বান্দরবানে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের রহস্য উন্মোচিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত ২৭ মার্চ গ্রেপ্তার দুই জঙ্গির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের দুর্গম কলাই ম্রোপাড়া থেকে গ্রেপ্তার হওয়া শামীম মাহফুজ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুইজনের কাছ থেকে বোমা তৈরির বিপুল উপকরণ, জিহাদি বই, সামরিক পোশাকসহ বিভিন্ন প্রশিক্ষণ-সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুর্গম জঙ্গলে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার কথাও পুলিশের কাছে স্বীকার করছেন শামীম ও ইসমাইল। তবে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম কারা সরবরাহ করেছেন তা জানতে পারেনি পুলিশ। এই দুই জঙ্গি কাদের সঙ্গে যোগাযোগ রাখত তা-ও জানা যায়নি। থানচির বলীপাড়া ইউনিয়নের কলাই ম্রোপাড়া ঘন জঙ্গলবেষ্টিত দুর্গম পাহাড়ি এলাকা। গত ২৭ মার্চ দুই জঙ্গিকে এই দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে ছয়টি বস্তাভর্তি জিহাদি বই, বোমা বানানোর নিয়মাবলি, বোমা তৈরির উপকরণ, বারুদ, জ্যাকেট ও মুঠোফোন সেটসহ ১৫১টি সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ময়নাপাড়া ও সেকাদুঝিরিতে অভিযান চালিয়ে ৫২০টি বুলেটের সামনের অংশ (বুলেট হেড) আটটি হাতবোমা (গ্রেনেড) তৈরির ধাতব খোলসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এখনো পর্যন্ত জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হননি। যেভাবে গ্রেপ্তার হন দুই জঙ্গি: বলীপাড়ার কমলাবাগানপাড়ার জ্ঞানসুন্দর চাকমা জানিয়েছেন অনেক আগে থেকে শামীম মাহফুজের গতিবিধি নিয়ে স্থানীয় লোকজন সন্দেহ করে আসছিল। গত ২৬ মার্চ লোকজন তাঁকে বলীপাড়া ও থানচি থেকে বিতাড়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার পরের দিন শামীম মাহফুজ দুর্গম পাহাড়ে অবস্থিত কলাইপাড়ায় বস্তাভর্তি মালামাল নেওয়ার সময় কমলাবাগানের লোকজন একটি বস্তা আটক করেন। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে অবহিত করলে তাঁরা পুলিশসহ এসে সামরিক বাহিনীর জ্যাকেট, ব্যাগ ও বিভিন্ন সরঞ্জাম ভর্তি ওই বস্তা জব্দ করেন। ওইদিন বিজিবি অভিযান চালিয়ে কলাইপাড়া থেকে শামীম ও ইসমাইলকে ছয় বস্তা বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে। নিজেকে গবেষক পরিচয় দিতেন মাহফুজ : বলীপাড়ার কমলাবাগানের কারবারি (পাড়াপ্রধান) গুরিকালা চাকমা জানিয়েছেন, শামীম মাহফুজ নিজেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিচয় দিতেন এবং গবেষণা করতে বলীপাড়ায় এসেছেন বলে জানিয়েছেন। জঙ্গিরা যে মৌজায় প্রশিক্ষণকেন্দ্র গড়ার পরিকল্পনা করেছিলেন সেই থাইক্ষ্যং মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মংপ্রু মারমা বলেন, ‘শুরু থেকে এলাকার লোকজন শামীমের গতিবিধি সন্দেহ করে আসছিলেন। কিন্তু কেউ কিছু বলার সাহস পাননি। তিনি ছাগল ও গরুর খামার করার নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ সরল আদিবাসীদের জমি দখল করে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার কাজ করছিলেন।’জিজ্ঞাসাবাদে জঙ্গিরা যা বলেছেন: গ্রেপ্তারের পর পুলিশ ও বিজিবির জিজ্ঞাসাবাদে গাইবান্ধা ৭৪ নম্বর কলেজপাড়ার বাসিন্দা শামীম মাহফুজ বলেছেন, তিনি দেশের প্রচলিত আইন মানেন না। পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ‘জিজ্ঞাসাবাদে শামীম বলেছেন, মিয়ানমারের নিগৃহীত মুসলমানদের মুক্তির জন্য বলীপাড়া এলাকায় বোমা ও অস্ত্র তৈরির একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। এজন্য সেখানে প্রশিক্ষণের উপকরণসহ যা কিছু প্রয়োজন তা কলাইপাড়ায় মজুদ করছিলেন।’ পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের জঙ্গিদের নাম বলেছেন শামীম। তবে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন তিনি। বিজিবির বলীপাড়া ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল মোমেন চৌধুরী বলেছেন, ঘটনা পরম্পরা ও তার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করলে বোঝা যায় শামীম জেএমবির একজন সংগঠক। গাইবান্ধায় তার বড় ভাই জেএমবির একজন সক্রিয় সদস্য ছিলেন বলে অধিনায়ক জানান। মামলার তদন্তে অগ্রগতি নেই দুই জঙ্গিকে গ্রেপ্তারের পর বিস্ফোরক আইন ও সন্ত্রাস দমন আইনে দুইটি মামলা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর মামলার তদন্তে এখনো কোনো অগ্রগতি হয়নি। মিয়ানমারের মুসলমানদের মুক্তির কথা জঙ্গিরা বললেও তাঁদের রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে কোনো যোগাযোগ আছে কি না পুলিশ খতিয়ে দেখেনি। তা ছাড়া প্রশিক্ষণকেন্দ্রের পৃষ্ঠপোষক ও সহযোগীদেরও শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানচির ময়নাপাড়ায় সরেজমিনে দেখা যায়, চিহ্নিত জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্রটির চারদিকে মজবুত বাঁশের বেড়া। ময়নাপাড়ার ছোসা ও মংথোয়াইচিং মারমা জানান ওই বিশাল আস্তানায় শামীম, তাঁর স্ত্রী ও বাবা ছাড়াও অনেকে থাকতেন। থাকার জন্য আরও দুইটি ঘর তৈরি করা হচ্ছিল। বিজিবির সদস্যরা সেগুলো ভেঙে ফেলেছেন। ছোসা ও মংথোয়াই বলেন, শামীম ও তাঁর সহযোগী ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও ওই বাড়ির আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক মীর কাশিম আলী বলেন, ‘জঙ্গিরা অনেকের নাম বলেছে। তবে সঠিক ঠিকানা না বলায় জঙ্গি নেটওয়ার্ক চিহ্নিত করা যাচ্ছে না।’ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘গ্রেনেড উদ্ধারের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর মামলাটির তদন্ত চলছে। জঙ্গিরা যাদের নাম বলেছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রোহিঙ্গাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না তা-ও তদন্ত করে দেখা হবে।’