বান্দরবানে চলছে রাজপুণ্যাহর প্রস্তুতি 'আলুংবোয়েহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন পর ২১ ডিসেম্বর বান্দরবানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব। উৎসবে বোমাং সার্কেলের বিভিন্ন মৌজার হেডম্যানরা (মৌজাপ্রধান) বোমাং রাজা উ ত প্রুর হাতে খাজনা তুলে দেবেন। এর আগে রাজপুণ্যাহর পূর্ব প্রস্তুতি হিসেবে চলছে ‘আলুংবোয়েহ’ বা খাজনা গ্রহণ অনুষ্ঠান।
রীতি অনুযায়ী আলুংবোয়েহ অনুষ্ঠানে কার্বারিরা (পাড়াপ্রধান) পাড়াবাসীর জুমের খাজনা হেডম্যানের হাতে তুলে দেন। হেডম্যান রাজপুণ্যাহর জন্য ওই খাজনা তুলে রাখেন।
বান্দরবানের বিভিন্ন মৌজার হেডম্যানরা জানান, বোমাং রাজপুণ্যাহ ঘোষণার পর থেকে তাঁরা প্রতিটি মৌজায় আলুংবোয়েহ অনুষ্ঠানের আয়োজন করেন। বোমাং রাজার ঐতিহ্যগত প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী পাড়ার কার্বারিরা ঘরে ঘরে গিয়ে পাড়াবাসীর কাছ থেকে জুমের খাজনা আদায় করেন। আদায়কৃত ওই খাজনা তাঁরা হেডম্যানকে হস্তান্তর করেন।
বোমাং রাজা দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২১ ডিসেম্বর শুরু হচ্ছে ৩৯তম বোমাং রাজপুণ্যাহ উৎসব। রাজপুণ্যাহর প্রস্তুতি হিসেবে বান্দরবান বোমাং সার্কেলের ১০৯টি মৌজার প্রত্যেক হেডম্যান আলুংবোয়েহ অনুষ্ঠান আয়োজন করে খাজনা আদায় করছেন।
৯ ডিসেম্বর রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত কানাইজো পাড়ায় নোয়াপতং মৌজায় অনুষ্ঠিত হয় আলুংবোয়েহ। ওই অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে খাজনা নিয়ে এসেছেন পাড়ার কার্বারিরা। অনুষ্ঠানে উপস্থিত হন কয়েক শ পাড়াবাসী। হেডম্যান মিচিং মারমা কার্বারিদের কাছ থেকে খাজনা ও উপঢৌকন গ্রহণ করেন।
অনুষ্ঠানে যোগ দেওয়া নাসালংপাড়ার কার্বারি ক্যউপ্রু মারমা বলেন, তাঁর পাড়ায় পরিবারসংখ্যা বেশি হলেও জুমচাষ করে মাত্র ১৭ পরিবার। বন বিভাগের দখল ও নানা কারণে জুমের জমি কমে যাওয়ায় সবাই এখন জুমচাষ করতে পারে না। জুমের খাজনা পরিবারপিছু মাত্র ছয় টাকা। সেই অনুযায়ী ১৭ পরিবারের খাজনা ১০২ টাকা হওয়ার কথা। কিন্তু প্রত্যেক কার্বারি হেডম্যানকে ৭০০ টাকা এবং রাজাকে ৮০০ টাকা করে খাজনা দিচ্ছেন। এ ছাড়া ঐতিহ্য অনুযায়ী হেডম্যানের জন্য একটি মোরগ ও কিছু পরিমাণ পানীয় উপঢৌকন দেওয়া হয়।
নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি খাজনা দেওয়া প্রসঙ্গে নাসালং তঞ্চঙ্গ্যাপাড়ার কার্বারি লক্ষ্মীকুমার তঞ্চঙ্গ্যা বলেন, এটি সমাজের ঐতিহ্যগত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্যই তাঁরা দিয়ে থাকেন। এভাবে তাঁরা হেডম্যান ও রাজাকে সম্মান জানান। এখানে জোর-জবরদস্তি নেই। এমনটা না হলে পাহাড়ি সমাজ চলবে না। সামাজিকতা বলেও কিছুই থাকবে না।
নোয়াতং মৌজার হেডম্যান মিচিং মারমা বলেন, তাঁর মৌজার ১৯টি পাড়ায় এক হাজারের অধিক পরিবার বসবাস করে। জুমচাষির সংখ্যা কমে যাওয়ায় খাজনাও খুবই নগণ্য। কিন্তু মৌজাবাসীর সঙ্গে বছরে অন্তত একবার মিলিত হওয়ার জন্য আলুংবোয়েহ অনুষ্ঠান করা হয়।