বান্দরবানে গত এক মাসে কমেছে পর্যটক
গত নভেম্বর মাস থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বান্দরবানের হোটেল-মোটেলগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। তবে গত মাসের শেষ সপ্তাহ থেকে ধীরে কমেছে পর্যটকদের সংখ্যা। হোটেল-মোটেল ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি–প্রক্রিয়া এবং নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে অভিভাবকদের। আগামী সপ্তাহ থেকে আবারও পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছেন তাঁরা।
গত এক মাসে বান্দরবানের পর্যটন করপোরেশনের মেঘলা পর্যটন মোটেল ও বেসরকারি রিসোর্টগুলোতেও কমেছে পর্যটকের সংখ্যা। মেঘলা পর্যটন মোটেলের আবাসিক ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ২০ ডিসেম্বরের পর থেকে পর্যটক না থাকায় ব্যবসায় মন্দা যাচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে পর্যটকদের বুকিং রয়েছে। একই কথা বললেন গাইড ট্যুরসের হিলসাইড রিসোর্টের ব্যবস্থাপক রয়েল ইয়েন সাং বম। বান্দরবানের বেশ কয়েকটি আবাসিক হোটেল ঘুরেও একই চিত্র দেখা গেছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কাটাচ্ছেন অলস সময়।
১৪ জানুয়ারি বান্দরবানের মেঘলা, নীলাচল, স্বর্ণমন্দিরসহ পর্যটনকেন্দ্রগুলোতে গিয়ে কিছু পর্যটক দেখা গেছে, যাদের অধিকাংশই শহরে রাত যাপন করেননি। দিনে এসে দিনেই ফিরে গেছেন তাঁরা। অনাবাসিক এই পর্যটকেরা জানিয়েছেন তাঁরা অধিকাংশই চট্টগ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দা। তবে কুমিল্লা, ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্যাকেজ ভ্রমণেও এসেছিলেন বেশ কিছু পর্যটক। প্যাকেজ ভ্রমণে আসা পর্যটকেরা কক্সবাজার, সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করে ফেরার পথে বান্দরবানে আসেন। এখানে সারা দিন আকর্ষণীয় স্থানগুলো ঘুরে রাতেই আবার চলে যান।
ঢাকা মিরপুর থেকে বেড়াতে আসা মোহাম্মদ আলী ও আবদুর রবের সঙ্গে কথা হয় নীলাচল পর্যটনকেন্দ্রে। গত বৃহস্পতিবার তাঁরা কক্সবাজার বেড়িয়ে বান্দরবান এসেছেন। এখানে কয়েক ঘণ্টা থেকে আবার ঢাকা রওনা দেবেন বলে জানালেন তাঁরা। তাঁরা বলেন, ‘আমরা প্যাকেজ ভ্রমণটা কক্সবাজার থেকে শুরু করেছি। কেবল আমরা নই, অধিকাংশ পর্যটকই কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে ঢুঁ মেরে চলে যায়। বান্দরবান এত সুন্দর জানা থাকলে আগে বান্দরবানে কয়েক দিন বেড়িয়ে তবে কক্সবাজার যেতাম।’ বান্দরবানের হোটেল-মোটেল মালিক সমিতির সূত্রে জানা গেছে, শহরে মোট তিন হাজার পর্যটকের জন্য আবাসিক হোটেল-মোটেলগুলোতে থাকার ব্যবস্থা আছে। তবে ভরা মৌসুমে কখনো কখনো এর দেড় থেকে দ্বিগুণ পর্যটকও আসেন বলে জানান তাঁরা। সাময়িকভাবে কমলেও এ মাসের শেষের দিকে আবারও পর্যটকের সংখ্যা বাড়বে বলে তাঁরা আশা করছেন।
মেঘলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের বিক্রয়কর্মী সুকুমার দাশ বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে পর্যটকের সংখ্যা কমেছে। আগে দিনে গড়ে এক হাজার থেকে দেড় হাজার টাকার টিকিট বিক্রি হলেও এখন গড়ে বিক্রি হচ্ছে ৫০০ টাকার টিকিট।
কেন পর্যটকের সংখ্যা কমেছে, জানতে চাইলে সুকুমার দাশ বলেন, পৌরসভা নির্বাচনের সময় ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের বান্দরবান আসায় বিধিনিষেধ ছিল। এরপর বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এসব কারণেই মূলত পর্যটক কমছে। তবে কয়েক দিনের মধ্যে সংখ্যা বাড়তে পারে বলে তিনি মনে করছেন।
বান্দরবানের আবাসিক হোটেল-মোটেল-বোর্ডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিছু ব্যবসা হয়েছে। পৌরসভা নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে পর্যটকের সংখ্যা কমে যেতে থাকে। এই ধারা এখনো অব্যাহত আছে।