননি। তারপরও এ বিষয়ে তদন্ত করা হবে।
উল্লেখ্য ম্রো সম্প্রদায়ের লোকজন শুধু বান্দরবান জেলার দুর্গম পাহাড়ে বসবাস করেন। জনসংখ্যায় পাহাড়িদের মধ্যে মারমাদের পরে তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। জেলার প্রায় ৪০ হাজার ম্রো জনসংখ্যার অধিকাংশই চিম্বুক পাহাড়ে বসবাস করেন।